গরিব শিক্ষার্থীদের গ্রন্থাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই নেই, খাতা নেই। বাড়িতে পড়ার টেবিল নেই, নেই বিদ্যুতের আলো। অথচ আছে পড়ালেখার আগ্রহ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এমন দরিদ্র ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়েছেন চিকিত্সক রেজাউল ইসলাম। তিনি নিজ গ্রাম উপজেলা শহর থেকে আট কিলোমিটার দূরের চাপরাইল ও পার্শ্ববর্তী মল্লিকপুরে দুটি গ্রন্থাগার গড়ে তুলেছেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিজ অর্থে গ্রন্থাগার চালাচ্ছেন। দুটি গ্রন্থাগারে বর্তমানে চাপরাইলসহ পার্শ্ববর্তী ছয়টি গ্রামের শতাধিক দরিদ্র শিক্ষার্থী পড়ালেখা করছে। এখানে পড়াশোনা করে শতাধিক দরিদ্র শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন খ্যাতনামা উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত। বেশ কয়েকজন শিক্ষাজীবন শেষে চাকরিও করছেন।পেছনের কথা: ১৯৮১ সালের কথা। সচ্ছল পরিবারের ছেলে রেজাউল তখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র। কলেজ বন্ধের সময় বাড়িতে বেড়াতে এলে প্রায়ই তিনি দেখতে পেতেন মেধা থাকা সত্ত্বেও গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর ছেলেমেয়েরা কীভাবে ঝরে যাচ্ছে। চিকিত্সক রেজাউল ইসলাম জানান, ওই সময়ই তিনি ভাবেন, হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে। কিন্তু তাঁকে অপেক্ষা করতে হয় নিজের আয়ের সময় পর্যন্ত। গ্রন্থাগার প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে রেজাউল গড়ে তোলেন বাঁচার সংগ্রাম লাইব্রেরি। শুরু হয় তাঁর শিক্ষাদান কার্যক্রম। রেজাউল ইসলাম জানান, তাঁর গ্রামের গ্রন্থাগারে ছেলেমেয়েদের ভিড় ও পড়ালেখার প্রতি আগ্রহ দেখে তিনি মুগ্ধ হন। এরপর ২০০৫ সালে তিনি পার্শ্ববর্তী মল্লিকপুর গ্রামের ঋষিপাড়ায় প্রতিষ্ঠা করেন আরেকটি গ্রন্থাগার। যেখানে ঋষি সম্প্রদায়ের অর্ধশত শিক্ষার্থী পড়াশোনা করছে। যেভাবে শুরু কর্মকাণ্ড: গ্রন্থাগার প্রতিষ্ঠার সময় থেকে রেজাউল ইসলামের সঙ্গে যাঁরা আছেন, তাঁদের একজন চাপরাইল গ্রামের আবদুল হাই। তিনি জানান, রেজাউল হঠাত্ একদিন তাঁর বাড়িতে বেড়াতে এসে গ্রামের হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য কিছু করার মনোভাব ব্যক্ত করেন। রেজাউলের কথা শুনে তিনিও আনন্দ পান। আবদুল হাইয়ের ভাষায়, ডাক্তার তাঁর ইচ্ছা ব্যক্ত করার পর তিনি গ্রামের কিছু মানুষকে একত্র করার ব্যবস্থা করেন। সেখানে উপস্থিত সবাই চিহ্নিত করেন নবম শ্রেণী থেকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীরা অর্থের অভাবে বেশি ঝরে পড়ে। তাই ওই সময়টায় ঝড়ে পড়া রোধে দরিদ্র ছাত্রছাত্রীরা যাতে পড়ার বই, উপযুক্ত পরিবেশ পায়, সে রকম ব্যবস্থা করা যেতে পারে। আবদুল হাই জানান, গ্রন্থাগার প্রতিষ্ঠার সময় রেজাউল ইসলাম এককালীন বেশ কিছু অর্থ দেন। সেই টাকা দিয়ে অবকাঠামো নির্মাণসহ চেয়ার, টেবিল, বেঞ্চ তৈরি করা হয়। কেনা হয় বাই, খাতা। বর্তমানে এই গ্রন্থাগারে শিক্ষার্থীদের জন্য ২০টি বেঞ্চ ও ১০টি করে চেয়ার-টেবিল আছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বই আছে কয়েক সেট। