গরিব জেলেদের জন্য বিশেষ নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ ধরে সাগরে মাছ ধরেন বাগেরহাটের রামপাল উপজেলার চাকসিরি গ্রামের আজম হাওলাদার। সাগরে ঝড়ের কবলে পড়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন অনেকবার। হারিয়েছেন নৌকা আর জাল। এর পরও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে বারবার সাগরে যেতে হয় তাঁকে। তবে এখন তিনি মাছ ধরবেন কৃত্রিম উপকরণ ফাইবার গ্লাসে তৈরি বিশেষ এক ধরনের নৌকায়। এ নৌকার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা নেই, তাই জীবনের ঝুঁকিও কম। গতকাল শনিবার ঢাকার সাভারের কর্ণপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে আজম হাওলাদার ছাড়াও বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা, পটুয়াখালীর দশমিনা ও বাউফল, ভোলার দৌলতখান ও তজুমুদ্দিন, বরগুনার বেতাগী, শরীয়তপুরের ভেদরগঞ্জ এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫০ জন প্রান্তিক জেলের মধ্যে প্রথম দফায় এ ধরনের ১০টি নৌকা হস্তান্তর করা হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিনা মূল্যে এসব নৌকা বিতরণ করে। সাভারের তাড়াতাড়ি শিপইয়ার্ড বিশেষ ধরনের এ নৌকাগুলো তৈরি করেছে। দেড় থেকে দুই টনের ধারণক্ষমতাসম্পন্ন নৌকাগুলোর নকশা করেছেনে ফ্রান্সের মার্ক ভ্যান পেটিগেম। প্রতিটি নৌকায় খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা।নৌকাটি ৩০ ফুট লম্বা। এতে রয়েছে ১৬ অশ্বশক্তির ইঞ্জিন, তিনটি জ্বালানি তেলের পাত্র, দুটি বয়া, পাঁচটি লাইফ জ্যাকেট, একটি নোঙর, দুটি বৈঠা, একটি কম্পাস, একটি রেডিও, বাঁশের মাস্তুলসহ একটি কাপড়ের পাল ও একটি দিক নির্দেশনার বাতি। নৌকা হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা জানান, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূমিহীন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ইইউর অর্থায়নে এফএও সহায়তামূলক এ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচিতে ৮২ হাজারেরও বেশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষিকে সহায়তা দেওয়া হবে। এতে বিশেষ করে, মৎস্যচাষিদের বিনা মূল্যে মৎস্য বীজ, মাছের খাবার, সার, চুন, মাছ ধরার নৌকা এবং নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বিশেষ ধরনের এই ১০টি নৌকা বিতরণ করা হয়; পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ৪০টি নৌকা বিতরণ করা হবে, যাতে ২০০ জন জেলে উপকার পাবেন। এতে ভালো ফল পাওয়া গেলে জেলেদের মধ্যে এ ধরনের নৌকা বিতরণ অব্যাহত রাখা হবে।’ এফএওর বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকার্স জেলেদের সতর্কতার সঙ্গে নৌকা ব্যবহারের পরামর্শ দেন। ইইউর কোন ডোচাটু বলেন, দরিদ্র মৎস্যজীবীদের পক্ষে এ নৌকাগুলো কেনা সম্ভব নয়। এ কারণে ইইউ দরিদ্র জেলেদের মধ্যে বিনামূল্যে নৌকা সরবরাহের কর্মসূচি হাতে নিয়েছে। এতে এ দেশের মৎস্য বিভাগেরও উন্নয়ন হবে। তাড়াতাড়ি শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ইভস মার বলেন, ফাইবার গ্লাস দিয়ে তৈরি এসব নৌকা কাঠের নৌকার চেয়ে টেকসই এবং দ্রুতগতি সম্পন্ন; ঝড়ে পড়লেও ডুবে যাবে না; মেরামত ছাড়াই ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত চলবে। অনুষ্ঠান শেষে দুপুরে জেলেরা নিজেদের নৌকা নিয়ে সাভারের বংশী নদী থেকে নিজেদের গন্তব্যে রওনা হয়ে যান।