গরিবের জন্য প্রতি মাসে একটি মামলা বিনা ফিতে করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতিএকমাত্র বুদ্ধিদীপ্ত এবং সত্ ব্যক্তিদেরই বিচার বিভাগে যোগ দেওয়া উচিত। আমার দুই দশকের বিচারিক জীবনের অভিজ্ঞতায় এটা মনে হয়েছে। একজন বিচারককে চরিত্রবান, সত্, জনগণ এবং সমাজ-সম্পর্কিত আইনের জ্ঞান ও চিন্তাশীল হতে হবে। সর্বোপরি তাঁকে ন্যায়বিচারের আদর্শে উৎসাহিত হতে হবে।সক্রেটিস একজন বিচারকের চারটি যোগ্যতার কথা বলেছেন। মনোযোগ-সহকারে শুনতে হবে, যুক্তিসংগত মন্তব্য দিতে হবে, সংযমী ও আন্তরিকভাবে বিবেচনা করা এবং পক্ষপাতহীন সিদ্ধান্ত নেওয়া। অন্য কথায় বলতে গেলে, বিচারপ্রার্থী পক্ষদের কথা মনোযোগ ও ধৈর্য-সহকারে শুনতে হবে এবং কোনো পূর্ব উদ্দেশ্যমূলক কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।জাতি বিচারকদের উচ্চ স্থানে সম্মানিত করেছে এবং তাঁদের যোগ্যতার প্রতি জনগণ আস্থা রাখে, যাতে তাঁরা কোনো ভয় বা প্রীতির ঊর্ধ্বে থেকে সাংবিধানিকভাবে শপথ নেন। সাধারণ জনগণের আশা পূরণে সাংবিধানিক প্রতিশ্রুতি পালন করা বিচারকের পবিত্র দায়িত্ব। আমরা, বিচার বিভাগের ব্যক্তিদের আদালত এবং আদালতের বাইরে জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করা উচিত এবং যেকোনো সমালোচনার ঊর্ধ্বে আমাদের থাকা উচিত। ঐতিহাসিকভাবেই বিচারকদের আচরণবিধিতে আরোপিত কিছু বিধিনিষেধ আছে।‘আইনের শাসনের যেখানে সমাপ্তি, নৈরাজ্য সেখানে শুরু’ কথাটি প্রায়ই বলা হয়। আইনের শাসন ছাড়া গণতন্ত্র টিকতে পারে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না এবং আইনের শাসন ছাড়া ন্যায়বিচার যেন মরীচিকা।আমাদের গণতন্ত্রের পথ অনেক দীর্ঘ, কষ্টার্জিত এবং রক্তে রঞ্জিত। কষ্টার্জিত বাংলাদেশের গণতন্ত্র এখনো শিশু এবং প্রায়ই নৈরাজ্যের অপঘাতে আহত হয়। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্বের, গণমাধ্যম এবং সুশীল-সমাজের সার্বক্ষণিক নজর থাকা উচিত। আমরা যাঁরা বিচার বিভাগে আছি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র শক্তিশালীকরণে গুরুদায়িত্ব পালন করতে হবে। আমাদের গণতন্ত্র একটি চমত্কার চারাগাছ। এটাকে যত্ন-আত্তিতে মহীরুহে পরিণত করতে হবে, যাতে আমরা এর ছায়ায় নিরাপদ আশ্রয় নিতে পারি। আমার সময়কালে আমাদের লক্ষ্যপথে এগোতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি।একুশ শতকের প্রথম দশক অতিবাহিত হলেও আমরা এখনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এবং অর্থনৈতিক মাপকাঠিতে সর্বসাধারণের জন্য ন্যায়বিচারের পথ সুগম করতে পারিনি। বিচারের দেবী আমাদের থেকে সরে গেছে এবং তার কৃপার দরজাটি গরিব, অসহায়, দুর্দশাগ্রস্ত এবং অক্ষমদের জন্য বন্ধ করে দিয়েছে। এটা সম্ভবত জাতি হিসেবে আমাদের সামগ্রিক একটা লজ্জা।