গরুচোর ধরতে গিয়ে এএসআই নিহত
রাজধানীর আগারগাঁওয়ে আজ বৃহস্পতিবার সকালে গরুচোরের একটি দলকে ধরতে গিয়ে শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্যসহ তিনজন। পরে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শেরেবাংলা নগর থানা-পুলিশ জানায়, আগারগাঁও রোড দিয়ে চোরাই গরু নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ছয়টার দিকে আগারগাঁও নিরাপত্তা চৌকিতে দুই পুলিশ সদস্য নিয়ে উপস্থিত হন বেলায়েত হোসেন। গরুচোরের দলটিকে আটক করতে রাস্তায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা রেখে ব্যারিকেড দেন তাঁরা। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি বাসকে থামার সংকেত দিলেও বাসটি না থেমে ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ওই অটোরিকশাটি উড়ে এসে বেলায়েত হোসেনের ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন মো. ইউনুস ও মো. মিজান নামের দুই পুলিশ সদস্য এবং অটোরিকশার চালক আমিনুল। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ওই বাসের ভেতরে পাঁচজন গরুচোর ছিল। পরে পুলিশ বাসসহ সেন্টু নামের এক ব্যক্তিকে আটক করেছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই পুলিশ সদস্যের অবস্থাও আশঙ্কাজনক।