অ্যানথ্রাক্স ঝুঁকির আতঙ্কে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, লোহাগড়া (নড়াইল) ও গৌরনদীর (বরিশাল) বিভিন্ন দোকানে গরুর মাংস বিক্রি বন্ধ হয়ে গেছে। যশোরে গত ১৫ দিনে ১০-১২টি গরু মারা যাওয়ার পর সেখানে অ্যানথ্রাক্স আতঙ্ক বেশি ছড়িয়ে পড়েছে। আমাদের খুলনা ও যশোর অফিস, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, লোহাগড়া (নড়াইল) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধির পাঠানো খবর:খুলনা: প্রায় ৩০০ গরুর মাংসের দোকানে ১৭ সেপ্টেম্বর থেকে মাংস বিক্রি বন্ধ রয়েছে। খুলনা কসাই কল্যাণ দোকান মালিক সমিতির সূত্র জানায়, অ্যানথ্রাক্স আতঙ্কের পর নগরে ৭৫ শতাংশ গরু জবাই কমে গেছে। সমিতির সভাপতি মো. আবু বক্কর সরদার জানান, এ আতঙ্কের আগে প্রতিদিন গড়ে তাঁর দোকানে ২০০ কেজি ও শুক্রবার ৬০০ কেজি করে মাংস বিক্রি হতো। ক্রেতার আগ্রহ না থাকায় লোকসান এড়াতে গত মাংস বিক্রি বন্ধ করেছেন।সমিতির সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন জানান, মানুষের মধ্যে আতঙ্ক থাকায় লবণচরা, নিউমার্কেট, ফারাজীপাড়া, গল্লামারী, নতুন বাজার, শেখপাড়া, মিস্ত্রিপাড়া, শান্তিধান, কমার্স কলেজের সামনে, বাংলাদেশ ব্যাংকের সামনে, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়ীগেট এলাকায় প্রায় ৩০০ দোকানের দরজা বন্ধ রয়েছে। প্রতিটি দোকানে কমপক্ষে তিনজন করে কর্মচারী রয়েছে। সেই হিসেবে নগরে প্রায় হাজারখানেক শ্রমিক-কসাই বেকার হয়ে পড়েছে। আগে প্রতিটি দোকানে গড়ে ২০ কেজি করে মাংস বিক্রি হতো। প্রতি কেজি ২৪০ টাকা দাম হিসেবে নগরের ৩০০ দোকানে প্রতিদিন প্রায় ১২ লাখ টাকার গরুর মাংস বিকিকিনি বন্ধ রয়েছে।যশোর: জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বেনাপোলের বারপোতা গ্রামের আবুল কালাম ও ১৪ সেপ্টেম্বর রাতে হারুন-অর-রশীদের একটি করে গরু মারা যায়। এর আগে রায়পুর গ্রামে আরেক কৃষকের একটি গরু মারা যায়। এ ছাড়া যশোর সদর উপজেলায় পাঁচটি, শার্শা ও মনিরামপুর উপজেলায় দুটি করে মোট ১০টি গরু মারা গেছে।বারপোতা এলাকার কয়েকজন কৃষক জানান, গরু মারা যাওয়ার কারণে গ্রামের মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গরু নিয়ে তাদের বিপদে পড়তে হচ্ছে। সামনে কোরবানির ঈদ, তবুও গরুর দাম নেই। গরু মারা যাওয়ার ভয়ে পানির দামে বিক্রি করতে হচ্ছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, মৃত গরুর মধ্যে ছয়টির নমুনা সংগ্রহ করে অ্যানথ্রাক্স পরীক্ষার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকার গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে, অ্যানথ্রাক্সে নয়, ড্যারেসিওসিস (রক্ত প্রস্রাব), খাদ্যে বিষক্রিয়া ও দুর্বলতার কারণে গরুগুলো মারা গেছে।এদিকে গবাদিপশু পালনকারীরা গরুর প্রতিষেধক টিকার জন্য প্রতিদিন প্রাণিসম্পদ দপ্তরে এসে ভিড় করছেন। কিন্তু টিকা না পেয়ে তাদের ফিরে যেতে হচ্ছে।এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাজী সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘জেলায় অন্তত সাত লাখ গরু রয়েছে। প্রতিটি গরুর ভ্যাকসিন দিতে হলে সাত লাখ ভ্যাকসিনের দরকার। সেখানে মাত্র ৩৫ হাজার গরুর ভ্যাকসিন পাওয়া গেছে। যার জন্য সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।’