আমি বারের বন্ধুদের প্রতি প্রস্তাব করছি, সুপ্রিম কোর্ট বারের প্রতিটি সদস্য যেন গরিব এবং সুবিধাবঞ্চিত, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী নাগরিক যাঁদের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম হয়নি, তাঁদের জন্য একটি করে মামলা প্রতি মাসে বিনা ফিতে করে দেন। দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য এবং তাঁদের প্রতিকারের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। এখানে তাঁরা তাঁদের অভিযোগের বিষয়ে লিখিতভাবে জানাবেন। বারের ইচ্ছুক সদস্যদের নিবন্ধিত মামলাগুলো থেকে পরিচালনার জন্য নিতে পারবেন এবং এ সুযোগ তাঁদের থাকবে। এটি হবে সম্পূর্ণই স্বতঃপ্রণোদিত এবং স্বেচ্ছাসেবামূলক। প্রধান বিচারপতির কার্যালয় থেকে বার্ষিক আইনজীবীদের নামের তালিকা প্রকাশ করা হবে, যাঁরা এ মহত্ কাজে নিজেকে নিয়োজিত করবেন। যাঁরা বছরে ছয়টি অথবা ছয়ের বেশি এ রকম মামলা পরিচালনা করবেন, তাঁদের প্রধান বিচারপতির কার্যালয় থেকে উৎসাহব্যঞ্জক প্রশংসাপত্র দেওয়া হবে।সুপ্রিম কোর্ট বারে হাজারেরও বেশি সদস্য আছেন এবং প্রতিবছর এ সংখ্যা বাড়ছে। যদি এর ক্ষুদ্র একটি অংশও এ মহত্ কাজে যোগ দেয়, তাহলে দরিদ্রদের বিচারপ্রাপ্তিতে অনেক বড় ধরনের অগ্রগতি অর্জিত হবে এবং এটির একটি শুভসূচনা হবে। এ বিষয়ে একটি কাঠামো ও দীর্ঘস্থায়ী পদ্ধতি গ্রহণের জন্য বারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।দ্রুত এবং ফলপ্রসূ মামলা নিষ্পত্তির ব্যবস্থা আমাদের সম্ভব হয়ে ওঠেনি। ক্রমবর্ধমান নতুন মামলা বিচার বিভাগের ওপর পর্বতসম বোঝা হয়ে যাচ্ছে। দক্ষ বিচারকের সংখ্যা বাড়ানো, তথ্যপ্রযুক্তির বিস্তৃতি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলেও এ সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। বিদ্যমান মামলা ব্যবস্থাপনাকে সহজসাধ্য করতে হবে এবং পদ্ধতিগত ত্রুটিগুলো দূর করতে হবে। উন্নত দেশগুলোয় কার্যকর আদালত ব্যবস্থাপনা এখন বিজ্ঞান হিসেবে গণ্য হচ্ছে এবং এর চর্চা হচ্ছে।আমাদের আদালত ব্যবস্থাপনায় এবং আদালত প্রশাসনে নতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের যথার্থ সময় এসেছে। আমি বেঞ্চ ও বারের উভয়ের প্রতি এ বিষয়ে দৃষ্টিপাতের জন্য অনুরোধ করছি, যাতে বিচারপ্রার্থীদের ভোগান্তি এবং আদালতের ওপর চাপ কমে। এ বিষয়ে সহযোগিতা কামনা করছি।নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথক্করণ আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এ জন্য প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই কিছু নির্দিষ্ট বাধা রয়ে গেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা এ উদ্দেশ্যে সঠিক পথে আছি। প্রাথমিক বাধা সরে গেলে আমি নিশ্চিত, একদিন প্রত্যাশিত গন্তব্যে আমাদের যাত্রা গিয়ে পৌঁছাবে। আমি এ ক্ষেত্রে বলতে চাই, সুপ্রিম কোর্টের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা থাকলে এবং নির্বাহী হস্তক্ষেপমুক্ত স্বাধীন সচিবালয় স্থাপিত হলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে, এ মহিমান্বিত প্রতিষ্ঠান শক্তিশালী হবে।আমি মনে করছি, আমি স্পষ্টভাবে বোঝাতে পেরেছি, আমার সব শক্তি, দৃঢ় ইচ্ছা, জনবল ও কাজের মাধ্যমে আধুনিক, ফলপ্রসূ এবং স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে সক্ষম হব।(৮ ফেব্রুয়ারি ২০১০ প্রধান বিচারপতির দেওয়া ভাষণ থেকে ঈষত্ সংক্ষেপিত )ইংরেজি থেকে অনুবাদ  তানজিম আল ইসলাম