গরুর সঙ্গে পাল্লা দিয়ে ছুটতাম
আমার মনে আছে, ঈদুল আজহার সময় ক্লাস সিক্স থেকে গরুর হাটে যেতাম গরু কিনতে। আমরা পাঁচ ভাই। সবার মধ্যে আমি ছোট। আব্বা আমাকে হাত ধরে নিয়ে যেতেন। মনে হলো এটাই যেন আমার কাছে ঈদের বিশাল আনন্দ। গরু দেখলেই বলতাম, আব্বা এইটা নিই। আব্বা হাসতেন, বলতেন, আরে দাঁড়া, আগে দেখে নিই। ভাইয়েরা সবাই গিয়ে গরু দেখতেন। কিন্তু গরু যেন আর কেনা হয় না। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে। খিদেয় পেট চোঁ চোঁ করে। হাটের পাশেই রকমারি খাবার পাওয়া যেত। তা দিয়েই খিদে দূর করতাম। তারপর দেখা গেল গরু পছন্দ হয়েছে। গরু যখন হাট থেকে বের করা হলো, তখন আমার খুব ইচ্ছা করত, গরুর রশিটা এক হাতে ধরব। কিন্তু আমি ছোট বলে আমাকে কেউই রশিটা ধরতে দিত না। এ নিয়ে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। তখন আব্বা আমাকে বোঝানোর চেষ্টা করলেন, গরু দৌড় মারতে পারে। কিন্তু কিছুতেই কান্না আমার থামে না। আব্বা তখন একটি ছাগল কিনে দিলেন। সেই ছাগলের রশি ধরে মনের আনন্দে বাড়ি ফিরলাম।এ তো গেল শৈশবে গরুর হাটে যাওয়ার কাহিনি।দুই বছর আগের ঈদুল আজহার কথা বলি। ঈদের মাত্র তিন দিন আগের কথা। ঘুম থেকে উঠে ঠিক করলাম নিজেই গরুর হাটে চলে যাব। সঙ্গে আমি আমার এক ভাতিজাকে নিলাম। তারপর প্রথমে গেলাম মোহাম্মদপুরে এক গরুর হাটে। গাড়ি থেকে নামতেই বিপত্তি দেখা দিল। দালালেরা দৌড়ে এল। সবাই আমাকে বিশাল আকৃতির সব গরুর কাছে নিয়ে যেতে লাগল। গরুর হাটে তো এমনিতেই ভীষণ ভিড় থাকে। তার ওপর দিনের বেলা যখন আমি গিয়ে পৌঁছালাম, তখন দালালদের হইহুল্লোড়ের কারণে চারপাশে মানুষের ভিড় জমে গেল। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একদম গরুর পালের মাঝে। মানুষ আমাকেও দেখছে, আবার গরুও দেখছে। একটা সময় মনে হলো, এই গরুর হাটে আর গরু কেনা হবে না। সেখান থেকে কোনো রকমে বেরিয়ে এলাম। সঙ্গে ছিল আমার এক ভাতিজা। ওকে বললাম, ‘গ্রামের হাটে গরু কেনা সহজ। এখানে তো মানুষ গরু কিনবে না, আমাকে দেখবে। ভাতিজা হাসে।’এবার গেলাম কারওয়ান বাজার হাটে। সিদ্ধান্ত নিলাম, বেশি দরদাম করা যাবে না। এবার গরুর হাটে ঢুকেই একটা গরুর কাছে গিয়ে ব্যাপারিকে বললাম, কী ব্যাপারি, গরু কোথাকার? ব্যাপারি হেসে বলেন, ভাইজান রে...আরে আপনি চইলা আইছেন। আমি দেখলাম, এ লোক তো দাম হাঁকাবে। সরাসরি বললাম, এক দাম বলবা, পছন্দ হলে নেব, না হলে চলে যাব। ব্যাপারি থতমত খেয়ে গেলেন। চিন্তা করলেন, বেশি দাম বললে যদি আমি না নিই। তাই বিক্রির জন্য মানানসই একটা দাম বললেন। আমি বললাম, গরু দিয়ে আসতে হবে। বলেই গরুর রশিটা হাতে নিলাম। তারপর মানুষের উদ্দেশে বললাম, এই গরু, গরু আসছে। ব্যস। গরুর হাটে আসা আগাম মানুষজন কেউ কেউ ভড়কে গেলেন, আবার কেউ কেউ বিশ্বাসই করতে চাইছিলেন না যে আমি গরু কিনতে আসতে পারি। এর মধ্যে আবার বিপত্তি হলো, অটোগ্রাফ দিতে হবে। কিন্তু থামার তো সময় নেই, মানুষ না হয় আমাকে চেনে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো গরুর গুঁতো খেতে হবে। তাই কোনো দিকে না তাকিয়ে গরুর সঙ্গে পাল্লা দিয়ে ছুটলাম। হাসিলের টাকা জমা দিয়ে এবারে ভাতিজা আর গরুর ব্যাপারির হাতে গরু ধরিয়ে দিয়ে একটা রিকশা নিলাম। তখন সূর্যের আলো কমে আসছে। অনেক দিন ঢাকা শহরে রিকশায় চলাফেরা করি না। গরুর আগে আগে রিকশায় করে বাসার দিকে রওনা হলাম। এবারে শুরু হলো মানুষের প্রশ্নের উত্তর দেওয়া। ভাই, গরু কত দিয়ে কিনলেন। বললাম, ভাই, আমার যেটুকু সাধ্য আছে, ততটুকু দিয়েই কিনলাম। কিছু দূর যাওয়ার পর আবার একই রকম প্রশ্ন? এবারে বললাম, বাজারের চাহিদা অনুযায়ী ন্যায্য দামেই কিনলাম। মনে হলো ভদ্রলোক খুশি হতে পারেননি। এভাবেই মজা করতে করতে বাসায় এলাম। বাসার সবাই দেখলেন। এ আসলে অনেক বড় আনন্দ। হঠাৎ দেখলাম, আমার মেয়ে পুষ্পির (পুষ্পিতা হাসান) ইচ্ছা গরুর কাছে যাওয়ার, গরুর রশিটা ধরার। তখন ছোটবেলার কথা মনে হলো। আমারও ইচ্ছা করেছে এমন। গরু ছুটে যাওয়ার আশঙ্কা থেকেই গরুর রশিটা আমাকে ধরতে দেওয়া হয়নি। তখন আমি কোরবানির জন্য একটা ছাগল কিনতে বেরিয়ে গেলাম। বাসায় এসে বললাম, পুষ্পি, গরুর সঙ্গে একটা ছাগলও কোরবানি দেওয়া হবে। পুষ্পি দৌড়ে নিচে নেমে এল। মেয়ে আমার দিনভর ছাগলের পরিচর্যা করে। কাঁঠাল পাতা খাওয়ায়। তারপর ঈদের দিন কোরবানি দেওয়া হলো পশু দুটিকে।এর পর থেকে আর কোরবানির পশু কেনার জন্য হাটে যাওয়া হয় না। আমার অফিসের লোকজন কিনে আনে। কিন্তু মন খুবই যেতে চায়। ইচ্ছা করে গরুর শরীরে হাত দিয়ে চামড়া দেখে, গরুর আকার দেখে নিজেই কিনে আনি। কিন্তু ওই যে বললাম, নিজেও বিব্রত হই, গরুর হাট কর্তৃপক্ষও বিপাকে পড়ে, তাই আর যাওয়া হয় না। [অনুলিখিত]