গর্বিত সাক্ষর মাতৃভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম। প্রধানত মৎস্যজীবী-অধ্যুষিত গ্রামটি এই বাংলার আরও অনেক গ্রামের মতোই। সবুজে-শ্যামলে, নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর। জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নের আগে আমরা কয়েকজন গিয়েছিলাম সেই সুদূর নিভৃত পল্লির জনমানুষের সঙ্গে আলাপ করতে। উদ্দেশ্য, তাদেরই মুখ থেকে এ দেশের শিক্ষা নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানা, কী করে তাদের সন্তান ও পরিবারের সবার শিক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে তাদের চিন্তাভাবনাগুলো জেনে নেওয়া। আমাদের অনেক বন্ধুবান্ধব বিষয়টি জেনে মন্তব্য করলেন, ‘এত বড় বড় পণ্ডিত-শিক্ষাবিদ এত পথ বাতলে দিচ্ছেন, পরিকল্পনাবিদেরা এত দলিল-দস্তাবেজ তৈরি করছেন, শিক্ষার উন্নয়নে নানামুখী নির্দেশনা আসছে নীতিনির্ধারকদের কাছ থেকে—তোমরা কী করে ভাবলে বেশির ভাগ ক্ষেত্রে লেখাপড়া না-জানা এ সব মানুষ শিক্ষার ব্যাপারে তোমাদের পরামর্শ দিতে পারবে?’এমন বক্তব্য, মন্তব্যে অবাক হইনি। এ ধরনের কাজে পিছু টানার মানুষের অভাব নেই এ দেশে। তবে গ্রামগঞ্জে সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার সুবাদে নিশ্চিত জানতাম, আমাদের পোড় খাওয়া, সংগ্রামী মানুষ প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে বসবাস করে, শিক্ষার সুযোগ প্রায় পায় না, অস্বাস্থ্য আর অপুষ্টি তাদের নিত্যসঙ্গী। বন্যা-খরা, ঝড়-ঝঞ্ঝার সঙ্গে জীবন বাজি রেখে দিন যাপন করতে হয় তাদের। কিন্তু সংগ্রামী জীবন তাদের শুধু পরিশ্রমীই করে না, সহিষ্ণু হতেই শুধু শেখায় না—কঠোর বাস্তবতার মধ্যে পথচলার দিকনির্দেশনা দেওয়ার সহজাত বোধ আছে এই মানুষগুলোর।গ্রামের মোটামুটি সম্পন্ন এক গৃহস্থবাড়ির আঙিনায় বসে নানা বয়সী মহিলাদের সঙ্গে বৈঠক জমে উঠল। আবিষ্কার করলাম, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহের কমতি নেই কারও। কিছুটা দূরে হওয়ায় মেঠোপথ, সাঁকো পেরিয়ে শিশুদের স্কুলে পাঠাতে মায়েরা একটু দ্বিধাগ্রস্ত থাকেন। আলাপচারিতায় উঠে এল, তাদের বেশির ভাগই কোনো শহরে যাননি, সেখানকার কোনো ধরনের স্কুল সম্পর্কে তাদের তেমন ধারণা নেই, তবে সবাই এক বাক্যে জানালেন, এখানকার স্কুলের অবস্থা বেশি ভালো নয়, ছেলেমেয়েরা পাঁচ বছর পড়ালেখা করেও একটা চিঠি লিখে দিতে পারে না। সবিনয়ে জানতে চাইলাম, শিক্ষানীতি প্রণয়ন কমিটি প্রথম শ্রেণী থেকেই বাংলার সঙ্গে আবশ্যিক বিষয় হিসেবে ইংরেজিও রাখতে চাচ্ছে, তাতে তাদের কোনো অসুবিধা হবে কি না। তিন-চার বছরের একটি সন্তান কোলে নিয়ে উঠানে বসা এক মায়ের সপ্রতিভ জিজ্ঞাসা, ‘আপনাগো ছাওয়ালরা যদি ইংরেজি শিখতে পারে, তাইলে আমাগো পোলাপান কী দোষ করছে?’