গর্ভধারণ কীভাবে মস্তিষ্কে বদল ঘটায়
নারীর কাছে মাতৃত্ব একটা অনন্য অনুভূতি। দীর্ঘ ১০টা মাস ধরে একটা ভ্রূণ ধীরে ধীরে মনুষ্য আদল পায় নারীর গর্ভে। নারীর গর্ভকালীন এই সময়ে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেক দিন ধরেই ছিল। কিন্তু দুঃখের বিষয় এ নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি। তবে সাম্প্রতিক সময়ে গর্ভকালীন নারীদের হরমোন নিঃসরণ, মস্তিষ্কে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে কিছু গবেষণার উদ্যোগ শুরু হয়েছে। আশা করা যায়, মায়ের মনের মস্তিষ্ক কার্যকলাপ বুঝে ওঠার কাজটা হয়তো দ্রুতই শুরু করা যাবে।১৯৪০ এর দশক থেকে চিকিত্সকেরা সন্দেহ করছেন, গর্ভধারণের সময় নারীদের যে হরমোন নিঃসরণ হয়, সেটা তাঁদের মা হয়ে ওঠার পূর্বশর্তগুলো পূরণ করে। কিন্তু বয়ঃসন্ধি ও রজনিবৃত্তির সময়ে নারীদের ওপরে এই হরমোনের প্রভাব কীভাবে কাজ করে, সেটা সম্পর্কে অনেকখানি ধারণা থাকলেও গর্ভকালীন মস্তিষ্ক নিয়ে জানা-বোঝাটা খুব কমই হয়েছে। চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক লরা এম গ্লেন আফসোস করে বলেছেন, ‘প্রচুর নারী অন্তত একটি করে হলেও বাচ্চার জন্ম দেন। এর বিবেচনায় আমার খুবই অবাক লাগে যে আমরা তার পরও এই গর্ভকালীন মস্তিষ্ক নিয়ে তেমন কিছু জানি না।’এ বিষয়ে সাম্প্রতিক কিছু গবেষণা অবশ্য হয়েছে। কিন্তু সেটা ইঁদুরের ওপর। আর এই গবেষণা থেকে দেখা গেছে যে গর্ভকালীন সময়ের হরমোন নিঃসরণ মা ইঁদুরের কর্মদক্ষতা বৃদ্ধি করে, একসঙ্গে অনেক কাজ করার সক্ষমতা তৈরি করে। এমনকি মা ইঁদুরগুলোর দৃঢ়তা বাড়ায় ও দুশ্চিন্তা কমিয়ে দেয়। আর ইঁদুরগুলো গর্ভধারণের এই সুফলগুলো ভোগ করতে থাকে পরবর্তী সারা জীবন ধরে। এমনকি তাদের বাচ্চারা বড় হয়ে ওঠার অনেক পরও এটা কার্যকর থাকে।এখন বিজ্ঞানীরা এই গবেষণাগুলো করতে চান মানুষের ওপরও। ক্যালিফোর্নিয়া-ইর্ভায়িন বিশ্ববিদ্যালয়ের কার্ট এ স্যান্ডম্যানকে সঙ্গে নিয়ে লরা এম গ্লেন দাবি করেছেন, নারীদের মস্তিষ্কে ‘গর্ভকালীন প্রোগ্রাম’-জাতীয় কোন প্রক্রিয়া কাজ করে, যেটা তাদের মা হয়ে ওঠার চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে তোলে। গর্ভকালীন সময়ে নারীদের কিছু স্মৃতি লোপ, অত্যধিক চাপ-দুশ্চিন্তা প্রভৃতি নেতিবাচক পর্বও পার করতে হয় বলে মনে করেন বিজ্ঞানীরা। তবে অধ্যাপক গ্লেন এগুলোকে কোনো নেতিবাচকতার আখ্যা না দিয়ে মস্তিষ্কে পরিবর্তনের একটা পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখতে চান। অন্যভাবে বলা যায়, হ্যাঁ, হয়তো কিছু নারী কিছু স্মৃতি হারাচ্ছেন। কিন্তু একই সঙ্গে তিনি তাঁর নবাগত বাচ্চাটার যত্ন-দেখভাল করতে পারার জন্য নতুন কিছু সক্ষমতাও অর্জন করেন। গ্লেনের ভাষায়, ‘এগুলো সত্যিই কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’আরও এগিয়ে গিয়ে, গ্লেন ও তাঁর সহযোগী গবেষকেরা গর্ভকালীন সময়ে হরমোন নিঃসরণের প্রভাবটা নারীদের মস্তিষ্কে কীভাবে কাজ করে, তা গবেষণা করে দেখার আশা করছেন। এগুলো নারীদের সৃজনশীলতা, একসঙ্গে অনেক কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে কি না, বয়স্ক নারীদের মস্তিষ্কে পূর্বগর্ভধারণের কোনো সম্ভাব্য সুফল থাকে কি না—এসব বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও আশা করছেন আমেরিকার এই বিজ্ঞানীরা। মায়ের মনের মস্তিষ্ক কার্যকলাপ বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখার সুযোগটা তখন আরও একটু বেড়ে যাবে বলে আশা করা যায়। নিউজউইক অবলম্বনে।