গর্ভপাত বেড়ে যাওয়ায় ঝুঁকিতে নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভপাতের হার বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে ঝুঁকির মধ্যে পড়ছেন নারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিচালিত জরিপ থেকে জানা যায়, বিশ্বে প্রতিবছর হাজারে ২৮ জন নারী গর্ভপাত করেন। ডব্লিউএইচওর ১৯৯৫ সালের হিসাব মতে, এর মধ্যে ৪৪ শতাংশই গর্ভপাত করান অপ্রশিক্ষিত চিকিৎসাকর্মীর কাছে। ২০০৮ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৪৯ শতাংশে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানচেটের এ খবরটি বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়, অধিকাংশ গর্ভপাত হচ্ছে হাসপাতাল, ক্লিনিক কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই। আর এ ধরনের অনিরাপদ ও বিপজ্জনক গর্ভপাত মাতৃমৃত্যুর হার বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।বিশ্বের অনেক দেশেই গর্ভপাত নিষিদ্ধ। খ্রিষ্টান ক্যাথলিকরা গর্ভপাতকে জঘন্য কাজ হিসেবে দেখেন। কোনো কোনো ক্যাথলিক গোষ্ঠী কাজটিকে এতটাই ঘৃণা করে যে, যে চিকিৎসক গর্ভপাত করান তাঁকে অনেক সময় তারা হত্যা করতেও উদ্যত হয়। আবার রক্ষণশীল ও উন্নয়নশীল কিছু দেশে গর্ভপাতকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ অনিরাপদ, ঝুঁকিপূর্ণ গর্ভপাত এসব দেশেই হচ্ছে। কারণ, এসব দেশের নারীদের মধ্যে স্বাধীনভাবে চিকিৎসাকেন্দ্রে গিয়ে গর্ভপাত করানোর সুযোগ বা সাহস কোনোটিই নেই। কোনো কোনো দেশে গর্ভপাত নিষিদ্ধ না হলেও সেখানে থাকে না উন্নত, প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসার ব্যবস্থা। এমনকি কোনো কোনো দেশে আধুনিক জন্ম-নিরোধক ওষুধ পর্যন্ত নেই। এ কারণে বাধ্য হয়েই নারীদের ঝুঁকিপূর্ণ গর্ভপাত করতে হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত এ গবেষণায় আরও দেখা যায়, আফ্রিকায় শতকরা ৯৭ ভাগ গর্ভপাতই অনিরাপদ।অন্যদিকে, আধুনিক বিশ্বের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। উন্নয়নশীল দেশে যেখানে সময়ের সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ গর্ভধারণের মাত্রা বাড়ছে, উন্নত দেশগুলোতে তা ক্রমেই নিম্নমুখী হচ্ছে। গবেষণায় দেখা যায়, ১৯৯৫ সালে যেখানে শতকরা ৩৬ ভাগ নারী অনিরাপদ পদ্ধতিতে গর্ভপাত করাতো, সেখানে ২০০৮ সালে এই হার নেমে আসে শতকরা ২৬ ভাগে।গবেষণায় আরও বলা হয়, পৃথিবীতে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়ে চলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গর্ভপাতও। তাদের হিসাব অনুযায়ী ২০০৩-এর তুলনায় ২০০৮ সালে বিশ্বজুড়ে গর্ভপাতের সংখ্যা ২২ লাখের মতো বেড়েছে। এ গবেষণার বিভিন্ন পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৮ সালে বিশ্বের শতকরা ৮৬ ভাগ গর্ভপাত হয়েছে উন্নত বিশ্বের দেশগুলোতে। আর ২০০৮ সালের গর্ভপাতের মধ্যে শতকরা ৫০ ভাগই ছিল অনিরাপদ।ল্যানসেটের সম্পাদক ড. রিচার্ড হর্টন গবেষণা থেকে প্রাপ্ত সর্বশেষ ফলাফলকে ‘চরম অস্বাভাবিক’ বলে মনে করেন। কারণ, বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত গর্ভপাতের হার বৃদ্ধির যে ঊর্ধ্বগতি তা ১৯৯৫-এর তুলনায় একেবারেই বিপরীত।