গরিবের সেবায় বন্ধু ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্কুলের গণ্ডি পেরোনোর কথা ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের কারণে পরীক্ষা হয় পরের বছর, ১৯৭২ সালে। যশোর শহরের তাঁরা ৬০ জন ওই বছরই ম্যাট্রিক পাস করেন। তারপর কেটে যায় অনেক বছর। সবাই যাঁর যাঁর কাজ, পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই বন্ধুরাই আবার একজোট হন ১০ বছর আগে। গড়ে তোলেন বন্ধু ফোরাম ’৭১। এর মাধ্যমে শুরু করেন গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনা পয়সায় চিকিৎসাসেবা দেওয়া। যশোর পৌরসভার একটি কক্ষে মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকালে ফ্রি ফ্রাইডে ক্লিনিক বা বিনা মূল্যের ক্লিনিক বসিয়ে এই চিকিৎসাসেবা দিচ্ছেন তাঁরা।ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা দেন। পাশাপাশি রোগীর প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে সরবরাহ করা হয়। ২০০০ সালে শুরু করে এ বছরের নভেম্বর পর্যন্ত অন্তত ৩০ হাজার অসহায় মানুষকে সেবা দিয়েছেন তাঁরা। এ ছাড়া তাঁদের ব্যবস্থাপনায় বিনা মূল্যে অস্ত্রোপচারও করা হয়েছে প্রায় ৫০ জন রোগীর।যেভাবে শুরু: ২০০০ সালে যশোর অঞ্চলে বড় রকমের বন্যা হয়। ওই সময় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একাত্তরের ব্যাচের বন্ধুরা জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা ক্যাম্প করেন। সেখান থেকে কিছু ওষুধ বেঁচে যায়। সেগুলো বিতরণের উদ্দেশ্যে ওই বছর শহরের জেস টাওয়ারের বারান্দায় প্রতি শুক্রবার বিনা মূল্যে রোগী দেখে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়।বন্ধু ফোরাম ’৭১-এর সাধারণ সম্পাদক বদরুল আলম জানান, তিন মাস ওই বারান্দায় এ সেবা দেওয়ার পর তৎকালীন পুলিশ সুপার আবদুর রউফের প্রেরণায় যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামানের কাছ থেকে পৌরসভার পুরোনো পৌর ভবনের একটি কক্ষ বরাদ্দ নেওয়া হয়। সেই থেকে ওই সেবাকেন্দ্রে ফ্রি ফ্রাইডে ক্লিনিক বসিয়ে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।সেবাকেন্দ্রে একদিন: গত ২৪ নভেম্বর শহরের মিস্ত্রিখানা (এম কে) সড়কের পাশে পুরোনো পৌর ভবনে গিয়ে দেখা গেছে, ক্লিনিকের সামনে ও বারান্দায় শ দেড়েক নারী, শিশু ও পুরুষের দীর্ঘ লাইন। বারান্দায় লাইনের মাথায় একটি টেবিল-চেয়ারে বন্ধু ফোরামের তোফাজ্জেল হোসেন, আবদুস সেলিম ও আবু জাহিদ রোগীদের নাম নিবন্ধন করছেন। বরাদ্দ করা কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক শেখ আবুল কাসেম, কামরুজ্জামান ও শাহিদুর রহমান রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন। সেই ব্যবস্থাপত্র নিয়ে রোগীরা ওষুধ নিতে পাশের টেবিলে যাচ্ছেন। ব্যবস্থাপত্র দেখে ওষুধ দেওয়ার কাজে ব্যস্ত বদরুল আলম ও রেহানা ডলি। রোগীদের সেবা নিতে কারও সমস্যা হচ্ছে কি না, ঘুরে ঘুরে সেটি দেখার কাজে ব্যস্ত শেখ আকতার হোসেন, মোখলেছুর রহমান দেওয়ান, আজিজুল হক ও আবদুল আজিজ।তহবিল: বন্ধু ফোরামের ৬০ সদস্যের বেশির ভাগ বন্ধু ঈদের জাকাত ও ফিতরার টাকার একটি অংশ ওষুধ কেনার জন্য ক্লিনিকের তহবিলে জমা দেন। এ ছাড়া কমিটির চারজন চিকিৎসক বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে যে নমুনা ওষুধ পান, তা এই ক্লিনিকে জমা দেন। চারজনের ওই নমুনা ওষুধ থেকে রোগীদের ওষুধের শতকরা ১০ ভাগ চাহিদা পূরণ হয়। শুভাকাঙ্ক্ষী ও ফোরামের সদস্যদের স্বজনদের কয়েকজন এ সেবা কার্যক্রমে অনুদান দেন।