গরু-কুকুর-বিড়াল বাঁচাতেও ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় থাকেন আবদুর রহমান। ঈদের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কোরবানির জন্য হাট থেকে একটি গরু কিনে বাড়ি ফিরছিলেন তিনি। গরুটি হঠাত্ একটি নর্দমায় (ড্রেন) পড়ে যায়। দুশ্চিন্তায় পড়েন আবদুর রহমান। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গরুটি উদ্ধার করেন। চিন্তামুক্ত হন রহমান।মোহাম্মদপুরের ফরিদাবাদ আবাসিক এলাকার আবদুর রহিমের গরুটি আটকা পড়েছিল নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংকে। ঈদের দিন ভোর সাড়ে পাঁচটায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর ও সদর দপ্তরের ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেটি উদ্ধার করেন। নিউ ইস্কাটনের একটি পানির রিজার্ভারে পড়ে যাওয়া আরেকটি গরু উদ্ধার করেন সদর দপ্তরের কর্মীরা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধানমন্ডির একটি বাড়ি থেকে ঈদের পরদিন সন্ধ্যায় একটি শেফার্ড কুকুর উদ্ধার করা হয়। ১২ তলা ভবনের ছাদে দৌড়াদৌড়ি করার সময় লিফটের খালি স্থান দিয়ে কুকুরটি নিচে পড়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই কুকুরের মালিক। কোনো উপায় না দেখে তিনি খবর দেন ফায়ার সার্ভিসে। এরপর পলাশী ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুদ্ধশ্বাস অভিযানে কুকুরটি নিরাপদে উদ্ধার করেন।উদ্ধারের তালিকায় আছে তিনটি বিড়ালও। ধানমন্ডি, নিকেতন ও মিরপুর এলাকায় কার্নিশে আটকা পড়া তিনটি পোষা বিড়াল উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এসব উদ্ধারকাজ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার আকরাম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, কোথাও আগুন লাগলে বা মানুষের যেকোনো বিপদ-আপদে ফায়ার সার্ভিস পাশে থাকে। কিন্তু অনেকেই জানে না, গরু-ছাগল, পোষা বিড়াল, কুকুর বা অন্য যেকোনো প্রাণী বিপদে পড়লেও ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো উদ্ধার করেন।