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুতের জন্য আইপিএসের ব্যবস্থা আছে। রাতে শিক্ষার্থীদের ঘুমানোর জায়গাও রয়েছে গ্রন্থাগারে। পাশাপাশি এখানে ছেলেমেয়েদের বিনা মূল্যে পড়ানোরও সুবিধা রয়েছে। চাপরাইল কলেজের শিক্ষক রেদওয়ানুর রহমান ও জিন্নাত আলী শিক্ষার্থীদের কোনো সম্মানী বা অর্থ ছাড়াই পড়ান। গ্রন্থাগারের কর্মকাণ্ড: চাপরাইল গ্রামের গ্রন্থাগারের সার্বিক তত্ত্বাবধানকারী ওই গ্রামের বাসিন্দা চাপরাইল কলেজের প্রভাষক রেদওয়ানুর রহমান জানান, প্রথম বছরেই গ্রন্থাগারে ৩০টি ছেলেমেয়ে পড়ালেখা শুরু করে। এলাকায় ব্যাপক সাড়া ফেলে গ্রন্থাগারটি। চাপরাইলসহ পার্শ্ববর্তী নগর-চাপরাইল, অনুপমপুর, আড়ুয়াশলুয়া, মল্লিকপুর ও বেথুলী গ্রাম থেকে শিক্ষার্থীরা ছুটে আসে গ্রন্থাগারে। এখন ওই এলাকার গরিব শিক্ষার্থীদের বই, পড়ার পরিবেশ ও আলোর জন্য ভাবতে হয় না। বিদ্যুত্ বিল, নতুন চেয়ার-টেবিল তৈরিসহ প্রতিবছর গ্রন্থাগারের পেছনে যা ব্যয় হয়, তা এককালীন দিয়ে যান রেজাউল ইসলাম। আরও টাকা প্রয়োজন হলে তিনি পাঠিয়ে দেন। গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত বছর ঈদে বাড়ি এসে রেজাউল ইসলাম দেখতে পান, তাঁর গ্রন্থাগারে বসার জায়গা নেই। তখন তিনি ছাত্রীদের জন্য পৃথক একটি ঘরের ব্যবস্থা করেন। এখানে পড়ালেখা শেষে রাতে বাড়ি ফিরে যায় মেয়েরা। রেদওয়ানুর রহমান জানান, প্রথম বছর যে ছাত্ররা ‘বাঁচার জন্য সংগ্রামে’ এসে পড়ালেখা করেছে; তাদের মধ্যে চাপরাইল গ্রামের রুহুল কুদ্দুস এখন পূবালী ব্যাংকের কর্মকর্তা। আরও কয়েকজন পড়াশোনা শেষ করে বিভিন্ন পেশায় নেমে পড়েছেন। জিল্লুর রহমান, ইসমাইল হোসেন, মইনুল হাসান, রুহুল করিম, হাসানুজ্জামান, শিউলী খাতুনসহ বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। সেলিম রেজা, নুরুল ইসলাম, আল-আমিনসহ অর্ধশত শিক্ষার্থী দেশের অপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এই গ্রন্থাগারে পড়াশোনা করে গত দুই বছরে এসএসসি পরীক্ষায় আল-আমিন, আবদুস সালাম, সাহাবুদ্দিনসহ সাত-আটজন জিপিএ-৫ পেয়েছে।সরেজমিনে একদিন: সম্প্র্রতি ‘বাঁচার জন্য সংগ্রামে’ গিয়ে দেখা যায়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাকছুদা খাতুন টেবিলে বসে পড়ছে। সে বলে, বাড়িতে বসে পড়ার পরিবেশ নেই, তাই এখানে বসে পড়ালেখা করি। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শামীমা খাতুন এক চা-বিক্রেতার মেয়ে। সেও এই গ্রন্থাগারে পড়ছে। দশম শ্রেণীর ছাত্র বজলুর রহমান জানায়, দরিদ্র বাবার পক্ষে বই কিনে দেওয়া, পড়ার টেবিল কেনা সম্ভব নয়। তাই সে এই গ্রন্থাগারেই পড়ালেখা করে। রাতে ঘুমায় এখানেই। শুধু খাওয়ার জন্য বাড়িতে যায়। আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফল করার আশা প্রকাশ করে বজলুর রহমান। শিক্ষার্থীরা যা বলেন: আবদুস সালাম ও তাঁর ভাই জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সালাম জানান, তাঁর বাবা ফেরি করে গামছা বেচে দিনে ৭০-৮০ টাকা আয় করেন। যা দিয়ে তাদের সংসারই ঠিকমতো চলে না। এইচএসসি পর্যন্ত তাঁদের বই কিনতে হয়নি। খাওয়ার সময় বাদে দুই ভাইয়ের বাকি সময় কেটেছে চাপরাইল গ্রামের গ্রন্থাগারে। আল-আমিন নামের অপর এক শিক্ষার্থী জানান, তাঁর বাবা নসিমন চালান। বাড়িতে একটা মাটির ঘর। সেখানে তাঁর বাবা-মা থাকেন। তাই ‘বাঁচার জন্য সংগ্রামে’ তিনি পড়াশোনা করেছেন, রাতে ঘুমিয়েছেন। আজ তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। প্রতিষ্ঠাতার পরিচিতি: রেজাউল ইসলাম ১৯৫৮ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন চাপরাইল গ্রামে। তাঁর বাবা মৃত আবুল কাশেম মালিতা ছিলেন ব্যবসায়ী। তাঁরা চার ভাই এক বোন। রেজাউল ইসলাম ১৯৭৩ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে পড়ালেখা শেষ করে ১৯৮২ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তিনি দুই সন্তানের জনক। রেজাউল ইসলাম জানান, সামর্থ্য অনুযায়ী তিনি গ্রন্থাগারের কর্মকাণ্ড চালিয়ে যাবেন।