গর্ভধারণে জটিলতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বদলে গেছে। নারীর ক্ষমতায়ন, তাঁর নিরাপত্তার নিশ্চয়তা—এসব নিয়ে অনেক ভাবনাচিন্তা আমাদের। নারীমুক্তির কথা বললেও পরিবার পরিকল্পনার বিষয়ে অনেক নারী তাঁর মতামত প্রকাশ করতে পারেন না। এমনকি পরিবার ছোট রাখতে পদ্ধতি গ্রহণের দায়িত্বও যেন নারীর কাঁধে। কোনো রকম পরিকল্পনা ছাড়াই গর্ভধারণ করে নানা জটিলতায় ভোগেন নারীরা। এভাবে অপরিকল্পিত গর্ভধারণ তাঁর জীবন ও প্রজননস্বাস্থ্যকে হুমকির মধ্যে ফেলছে। মূলত পরিকল্পনা ছাড়া গর্ভধারণ, পরবর্তী সময়ে অনিরাপদ গর্ভপাতের কারণে আজও মৃত্যুঝুঁকিতে বিশ্বের নারীরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরসনের (বাপ্সা) পরিসংখ্যানে জানা যায়, আজও বিশ্বে প্রতি ৩০০ জনে একজন নারী অনিরাপদ গর্ভপাতে মারা যান। উন্নত বিশ্বে তিন হাজার ৭০০ নারীর একজন এই ঝুঁকিতে আর উন্নয়নশীল দেশে এই হার প্রতি ২৫০ জনে একজন নারী। তবে বাংলাদেশে প্রতি ২৪৫ জনে একজন নারী এই মৃত্যুঝুঁকিতে। এ দেশে প্রতিবছর ৪০ লাখ নারী গর্ভবতী হন। তাঁদের মধ্যে ছয় লাখ নারী নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হন। তাঁদের মধ্যে ১২ থেকে ১৫ হাজার মায়ের মৃত্যু হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অবস্থাও আশঙ্কাজনক। বাপ্সার পরিসংখ্যানে আরও দেখা গেছে, প্রতি মিনিটে যে ৩৮০ জন নারী গর্ভবতী হন, তাঁদের মধ্যে প্রতি মিনিটে ১৯০ জনই কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই গর্ভধারণ করেন।গর্ভধারণ পরিকল্পিত না হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা সময়মতো গর্ভধারণের বিষয়টি জানতেও পারেন না। যার কারণে চিকিৎসকের কাছে যান না, পরামর্শও নেন না। এ কারণেই গর্ভপাতজনিত জটিলতায় ভুগছেন নারীরা। দেখা যায়, প্রতি মিনিটে ১১০ জন নারী গর্ভজনিত জটিলতার শিকার হচ্ছেন। আর প্রতি মিনিটে অনিরাপদ গর্ভপাতের শিকার হচ্ছেন ৪০ জন নারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে, গাইনি বিভাগে মোট রোগীর ৪৭ শতাংশই ভর্তি হয়েছেন গর্ভপাতজনিত সমস্যায়। এর মধ্যে ২৭ শতাংশ অসম্পূর্ণ গর্ভপাত এবং ৩ শতাংশ জটিল গর্ভপাতজনিত সেপটিকে আক্রান্ত। আট থেকে ১০ সপ্তাহের বেশি বয়সী ভ্রূণ অপসারণেই বাড়ছে জটিলতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌসী ইসলামের মতে, ‘বিবাহ-পূর্ব পরিকল্পনার অভাব, পরিবার পরিকল্পনার উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে না জানা ও বিভিন্ন উপকরণ সম্পর্কে ভুল ধারণার কারণে বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণ। এ কারণে অনেকে গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন, যা এ দেশে মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ।’ স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ টি এ চৌধুরী মনে করেন, ‘এ ছাড়া অদক্ষ কারও কাছে গর্ভপাত করানোর কারণেও মায়ের মৃত্যুঝুঁকি বাড়ছে। পরে সন্তান ধারণেও জটিলতা দেখা দেয়। এর জন্য শুধু বিবাহিত দম্পতি নয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যেও জন্মনিয়ন্ত্রণের বিষয়ে ধারণা দিতে হবে। এ কাজে কাজি এবং বিয়ের নিবন্ধন অফিসকে কাজে লাগানো যেতে পারে। জন্মনিয়ন্ত্রণে যে পদ্ধতিই গ্রহণ করুক না কেন, নিয়মিত ও সঠিকভাবে হচ্ছে কি না, তা মনিটর করা জরুরি।’ সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে আরবান হেলথ কেয়ার বা প্রাইমারি হেলথ কেয়ার নামে যে প্রকল্প রয়েছে, তাদের কার্যক্রম মনিটর করা খুবই জরুরি।জান্নাতুল বাকেয়াসাংবাদিক