গর্তের পানিতে কই মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আরাকান সড়কের বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার অংশ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল রোববার সকালে এই কর্মসূচির মধ্যে সড়কে সৃষ্ট বড় বড় গর্তের পানিতে কই মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেছেন তাঁরা।যাত্রীসেবা পরিবহন মালিক সমিতি, চট্টগ্রামের ব্যানারে গতকাল এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। গতকাল মানববন্ধন চলাকালে ওই সড়ক দিয়ে গাড়িবহর নিয়ে যান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় স্থানীয় লোকজন হাত উঁচিয়ে তাঁদের কাছে সড়ক সংস্কারের দাবি জানান। গতকাল সরেজমিন দেখা যায়, বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কজুড়ে বড় বড় গর্ত। অনেক জায়গায় ইট-পাথরের কোনো অস্তিত্ব নেই। মৌলভী পুকুরপাড় থেকে বাহির সিগন্যাল পর্যন্ত অংশে সড়কের দুই পাশে সম্প্র্রসারণের জন্য কেটে রাখা গর্তে পানি জমে আছে। এই অংশের পুরোটাই বেহাল। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘আগেও প্রতিবাদ করে রাস্তায় ধানের চারা লাগিয়েছিলাম। এই রাস্তা দিয়ে সাংসদ, মন্ত্রী, সরকারি কর্মকর্তারা নিয়মিত চলাচল করেন। কিন্তু দুই বছরেও রাস্তা সংস্কার হলো না। তাই প্রতিবাদস্বরূপ আমরা সড়কের গর্তে জমে থাকা পানিতে কই মাছ ছাড়লাম।’যাত্রীসেবা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানববন্ধন শেষে প্রথম আলোকে বলেন, ‘আরাকান সড়কে প্রতিনিয়ত গাড়ি নষ্ট হয়। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। সিডিএ চেয়ারম্যানের সঙ্গেও আমরা দেখা করেছি। তিনি বলেছেন, বিধি মোতাবেক কাজ চলছে।’ সিডিএর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সিডিএ গত এপ্রিলে প্রকল্পের কাজে হাত দেয়। এর আগে দেড় বছর সিটি করপোরেশনের অধীনে সড়কটি ছিল। করপোরেশনের ব্যর্থতার দায় সিডিএ কেন নেবে? সিডিএ আগামী জুনের মধ্যে সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ শেষ করে যান চলাচলের উপযোগী করে তুলবে। এ জন্য একটু ধৈর্য ধরা দরকার।