চুয়াডাঙ্গা: সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দামুড়হুদা সীমান্তে চোরাপথের পাশাপাশি কার্পাসডাঙ্গায় কাস্টমস বিভাগের করিডর হয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় গরু প্রবেশ করছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, করিডর হয়ে আমদানি করা গরু টানা ১৫ দিন পর্যবেক্ষণের পর দেশের অভ্যন্তরে প্রবেশের কথা থাকলেও একটি দিনের জন্যও তা মানা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, কার্পাসডাঙ্গা কাস্টমস করিডরে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ওয়ালিউর রহমান দীর্ঘদিন ধরে অফিসে আসেন না। সিপাহি আব্দুস সালাম ও পাহারাদার আশরাফুল হক নিজেদের ইচ্ছেমতো অফিস খোলেন ও বন্ধ করেন। জরুরি অবস্থার মধ্যেও ১৮ সেপ্টেম্বর ওই অফিস বন্ধ পাওয়া গেছে। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ওই পরিদর্শককে পাওয়া যায়নি। ভেটেরিনারি সার্জন আনোয়ার হোসেন বলেন, ‘এলাকায় অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো গরুর খবর পাওয়া যায়নি। তবে চোরাপথে বা করিডর হয়ে গরু আমদানি বন্ধ না হলে, পরিস্থিতি ভয়াবহ রূপধারণ করতে পারে। ঝালকাঠি: অ্যানথ্রাক্স (তর্কা) মুক্ত রাখার জন্য টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে প্রাণিসম্পদ বিভাগ। প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘এ পর্যন্ত জেলায় ২২ হাজার গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধক টিকা ও কৃমি প্রতিরোধক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠ পর্যায়ে এ কর্মসূচির তদারকি করছেন।’২০ সেপ্টেম্বর সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের হাজেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ বিভাগ ক্যাম্প করে শতাধিক গবাদিপশুকে টিকা দিয়েছে।লোহাগড়া (নড়াইল): লোহাগড়া উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের কাঠ ব্যবসায়ী রেজাউল মোল্লাকে (৩৫) অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সন্দেহে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে জনমনে দেখা দেয় আতঙ্ক। কিন্তু এ হাসপাতালে অ্যানথ্রাক্স রোগ নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী না বলে শনাক্ত হয়।লোহাগড়া বাজারের মাংস বিক্রেতা গোলাম মোস্তফা জানান, বর্তমানে গরু-ছাগলের মাংস বিক্রি কমে গেছে। আগে লোহাগড়া জবাইখানায় দিনে ১০-১২টি গরু জবাই হয়েছে, এখন দু-একটি জবাই হচ্ছে। ডিম বিক্রেতা আবুল খায়ের জানান, মাংস বিক্রি কমে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। তাই ২৪-২৫ টাকা প্রতি হালি ডিম এখন ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতা সাগর বিশ্বাস ও হুরি বেগম জানান, ঈদের সময় ২০০ টাকা কেজি দামের দেশি মুরগি ৩০০ টাকা ও ১৩০ টাকা কেজি দামের পোলট্রি মুরগি ২০০ টাকায় বিক্রি হয়েছে।এদিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে দুটি চিকিৎসক পদই শূন্য। মাঠ সহকারীর মাত্র দুটি পদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমলেন্দু ঘোষ ২০০৭ সালের মার্চ মাস থেকে প্রেষণে অন্যত্র রয়েছেন এবং ভেটেরিনারি সার্জন তপনেশ্বর রায় গত এপ্রিল মাসে বদলি হওয়ার পর থেকে এ পদ শূন্য রয়েছে। নড়াইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পিযূষ কান্তি ঘোষ লোহাগড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে আছেন।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশু জবাই, মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তি এবং আক্রান্ত মাংস খেলে শরীরে অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারে। তবে লোহাগড়ায় এ বিষয়ের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। আক্রান্ত রোগী চিকিৎসা নিলে সাধারণত দুই মাসের মধ্যে আরোগ্য লাভ করে। অ্যানথ্রাক্স সংক্রামকব্যাধি নয়, মরণব্যাধিও নয়। এর চিকিৎসা সহজ ও প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য।গৌরনদী (বরিশাল): বরিশাল জেলায় প্রথম গৌরনদীতে ১৭ সেপ্টেম্বর রনি কাজি নামের এক যুবকের অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে ৬০ হাজার ৫৯৩টি গবাদিপশু (গরু) রয়েছে। অ্যানথ্রাক্স ভ্যাকসিনের চাহিদা রয়েছে দুই হাজার। সরকারিভাবে ১৫ সেপ্টেম্বর বরাদ্দ পাওয়া গেছে ৫০০ ভ্যাকসিন, যা চাহিদার তুলনায় খুবই কম। ১৮ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে কাউকে পাওয়া যায়নি। এ সময় উপজেলার কটকস্থল গ্রাম থেকে আসা কালাম সরদারের স্ত্রী সাহিদা বেগম (৩৮) বলেন, ‘সকালে আমার একটি বকনা বাছুরের কাঁপানি রোগ দেখে অ্যানথ্রাক্স আতঙ্কে ভ্যানযোগে বাছুরটি নিয়ে হাসপাতালে এসেছি। দুই ঘণ্টা অপেক্ষা করার পরও হাসপাতালের কাউকে না পেয়ে এখন অসুস্থ বাছুর নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি।’ একই ধরনের কথা জানান উপজেলার দিয়াশুর গ্রাম থেকে আসা আব্বাস আলীর স্ত্রী সাবিনা ইয়াসমিন, ধানডোবা গ্রাম থেকে আসা কদম আলী সরদার, চেংগুটিয়া গ্রামের ফার্মের মালিক মনির হোসেনসহ কয়েকজন।বাটাজোর গ্রামের গণি হাওলাদার অভিযোগ করেন, ভ্যাকসিনের সংকটের অজুহাত দেখিয়ে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ড মো. মতিউর রহমান তাঁর কাছ থেকে ২০০ টাকা নিয়েছেন।গোরক্ষডোবা গ্রামের মতলেব মাঝি, সরিকল গ্রামের সোহরাব হোসেন, নলচিরা গ্রামের লিয়াতকসহ অনেকেই অভিযোগ করেন, তাঁদের এলাকার বিভিন্ন হাটবাজারে পরীক্ষা ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। পৌর এলাকার বাসিন্দা বদরুজ্জামান খান বলেন, স্থানীয় মাংস ব্যবসায়ীরা প্রাণিসম্পদ বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজশে নামমাত্র সনদ নিলেও একই সনদ দেখিয়ে পরীক্ষা ছাড়া একাধিক গরু জবাই করে বিক্রি করছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ‘একজন ভেটেরিনারি সার্জনের পক্ষে গোটা উপজেলার তদারকি করা সম্ভব নয়। আমি উপজেলার তালিকাভুক্ত মাংস ব্যবসায়ীদের গরু জবাইয়ের আগে সনদ নেওয়ার জন্য নোটিশ দিয়েছি। মাংস ব্যবসায়ীরা না এলে আমার কী করার আছে? এ ব্যাপারে পুলিশ প্রশাসনের তৎপর হওয়া উচিত।’ হাসপাতালে কেউ না থাকা প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ‘হাসপাতালের অন্য স্টাফদের থাকার কথা ছিল। আমি অফিসের কাজে বাইরে ছিলাম।’