এই তো বাংলাদেশের গণমানুষের প্রত্যাশার চিত্র, চাহিদার বহিঃপ্রকাশ। এশিয়া-আফ্রিকার অনেক অনুন্নত দেশ এই নিরীখে আমাদের চেয়ে পিছিয়ে আছে; শিক্ষার জন্য জনগোষ্ঠীর চাহিদা তৈরিতে এখনো তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। তবে আমাদের সংগ্রামী মানুষ শিক্ষার চাহিদা অন্তরে ধারণ করেছে ঠিকই, কিন্তু তাদের সেই চাহিদা পূরণের প্রয়োজনীয় রসদ এখনো পূর্ণাঙ্গভাবে জোগাতে পারিনি আমরা। গবেষকেরা বলছেন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্থানসংকুলান হয় না, শিক্ষার্থীসংখ্যার চাপে শিক্ষকেরা হিমশিম খেয়ে যান। তথ্যচিত্রে দেখা যায়, স্বাধীনতা-পরবর্তী চার দশকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ভর্তির হার বেড়েছে চার গুণ, তবে শিক্ষকের সংখ্যা বেড়েছে মাত্র দ্বিগুণ! ঝরে পড়ার বিশাল সমস্যা আছে, তার সঙ্গে শিক্ষার মান নিয়ে আছে প্রশ্ন। শিক্ষার নিম্নমানের সঙ্গে যেমন প্রশ্ন ওঠে শিক্ষকদের দক্ষতা নিয়ে, তেমনি তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার অপ্রতুলতা জাতি হিসেবে আমাদের লজ্জা দেয়। মানুষ গড়ার কারিগরেরাই যদি অবহেলিত, অবমূল্যায়িত থাকেন, তবে মানবসম্পদের উন্নয়ন হবে কী করে?কিন্তু এত প্রতিকূলতার মধ্যে অবিশ্বাস্য হলেও সত্য যে তথাকথিত ‘দরিদ্র, নিরক্ষর’ এই বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলেমেয়ের সমতা অর্জিত হয়েছে। তবে এ দেশের অর্ধেক জনগোষ্ঠী এখনো শিক্ষার আলো পায়নি। বয়স্ক শিক্ষার হার নিয়ে বিভ্রান্তি থাকলেও সরকারি-বেসরকারি হিসেবে মোটা দাগে এটি ৫০ থেকে ৫৫ শতাংশের মধ্যে আটকে আছে। এ ক্ষেত্রে অনেক বছরের অনেক পরিকল্পনা, অনেক বিনিয়োগের ফসল আমরা তেমন করে ঘরে তুলতে পারিনি।সাক্ষরতার হার যেভাবে ধীরগতিতে বেড়েছে, তা জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে চলেনি। সরকারি-বেসরকারি সাক্ষরতা কার্যক্রমগুলোর অপ্রতুলতা ও অন্তর্নিহিত দুর্বলতা সাক্ষর সমাজ গঠনে আমাদের এগিয়ে চলাকে একদিকে যেমন ব্যাহত করছে, অন্যদিকে সাক্ষরতার হার বাড়িয়ে নিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অগ্রগতি এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে চলেছে। এডুকেশন ওয়াচ গবেষণার মাঠ জরিপ থেকে দেখা যাচ্ছে, মেয়েশিশুর শিক্ষা ও নারীশিক্ষার হার যেখানে বেশি, সেখানে সাক্ষরতার হারও বেশি। যে বাড়ির নারী কোনো সময় কোনোক্রমে মাধ্যমিক স্তরে পৌঁছাতে পারেন, সে বাড়ির সন্তানেরা কখনো নিরক্ষর হয় না, সাধারণত অপুষ্টিতে ভোগে না, বাড়ির সামগ্রিক কল্যাণ সেখানে ব্যাহত হয় না। বস্তুতপক্ষে বাংলাদেশে সাক্ষরতার হার যেটুকু বেড়েছে, তার পেছনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়ে শিক্ষার্থীর ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি বড় কারণ।