ব্যবস্থাপনা: কে কতবার সেবা নিতে এল, সে হিসাব রাখা ও ব্যবস্থাপত্র ছাপানোর জন্য রোগীর কাছ থেকে প্রথমবার মাত্র ১৫ টাকা ও পরের প্রতিবার ১০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হয়। মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার ভোর সাতটা থেকে নয়টা পর্যন্ত শহরের পুরোনো পৌর ভবনে ব্যবস্থাপত্রসহ বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের প্রতিবছর দেড় লক্ষাধিক টাকার ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয় বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।ইগের জন্যি বাঁচে গিছি: সদর উপজেলার শেখহাটি থেকে সেবা নিতে আসা জাহানারা বেগম বলেন, ‘কয়েক বছর ধরে গায়ের গিঁটে গিঁটে সাংঘাতিক ব্যথা অতো। ৩০০ টাকা ফি দেওয়ার কথা শুনে ডাক্তারের কাছে যাতি পারিনি। আল্লাহর এক অসিলায় ইগের খবর পালাম। এখানকার ওষুধ খায়ে সুস্থ হয়ে গিছি। ইগের জন্যি বাঁচে গিছি। এখন বাড়ির সবাই এ ক্লিনিকের সিবার পরে নির্ভার করে আছি।’উপজেলার চানপাড়া এলাকা থেকে আসা হাসিনা বেগম বলেন, ‘মেলা দূরি বাড়ি। আগে দুই দিন আইসে ফিরে গিছি। আসতি দেরি হয়ে যাওয়ার জন্যি ডাক্তাররে দেহাতি পারিনি। আজকে সুযোগ পাইছি। ইরা আমাগে খুব উপকার করতেছে।’ফোরামের কথা: ফোরামের সদস্য চিকিৎসক কামরুজ্জামান বলেন, ‘আমরা আত্মপ্রচারও চাই না। সেবামূলক কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থান পাওয়ার তাগিদ থেকে এ কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের বন্ধু দৈনিক রানার-এর (যশোর থেকে প্রকাশিত) সম্পাদক আর এম সাইফুল আলম ১৯৯৮ সালে আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হওয়ার পর একটি আদর্শিক চেতনার জায়গা থেকে আমরা একত্র হই। তারপর বন্যার্তদের পাশে দাঁড়ালাম। স্বাস্থ্যসেবা ক্যাম্প করলাম। শুরু হলো ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সেবা কার্যক্রম। বন্ধুদের মধ্যে আমরা চারজন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দিই। অন্য বন্ধুরা এ কাজে সার্বিক সহযোগিতা করে।’বন্ধু ফোরাম ’৭১-এর সভাপতি চিকিৎসক শেখ আবুল কালাম বলেন, ‘সেবার ব্রত নিয়ে ডাক্তারি পড়তে গেলাম। পাস করলাম। টাকার অভাবে গরিব মানুষ যদি বিনা চিকৎসায় মারা যায়, তাহলে এই পাসের কী দাম?’ঘর নিয়ে বিপদ: বদরুল আলম বলেন, ‘স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় প্রকাশিত পুস্তিকায় বলা আছে, দেশের প্রথম শ্রেণীর পৌরসভার অধীন বিনা মূল্যে সেবা দেওয়ার জন্য দাতব্য চিকিৎসাকেন্দ্র থাকতে হবে। দেড় শ বছর আগে যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হলেও এখানে এ ধরনের একটিও চিকিৎসাকেন্দ্র নেই। এ দায়িত্বই ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে আমরা পালন করে আসছি। অথচ পৌর কর্তৃপক্ষ ঘর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমাদের নোটিশ দিচ্ছে। ঘর নিয়ে আমরা বিপদে আছি। স্থায়ী বন্দোবস্ত না হলে এ সেবার ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। কারণ, বেশি ভাড়ায় ঘর ভাড়া নিয়ে এ সেবা কার্যক্রম চালানো অনেকটাই অসম্ভব হয়ে পড়বে।’তাঁরা যা বলেন: যশোরের ডেপুটি সিভিল সার্জন আবদুল হাই বলেন, ‘এক শুক্রবার ভোরে সেবাকেন্দ্রে গিয়ে দেখি, সেবা নেওয়ার অপেক্ষায় লাইনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। বন্ধু ফোরাম ’৭১ নিঃস্বার্থভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা শুধু চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়েই দায়িত্ব শেষ করছে না। সঙ্গে প্রয়োজনীয় ওষুধও দিচ্ছে।’যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান বলেন, ‘শুরু থেকেই তাঁদের এ উদ্যোগের সঙ্গে ছিলাম। সেবামূলক কার্যক্রম বলেই পুরোনো পৌর ভবনের একটি কক্ষ নামমাত্র ভাড়ায় তাঁদের ব্যবহার করতে দিয়েছি।’