গরুর মাংসের বিক্রি কমেছে কমলগঞ্জ ও বিয়ানীবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স আতঙ্কে কমলগঞ্জের হাট-বাজারে গরুর মাংসের বিক্রি কমে গেছে। এ ছাড়া একটি গরু জবাই করে এর মাংস চার দিনে বিক্রির অভিযোগ উঠেছে।১৫ সেপ্টেম্বর শমশেরনগর বাজারের মাংস বিক্রেতা হারুন মিয়া, লুন্দর মিয়া ও উমেদ মিয়া জানান, আগে প্রতি হাটের দিন কমপক্ষে দুটি বড় গরু জবাই করে মাংস বিক্রি করতেন। এখন হাটের দিন একটি গরু জবাই করে মাংস বিক্রি করা কষ্টকর হচ্ছে। বাজারে আসা ক্রেতা হাবিব মিয়া, ছলিম উদ্দিনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, ঈদুল ফিতরের আগে একটি গরু জবাই করে বিক্রেতারা তিন থেকে চার দিনে এর মাংস বিক্রি করেছেন।এ অভিযোগ সম্পর্কে মাংস বিক্রেতা হারুন মিয়া ও লুন্দর মিয়া বলেন, ঈদের আগে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁরা সুস্থ গরু জবাই করেছিলেন। জবাই করা গরুর মাংস এক দিনেই বিক্রি করা হয়েছিল। তাঁরা তিন-চার দিনের পুরোনো কোনো মাংস বিক্রি করেননি বলে জানান। হারুন মিয়া কমলগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার পক্ষে একজন মাঠকর্মীর সিল-স্বাক্ষরসহ কাগজ দেখিয়ে জানান, তাঁর উপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ গরু জবাই করেছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, অ্যানথ্রাক্স আতঙ্কে হাট-বাজারে গরুর মাংসের বিক্রি কমে গেছে। তা ছাড়া একটি জবাই করা গরুর মাংস চার দিনে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাননি। তার পরও বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মেহেদী হাসান অ্যানথ্রাক্স আতঙ্কের কথা স্বীকার করে বলেন, কমলগঞ্জ উপজেলার কোথাও অ্যানথ্রাক্স আক্রান্ত গরু বা রোগী নেই। কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে অ্যানথ্রাক্সের এক হাজার ৫০০ ভ্যাকসিন এসেছে।বিয়ানীবাজার প্রতিনিধি জানান, কোরবানির ঈদ ছাড়াও প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে বিক্রি হয় গরুর মাংস। কিন্তু অ্যানথ্রাক্স আতঙ্কে এবার ঈদে কোনো গ্রামের মানুষই গরুর মাংস খেতে চায়নি।বিয়ানীবাজারের দাসউরা গ্রামের মাংস ব্যবসায়ী জয়নুল ইসলাম জানান, ‘আগে ঈদে চার থেকে পাঁচটি গরু জবাই করতে হতো। এবার অ্যানথ্রাক্স আতঙ্কে গরুর মাংস খেতে চায়নি আমাদের নিয়মিত ক্রেতারা। তাই গরু কিনলেও জবাই করতে সাহস পাইনি।’নিদনপুরের গরুর ব্যাপারী আবদুশ শুকুর বলেন, ‘রমজান মাসে এক গাড়ি গরু আনছিলাম। একটা গরুও বেচতাম পারছি না, ইলা থাখলে তো আনা খাইয়া মরা লাগব।’উপজেলা পশুসম্পদ কর্মকর্তা হাসান আলী বলেন, সিলেট বিভাগের কোথাও এখন পর্যন্ত গরুর মধ্যে অ্যানথ্রাক্স ধরা পড়েনি, অ্যানথ্রাক্স প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে। লোকবল সংকটের কারণে গরুর হাটে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তবে জবাই করার আগে পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ সালাম বলেন, বিয়ানীবাজারে এ পর্যন্ত অ্যানথ্রাক্স আক্রান্ত গরু পাওয়া যায়নি। তাই এ রোগে আক্রান্ত রোগীও নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে বলেন, ‘অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য হাটগুলোতে গিয়ে পরীক্ষা ছাড়া গরু জবাই না করার জন্য বলে এসেছি।’