গরুর শিং দেখলেই বুক ঢিবঢিব করত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা গোপন কথা বলে রাখি, আমি ছেলেবেলায় বেশ ভিতু ছিলাম! রাজহাঁস কিংবা ছোট্ট বাচ্চাওয়ালা মা-মুরগির ছায়াও মাড়াতাম না। কুকুর দেখলে তো এক শ হাত দূরে! বিড়াল প্রাণীটির সঙ্গেও বিশেষ খাতির হয়নি কখনো। আর গরুর কথা কী বলব, শিংজোড়া দেখলেই তো আমার বুক ঢিবঢিব করত, গলা যেত শুকিয়ে। এখন যে সেই পশু-পাখিভীতি কেটেছে, তা নয়। তাই আমার কোরবানির হাটে যাওয়ার অভিজ্ঞতার ঝুলিটি একেবারেই শূন্য। আব্বুই গরু কিনে আনতেন। কিনে আনতেন বললে ভুল হয়, কারণ আমাদের ছোট শহর মাগুরায় আব্বুকে সবাই খুব ভালো করেই চিনত। তাই কোরবানির ঈদের আগে আগে ভালো কোনো গরুর খোঁজ পেলেই এলাকার লোকজন আব্বুকে খবর দিয়ে যেত, ‘ভাই, অমুক জায়গায় একটা ভালো গরু আছে, দেখবেন নাকি একবার?’ আব্বুও আর গরুর হাটের ঝক্কি-ঝামেলায় যেতেন না। খবরের সূত্র ধরে গেরস্থদের কাছ থেকেই গরু কিনে আনতেন।বাড়িতে গরু এলে স্বাভাবিকভাবেই খানিকটা কৌতূহল হতো। কৌতূহল নিবৃত্ত করতাম দূর থেকে দেখেই। তবে আমার মা বলছিলেন, গরুগুলোকে খাবার খাওয়াতাম আমি। পরে মনে পড়ল, হ্যাঁ, বাড়িতে যে কাঁঠালগাছ ছিল, সেখান থেকে পাতা এনে গরুকে খাইয়েছি কখনো-সখনো। সে সময় সঙ্গী হিসেবে থাকত আমার ছোট বোন। এটা ঠিক, ছেলেবেলার প্রতিটি ঈদে দারুণ মজা হতো। এখনো তেমনটাই হয়। তবে ছেলেবেলার আনন্দের সঙ্গে তো কোনো কিছুর তুলনা চলে না। ব্যাপক হইচই করতাম। বন্ধুরা আসত বাড়িতে। আমিও ওদের বাড়ি বাড়ি ঘুরতাম। আর সকালে নামাজ পড়ে এসেই সবাইকে সালাম করা, সেলামি নেওয়া—এসব তো ছিলই। ঈদের দিন দুটি জায়গায় যাওয়া অবশ্যপালনীয় ছিল—এক. ফুপুর বাড়ি এবং দুই. নানাবাড়ি। আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমার ফুপুরা থাকেন। হুট বললেই সেখানে চলে যাওয়া যায়। আর নানাবাড়ি শহর থেকে খানিকটা দূরে, বারাশিয়া গ্রামে। সেখানেও খুব মজা হতো। ভাইবোনেরা সব একসঙ্গে হতাম। বিকেএসপিতে ভর্তি হওয়ার পর ঈদের মাত্র দুই দিন আগে বাড়ি যাওয়া হতো। তাই ঈদের আগে আগে খুব ছটফট করতাম—কবে যাব বাড়ি! কবে মায়ের হাতের রান্না খাব! বাড়িতে থাকতে খুব কম সময়ই নিজের হাতে ভাত খেয়েছি। সব সময় মা-ই খাইয়ে দিতেন। এখনো বাড়িতে গেলে নিজের হাতে খাই না আমি। মা আছেন না! ঈদের দিনের কষ্টের স্মৃতিও আছে। দেশের বাইরে খেলতে গিয়ে দুটি ঈদ পরিবারবিহীন কাটাতে হয়েছিল আমাকে। যদিও সতীর্থরা সঙ্গে ছিল, তার পরও কী যে মন খারাপ হয়েছিল তখন, বলার মতো নয়! বারবার দেশের কথা, মায়ের কথা মনে পড়ছিল। তখন খুব গভীরভাবে উৎসব-আনন্দের তাৎপর্য উপলব্ধি করেছিলাম। এবার অবশ্য আর কিছুদিন বাদেই বাড়ি যাচ্ছি, এটা ভেবেই দারুণ আনন্দ হচ্ছে![অনুলিখিত]