গরিব মানুষের বিশুদ্ধ পানি গ্রামীণ ভিওলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নের চারপাশে অথই পানি। কিন্তু দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে এলাকার লোকজন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপ অনুযায়ী কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ও পদুয়ার ৮৩ শতাংশ নলকূপে রয়েছে আর্সেনিক। নদীর পানিপ্রবাহ কিছুটা কম থাকায় রোগজীবাণুসহ অন্য জীবাণুর প্রকোপও এখানে কম নয়। আর এ এলাকায়ই গড়ে উঠেছে পানি খাতে বিশ্বের প্রথম সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান গ্রামীণ ভিওলিয়া লিমিটেড।২০০৯ সালে গ্রামীণ ভিওলিয়া লিমিটেড এখানে তার কার্যক্রম শুরু করে। গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস ও ভিওলিয়া ওয়াটার এএমআই (আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারত) লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণ ভিওলিয়া। ২০১২ সালের মধ্যে এক লাখ মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।বিশুদ্ধ পানির সংকটে ভোগা গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নের সাত হাজার পরিবারের একমাত্র ভরসা ছিল হাতে গোনা কয়েকটি আর্সেনিকমুক্ত নলকূপ আর পুকুরের পানি। দূষিত পানি পান করায় গ্রামের মানুষের রোগবালাই ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিশুদ্ধ পানি পান শুরু করার পর গ্রামে রোগবালাই কমেছে বলে জানান স্থানীয় লোকজন।গোয়ালমারী ও পদুয়ায় পানি সরবরাহের জন্য স্থাপন করা হয়েছে ১৯টি পানির কল। প্রতিটি কল পরিচালনার জন্য একজন পানির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এক হাজার টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিতে হয়। গ্রামবাসী ডিলারের কাছ থেকে অগ্রিম ১০ দিনের জন্য ২৫ টাকার কার্ড কিনে নিয়ে যায়। দৈনিক ১০ লিটার পানি নেয় বেশির ভাগ অধিবাসী।দুই হাজার পরিবার এরই মধ্যে পানির কলের আওতায় চলে এসেছে। সামর্থ্যবান দু-তিনটি পরিবারও ঘরে পানির সংযোগ নিয়েছে। এ ক্ষেত্রে তাদের প্রাথমিকভাবে ছয় থেকে ১০ হাজার টাকা খরচ করতে হয়েছে।পানির ডিলার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা সহায়তা দেন। ১০ লিটার পানি গ্রামবাসীর কাছে আড়াই টাকায় বিক্রি করে ডিলার ৫০ পয়সা কমিশন পান। বেশ কয়েকজন ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা পানির কমিশন বাবদ মাসে ৪০০ থেকে ৫০০ টাকা উপার্জন করেন।গ্রামের গরিব মানুষকে কম দামে পানি দিতে আপাতত গ্রামীণ ভিওলিয়াকে প্রতি লিটার পানির জন্য বড় রকমের ভর্তুকি দিতে হচ্ছে। তাই মূল প্রকল্পের পাশে আরেকটি প্রকল্প স্থাপন করা হচ্ছে, যেখান থেকে বড় পাত্র ভরে পানি শহরাঞ্চলে বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে। ওই মুনাফা থেকে গ্রামের মানুষের পানি বিক্রিতে ভর্তুকি দেওয়া হবে।এ বছরের মধ্যে গ্রামীণ ভিওলিয়া বাগেরহাটে পরবর্তী পানি শোধনাগার স্থাপনের পরিকল্পনা করেছে। লবণাক্ততার কারণে সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।কৃষিকাজ ও গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানির বেশির ভাগই গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়। এতে ভূগর্ভের পানি নিচে নেমে যাওয়ায় গ্রামীণ ভিওলিয়া নদীর পানি প্লান্টে পরিশোধন করে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য দেশের অন্যতম আর্সেনিকপ্রবণ এলাকা দাউদকান্দিকে বেছে নেওয়া হয়েছে। ভবিষ্যতে সব প্লান্টের পানি নদী ও বৃষ্টির পানি থেকে সংগ্রহ করা হবে।গোয়ালমারী প্লান্টে বসে কথা হয় ভিওলিয়া ফ্রান্স থেকে আসা প্রকৌশলী ইয়ান বিজিয়েনের সঙ্গে। বিশ্বের অন্য দেশের ভিওলিয়ার প্রকল্পের সঙ্গে গ্রামীণ ভিওলিয়ার পরিচালনা ও কারিগরি দিকের মধ্যে কোনো পার্থক্য আছে কি না, সে বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তিনি জানান, এ প্রকল্পের উদ্দেশ্য গ্রামের গরিব মানুষকে কম দামে বিশুদ্ধ পানি সরবরাহ করা। এখানে দাম ও মান—দুইয়ের মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।উদ্যোক্তারা জানান, পানি সরবরাহের জন্য ব্যবহূত উন্নতমানের পাইপ আনা হয়েছে ভারত থেকে। পানি বিশুদ্ধকরণ যন্ত্র আনা হয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স থেকে। প্লান্টটি ঘণ্টায় ১০ হাজার লিটার পানি পরিশোধন করতে পারে। পানির মান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিডিডিআরবিতে পরীক্ষা করা হয়েছে।গ্রামীণ ভিওলিয়ার লক্ষ্য ছিল গোয়ালমারী ও পদুয়ার সাত হাজার পরিবারের প্রত্যেকে দৈনিক খাওয়া ও রান্নার জন্য ৩০ লিটার পানি কিনবে। কিন্তু এখন পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ অধিবাসী দৈনিক ১০ লিটার করে পানি নিচ্ছে। কুমিল্লার প্রকল্পটি বাণিজ্যিকভাবে সফল করতে আরও ১৫ বছর সময় লাগবে বলে উদ্যোক্তারা ধারণা করছেন।