গরু বদলে দিয়েছে ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের গৃহবধূ জয়নব খাতুনের চোখে এখন খুশির ঝিলিক। বছরখানেক আগে ১২ হাজার টাকায় যে এঁড়ে বাছুর কিনেছিলেন লালনপালনের মাধ্যমে সেটি হয়ে উঠেছিল হূষ্টপুষ্ট এক ষাঁড়। গত কোরবানির হাটে সেই ষাঁড়টি বিক্রি হয়েছে ৪৮ হাজার টাকায়। লাভের টাকা অভাবের সংসারে নিয়ে এসেছে সচ্ছলতা। লালনপালনের জন্য তিনি ইতিমধ্যে আরেকটি এঁড়ে বাছুর কিনেছেন। স্বপ্ন দেখেন, আগামী কোরবানির হাটে এটি বিক্রি করে আরও বেশি লাভ করার। তিনি বলেন, ‘গরু বেচার টাকায় ঋণ শোধ করিছি, সংসারের টুকিটাকি নানা জিনিস করিছি। আশা করত্যাছি এই গরু পাইল্যাই সংসারের সব অভাব দূর করব।’জয়নবের মতো বেড়া উপজেলার অনেক নারী গরু লালনপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছেন। সংসারের কাজের ফাঁকে গরু লালনপালনের মাধ্যমে তাঁরা সংসারে বয়ে আনছেন সচ্ছলতা। তবে এ কাজে দারুণভাবে সহায়তা করছেন তাঁদের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা। সরেজমিনে জানা গেছে, গরু মোটাতাজাকরণ প্রকল্পটি অত্যন্ত লাভজনক হিসেবে দেখা দেওয়ায় বেড়া উপজেলার অনেক মানুষ এতে আগ্রহী হয়ে উঠেছেন। মোটাতাজা করার জন্য উপজেলায় প্রচুর খামার যেমন গড়ে উঠেছে, তেমনি চলছে পারিবারভিত্তিক লালনপালন। মোট সংখ্যার (গরুর) হিসেবে খামারের চেয়ে পরিবারভিত্তিক লালনপালন এগিয়ে আছে অনেক বেশি। উপজেলার অনেক গ্রাম রয়েছে যেখানে এখন প্রতিটি বাড়িতেই গরু লালনপালন করে মোটাতাজা করা হচ্ছে।চরকল্যাণপুর গ্রামের সোহাগী বেগম (৩৩) জানান, নিজের গরু কেনার সামর্থ্য না থাকায় গ্রামের এক ব্যক্তির কাছ থেকে আধি চুক্তিতে টাকা নিয়ে তিন বছর ধরে গরু লালনপালন করছেন। এতে লাভের অর্ধেক দিয়ে দিতে হয় গরুর মালিককে (যাঁর টাকায় গরু কেনা)। এভাবে অর্ধেক দিয়েও গত দুই বছরে প্রতিবছর তাঁর আয় হয়েছে আট থেকে ১০ হাজার টাকা। এ বছর লালনপালন করেছিলেন দুটি গরু। কোরবানির হাটে ওই দুটি ৭৮ হাজার টাকায় বিক্রি করার পর তাঁর ভাগে লাভ টিকেছিল প্রায় ২২ হাজার টাকা। তিনি বলেন, ‘এবার অন্যের টাকায় না কিন্যা নিজের টাকায় গরু কেনব। সামনের বছর গরু বেচার টাকায় ঘরবাড়ি ঠিক করার পর মেয়ে বিয়ে দেওয়ার খরচ জমাবো বইল্যা চিন্ত্যা করিছি।’ বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার শিরীন আক্তার তাঁর গোয়ালের গরুগুলো দেখিয়ে বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে বলা চলে আমার একার ইচ্ছাতে বাড়িতে গরু পালা শুরু করি। এখন এই গরুগুল্যাই আমার সংসারে সুখ আইন্যা দিছে। অসুস্থ স্বামীর চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশোনা, সংসারের খরচ—সব কিছুই এই গরুগুল্যার কল্যাণেই করব্যার পারত্যাছি।’ বেড়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘গরু মোটাতাজা করে বেড়ার অনেক পরিবার সুখের মুখ দেখতে পেয়েছেন। এই পেশার প্রতি পুরুষের পাশাপাশি এলাকার মহিলাদের আগ্রহ বেশি। এ কারণে বেড়ায় মোটাতাজাকরণ প্রকল্প দ্রুত বিস্তার লাভ করছে।