শিক্ষায় অভিগম্যতা অর্জনে ক্রমোন্নতি, বিশেষ করে জেন্ডার সমতা অর্জনের জন্য আমরা অবশ্যই গর্ব করতে পারি। কিন্তু সর্বস্তরে শিক্ষার্থী ঝরে পড়ার অব্যাহত হার, শিক্ষাধারার মধ্যে ক্রমবর্ধমান অসমতা এবং শিক্ষার সার্বিক মানের নিম্নগামিতা এখনো বিশাল উদ্বেগের বিষয়। স্বপ্ন দেখি—সঠিক কৌশল, সময়োপযোগী উদ্যোগ ও পর্যাপ্ত সম্পদ বিনিয়োগ করবে রাষ্ট্র, যাতে এ দেশের সব মানবসন্তান স্কুলে যেতে পারে, টিকতে পারে, মানসম্মত শিক্ষা পেতে পারে। মনের মধ্যে প্রচণ্ড প্রত্যাশা জাগে, এরা যথাসময়ে শিক্ষাচক্র সমাপ্ত করে সবাই দেশের উন্নয়নে শুধু ভূমিকা রাখবে না, প্রতিষ্ঠা করবে তাদের মানবাধিকার, পৃথিবীর বুকে বাংলাদেশ আর কখনোই ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যায়িত হবে না। সেদিনটি আর কত দূরে?তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিশুদের মাত্র এক-তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয়ের দোরগোড়া পর্যন্ত যেতে পারে। এ এক জাতীয় অপচয়। এই ঝরেপড়াদের অধিকাংশই দরিদ্র, বস্তিবাসী, চর-হাওর, প্রত্যন্ত দুর্গম এলাকা, আদিবাসী, প্রতিবন্ধী অথবা বিশেষভাবে বঞ্চিত জনগোষ্ঠী যেমন ‘পতিতাপল্লি’র বাসিন্দা। এদের জন্য যথাযথ ব্যবস্থা না নিলে সরকারঘোষিত ‘সবার জন্য শিক্ষা’র লক্ষ্য অর্জিত হবে না। তবু আশা রাখি, সাধারণ শিক্ষা থেকে বিকল্প কোনো ধারা যেমন বৃত্তিমূলক বা প্রযুক্তিগত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করা হবে, উপকৃত হবে এই জনগোষ্ঠী।আমরা জানি, শুধু সংখ্যাগত লক্ষ্য অর্জন করলেই শিক্ষার অভীষ্ঠ উদ্দেশ্য অর্জিত হবে না। গুণগত সূচকগুলোর ওপরও গুরুত্ব দিয়ে যথাযথ বাজেট বরাদ্দ খুবই জরুরি। এদিক থেকেও আমাদের দুর্বলতা অনেক। শিক্ষা বাজেটের জন্য বার্ষিক যে বরাদ্দ থাকে, তা অন্যান্য খাতের চেয়ে তুলনামূলকভাবে বেশি মনে হলেও শিক্ষার্থীপ্রতি ব্যয়ের পরিমাণ উন্নয়নশীল অন্যান্য দেশের চেয়ে অনেক কম। প্রাথমিক শিক্ষায় প্রতি শিক্ষার্থীর জন্য সরকারি ব্যয় এখনো বছরে ৩০ থেকে ৫০ ডলারের মধ্যে সীমাবদ্ধ। উন্নত বিশ্বের অনেক দেশের ক্ষেত্রে এই ব্যয় তিন হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। এমনকি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় আমাদের চেয়ে বেশি।