গরিবদের কাছে ব্যাংকের সেবা পৌঁছে দিতে পারলে তা সম্পদের সমতাভিত্তিক বণ্টন হবে : অর্থমন্ত্রী
ইতিবাচক আর্থিক ভবিষ্যত্ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধবিষয়ক বিশ্ব জোট (গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ) ঢাকায় তিন দিনব্যাপী সম্মেলন শুরু করেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে আজ শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সম্মেলনের উদ্বোধন করেন।অর্থমন্ত্রী বলেন, যেসব বঞ্চিত মানুষ ব্যাংকের সেবার বাইরে রয়েছে, তাদের এর আওতায় আনতে হবে। গরিবদের কাছে ব্যাংকের সেবা পৌঁছে দিতে পারলে তা সম্পদের সমতাভিত্তিক বণ্টনে ভূমিকা রাখবে। অর্থমন্ত্রী ব্যাংকিং জোটের নৈতিক মূল্যবোধ মানুষ, মর্ত্য ও মুনাফার পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণ বৃদ্ধির তাগিদ দেন।অর্থমন্ত্রী মতপ্রকাশ করে বলেন, ‘আমার জানামতে, আরও দুটি ব্যাংক এই জোটে অংশ নিতে যাচ্ছে। তবে আমি মনে করি, এর সদস্যসংখ্যা সীমিত থাকা উচিত। তবে জোটের সহযোগী আরও হতে পারে।’এতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ বলেন, নিকট ভবিষ্যতে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামই ব্যাংক খাতের প্রধান অগ্রাধিকার। আবেদ একই সঙ্গে ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধসংক্রান্ত বিশ্ব জোটের যুগ্ম প্রতিষ্ঠাতা।ফজলে হাসান আবেদ বলেন, ‘আমাদের জোটটি হয়তো ছোট। কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ব্র্যাক ‘মিসিং মিডলে’র (ছোট বা বড় কোনো ঋণই যারা ভোগ করতে পারে না) জন্য তৈরি হয়েছিল। অন্য ব্যাংক এখন তাদের অনুসরণ করছে।উদ্বোধন অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।সংবাদ সম্মেলনে শোরব্যাংক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট লুরে জে স্পেনজলার, জিএলএস ব্যাংকের থমাস জোরবার্গ, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী প্রশ্নের জবাব দেন।উল্লেখ্য, গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ নামের এই জোটটি ২০০৮ সালের মে মাসে সুইজারল্যান্ডে গঠিত হয়। বিশ্বের ১১টি ব্যাংকের সমন্বয়ে এই জোট গড়ে উঠেছে। ইতিবাচক আর্থিক ভবিষ্যত্ গড়তে এই জোটের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ, মর্ত্য ও মুনাফা। ঢাকায় এটি তাদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের প্রতিশ্রুতিশীল ব্যাংকের সমন্বয়ে গড়ে উঠা এই জোট বিশ্বব্যাপী একটি টেকসই ব্যাংক খাত গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে।এই জোটে সুইজারল্যান্ডের অলটারনেটিভ ব্যাংক এবিএস, ইতালির ব্যাংকা পোপোলেয়ার এটিকা, নিকারাগুয়ার ব্যানেক্স, বাংলাদেশের ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম, জার্মানির জিএলএস ব্যাংক, ডেনমার্কের মার্কার ব্যাংক, পেরুর মাইব্যাংকো ও ব্যাংকো ডি লা মাইক্রোএমপ্রেসা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ রিসোর্স ব্যাংক, শোরব্যাংক করপোরেশন, নেদারল্যান্ডের ট্রাইডস ব্যাংক এবং মঙ্গোলিয়ার জ্যাকব্যাংক রয়েছে।