গরিবের সম্পদ রক্ষায় এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি প্রতিক্রিয়া জানিয়েছেন।অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি আগে থেকেই এ শঙ্কা প্রকাশ করে এসেছি। এখন আমার শঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমি অত্যন্ত দুঃখিত যে, এই প্রক্রিয়াকে থামানোর ব্যাপারে আমরা সফল হতে পারিনি। গরিবের মালিকানায় পরিচালিত গরিবের ব্যাংকটি থেকে মালিকানা এবং মালিকানা প্রয়োগের ক্ষমতা থেকে গরিব মালিকদের বঞ্চিত হতে দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি এত মর্মাহত যে, আমি আমার ভাবাবেগ প্রকাশে অক্ষম হয়ে পড়েছি। দেশের যাঁরা আমার মতো মর্মাহত হবেন তাঁদের অনুরোধ করছি, তাঁরা যেন সরকারকে বোঝান যে, এটা অত্যন্ত ভুল কাজ হচ্ছে। এটা থেকে তাঁরা যেন বিরত থাকেন। সরকারের এ সিদ্ধান্ত গরিবের ব্যাংকটি এবং দেশের অত্যন্ত গর্বের ব্যাংকটিকে ধ্বংস করে দেবে। গরিবের সম্পদ এবং দেশের সম্পদ রক্ষার জন্য এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। গ্রামীণ ব্যাংকের গরিব মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন তাঁদের মালিকানা প্রয়োগের অধিকারকে খর্ব না করার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আবেদন জানান।’