তদুপরি আছে ব্যয় বরাদ্দের বৈষম্য। ক্যাডেট কলেজের মতো বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাজেট বরাদ্দ তুলনামূলক বেশি। সেই বিনিয়োগের ইতিবাচক ফলাফল আমাদের তুষ্ট করলেও কঠোর বাস্তবতা হলো, এতে একধরনের বৈষম্য তৈরি হতে পারে। মূলধারার সব শিক্ষার্থীর জন্য রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সমপরিমাণ ব্যয় নিশ্চিত না করবে, ততক্ষণ বৈষম্য দূর করার সব প্রয়াস নিষ্ফল হবে, সুদূর পরাহত হয়ে উঠবে ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করার জাতীয় লক্ষ্য, জাতীয় শিক্ষানীতি ২০১০-এর অঙ্গীকার ফাঁকা বুলিতে পর্যবসিত হবে। সরকারের সব ইতিবাচক নীতিমালা সেখানে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নিবেদিত, ভিশন ২০১১ যেখানে দারিদ্র্যমুক্ত, নিরক্ষরতামুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাতে চায়, সেখানে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগ যদি বৈষম্য সৃষ্টির হাতিয়ার হয়ে ওঠে, তাহলে স্বপ্ন দেখব কী করে? আর সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কীভাবে?তবে স্বপ্ন দেখে যাব ঠিকই। মিডিয়ার কল্যাণে যখন পত্রপত্রিকায় এ দেশের খেটে খাওয়া, সংগ্রামী জনগোষ্ঠীর অদম্য মেধাবী সন্তানদের দেখি, তখন মনে হয়, স্বপ্ন দেখার দিন ফুরায়নি; অমিত সম্ভাবনার হাতছানি মনের ভেতর আলোড়ন তোলে—মুক্তিসংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে উঠি বারবার। যে দেশের মানুষ ভাষার জন্য রক্ত দিতে পিছপা হয় না, অকাতরে প্রাণ দেয় এ মাটির মর্যাদা রক্ষায়, উদয়াস্ত পরিশ্রম করে সবার খাদ্যের জোগান দেয়, প্রচণ্ড বৈশ্বিক মন্দার মধ্যেও নিশ্চিত করে বৈদেশিক মুদ্রার সরবরাহ—সে দেশের মানুষ কি কখনো পিছিয়ে যেতে পারে?তার পরও স্বপ্নভঙ্গের বেদনায় জেগে উঠি বারবার, যখন দেখি নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি দেশ-বিদেশে আমাদের প্রিয় জন্মভূমির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।আমরা কী করে ভুলে যাই বিগত চার দশকে এ দেশের মানুষ কতবার কতভাবে বিপর্যস্ত হয়েছে, তা শুধু ইতিহাসের নথি নয়, পরিসংখ্যানেরও বিষয়বস্তু হয়ে আছে। ভয়াবহ ঘূর্ণিঝড়, প্রচণ্ড জলোচ্ছ্বাস, ভয়ানক বন্যা-খরা-মঙ্গা একদিকে অগণিত মানুষকে করেছে সর্বস্বান্ত, অপরদিকে শাসন আর শোষণের যাঁতাকলে তারা বারবার হয়েছে পিষ্ট। সাম্প্রতিক কালে এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় মৌলবাদ—ধর্মভীরু, সরলপ্রাণ মানুষের কোমল অনুভূতি নিয়ে একশ্রেণীর ধর্মব্যবসায়ীর ছিনিমিনি খেলা। কিন্তু এত বিপর্যয়, এত ঝড়-ঝঞ্ঝার মধ্যেও কখনো থেমে যায়নি এ দেশের মানুষের জীবন ও জীবিকার সংগ্রাম, আলোর সন্ধানে অবিরাম পথচলা। এর নিদর্শন আজ সর্বত্র দৃশ্যমান।আর তাই তো স্বপ্ন দেখি বারবার, হয়তো দেখে যাব আজীবন—হবে শিক্ষায়-দীক্ষায় আলোকিত মানুষের স্বদেশ, স্বপ্নের বাংলাদেশ।রাশেদা কে চৌধুরী: নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।