গর্ভবতী মা ও একটি তালাকের গল্প
সুরাইয়া এখন নয় মাসের গর্ভবতী। গর্ভবতী হওয়ার পরপরই স্বামী তাঁকে তালাকের নোটিশ পাঠান। কারণ, তিনি তাঁর স্বামীকে যৌতুকের টাকা দিতে পারেননি। মেয়েটির মা-বাবা বেঁচে নেই। তিনি এখন বোনের বাড়িতে আশ্রিতা। যত দিন গড়াচ্ছে, ততই শঙ্কা—তাঁর তো তালাক হয়ে যাবে। কিন্তু অনাগত সন্তান ও তাঁর ভবিষ্যৎ কী? আইন অধিকারকে জানিয়েছেন তাঁর দুঃসহ জীবনের কথা।'গল্পটা কি খুব সাধারণ? আর দশটা ঘটনার মতো একটি যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা মাত্র? হয়তো...। গল্পটা একই রকম। তবু ঘটনাগুলো ঘটে চলছে। যৌতুকের জন্য বিয়ের মতো একটি সামাজিক বন্ধন আর পরিবারের মতো প্রতিষ্ঠানকে বানানো হচ্ছে টাকা উপার্জনের উপায় হিসেবে।এই কাহিনির মেয়েটির জন্ম ১৯৯০ সালে। সেই হিসাবে তাঁর বয়স এখন একুশের কোটায়। ছেলেটি তাঁর চেয়ে আট বছরের বড়। সব দিক হয়তো ঠিক আছে। জুটি হিসেবে, যুগল সংসার হিসেবে হয়তো খুব মানানসই। তবু সইল না সুখের কপাল। কাহিনিটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার আরজি এবং অন্যান্য দলিলপত্র থেকে উদ্ঘাটিত হয়েছে। আইন অধিকার ডেস্কে পাঠানো হয়েছে কয়েক দিন আগে। আসুন, আরজির বিষয়বস্তুতে প্রবেশ করি...‘বিগত ১১/০৬/২০১০ ইং তারিখে ১ নং আসামি (মেয়েটির স্বামী) বাদিনীকে (মেয়েটিকে) মুসলিম শরিয়ত মোতাবেক ২ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করে। যেহেতু বাদিনীর পিতা-মাতা কেউ জীবিত নেই, সেহেতু বিবাহের সময় বাদিনীর ভাই তার দুটি দোকান বিক্রি করে টাকা জোগাড় করে আসামীদের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র প্রদান করে।’এই হলো আরজির একটি অনুচ্ছেদ। আসুন, পরবর্তী কয়েকটি অনুচ্ছেদে যাই—‘১ নং আসামির সঙ্গে বাদিনীর উক্ত বিবাহ অনুষ্ঠিত হবার তিন দিন পরে অর্থাৎ ১৪/৬/২০১০ ইং তারিখে আসামী বাদিনীর কাছে তার ব্যবসার জন্য দুই লক্ষ টাকা চায় এবং টাকা দিতে না পারলে বাদিনীকে তালাক দিবে বলে হুমকি প্রদান করে। তারপর তার ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন এবং চলতে থাকে।’আরেকটি অনুচ্ছেদ এ রকম—‘গত ২৩/০৭/২০১০ ইং তারিখে বেলা ১১.০০টায় ১নং আসামি বাদিনীকে বারবার দুই লক্ষ টাকা তার আত্মীয়স্বজনদের নিকট থেকে এনে দেওয়ার তাগিদ দেওয়া সত্ত্বেও বাদিনী কেন এখনো টাকা আনে নাই, এ অজুহাতে বাদিনীর মাথার চুল ধরে চড়থাপ্পড় মারতে শুরু করে। বাদিনী উচ্চকণ্ঠে কান্নাকাটি শুরু করলে বাদিনীর চুল ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেয় এবং বারবার কিল, ঘুষি, লাথি মারে। বাদিনী তখন জীবন বাঁচানোর জন্য অমন অবস্থা থেকে দৌড় দিয়ে দরজা খুলে তাঁর নিকটস্থ বোনের বাসায় আশ্রয় নেন।’এভাবেই কাহিনিটি চলতে থাকে। তারপর আরজির বিষয় হিসেবে শুরু হয় আরও করুণ ঘটনা। মেয়েটি আবার তাঁর স্বামীর বাড়িতে ফিরে যান। হয়তো অসহায় হয়েই। কোথায় বা যাবেন আর...। কিন্তু দুই লাখ টাকার লোভ যে তাঁর বরকে দমাতে পারেনি। ২০১০ সালের ১৮ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে মেয়েটি ও তাঁর বোনকে ঘরের ভেতর ডেকে নেয় এবং বঁটি বের করে বলেন, ‘এক্ষণে ১৫০ টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর কর, নতুবা তোকে ও তোর বোনকে খুন করে ফেলব।’ মেয়েটি অসহায় হয়ে স্ট্যাম্পে সই করেন। তারপর মেয়েটিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং বলা হয়, ‘দুই লক্ষ টাকা নিয়া আসতে পারলে আসবি, নতুবা আসবি না।’তারপর আরও একটি করুণ ঘটনার সূত্রপাত। ২২ আগস্ট তালাকের নোটিশ পাঠান ছেলেটি। কিন্তু মেয়েটি এখন কী করবেন, কোথায় যাবেন? মেয়েটির গর্ভে যে সন্তান।১০ ও ২৬ আগস্টের মেডিকেল প্রতিবেদন অনুযায়ী স্পষ্ট হয়, মেয়েটি সন্তানসম্ভবা। মেয়েটি এবার আর থেমে থাকেননি। তাঁর ভেতর যন্ত্রণার শোক এখন শক্তিতে মহীয়সী। তিনি ৪ সেপ্টেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কল্যাণ সমিতিতে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর রাত আটটায় সালিস কমিটি রায় দেয়। এ রায়ে মেয়েটিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয় এবং ওই তালাককে অকার্যকর ঘোষণা করা হয়। সালিস কমিটির রায়ের দুই নম্বর অনুচ্ছেদে লেখা আছে—‘অদ্যকার জুরি বোর্ড এ মর্মে ঘোষণা করেন যে, যেহেতু মেয়েটি (বাদিনী) ২২/৮/১০ তারিখের পূর্ব থেকেই গর্ভবতী হয় সেহেতু বিবাদী (স্বামী) কর্তৃক অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেওয়া মোটেও আইনসিদ্ধ হয়নি এবং প্রচলিত আইনের পরিপন্থী বটে।’মেয়েটি জুরি বোর্ডের কথামতো ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩-এর ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করেন।মেয়েটির সঙ্গে কথা হয় ফোনে। জানতে পারি তিনি এখন নয় মাসের গর্ভবতী। এ অবস্থায় তিনি তাঁর বোনের সঙ্গেই আছেন। ঘটনাটি আবার পুরোটা তাঁর মুখেই শুনলাম। আবেগ আর কষ্টের যন্ত্রণায় তাঁর কথা বারবার জড়িয়ে অস্পষ্ট হয়ে আসছিল। মেয়েটি জানান, তাঁর বর্তমান শারীরিক অবস্থার কারণে মামলার খোঁজ নিতে কোর্টে যেতে পারছেন না।তাঁর স্বামীকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু উকিলের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁর স্বামী এখন কোথায় জানতে চাইলে বলেন, ‘হয়তো পলাতক।’ কেন এমন করলেন তিনি? শুধুই কি যৌতুকের কারণে? মেয়েটি বলেন, ‘তাকে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। তবু আমার সঙ্গে সে এমন করল। যদি এমন আচরণ করত, তাহলে আমার মতো একটা অবলা মেয়েকে ঘটা করে বিয়ে করে কেন তছনছ করে দেওয়া হলো?’ মেয়েটি জানান, তাঁর স্বামী অন্য মেয়েদের নিয়ে আসতেন রাতবিরাতে। ফোনে কথা বলতেন। এসব সয়ে গেছে। তাঁর স্বামীর বান্ধবী থাকতেই পারে। স্বামীকে তিনি বুঝিয়েছেন। তবু এমন দুর্দশা থেকে তিনি রেহাই পেলেন না।জিজ্ঞেস করলাম, কখন তালাকের নোটিশ পেলেন?‘গর্ভবতী হওয়ার পরপরই। তার পরও প্রায় দেড় মাস সে আমার সঙ্গে এসে রাত কাটিয়েছে।’এখন আপনি কী চাইছেন?‘আমি আমার গর্ভে থাকা সন্তানটির জন্ম হলে তার অধিকার চাই। আমি নির্দোষ হয়েও এত বড় জ্বালা সহ্য করছি। আমার সন্তান তো কোনো দোষ করেনি। আমি আমার সন্তানের দিকে তাকিয়ে হলেও ওই নরপিশাচটার ঘরে ফিরে যেতে চাই।’এতে তো আপনি সুখী হবেন না।‘সুখ লাগবে না, ভাই। আমরা তো গরিব, এখন আর কই যাব! আমার বোন তো আমারে দয়া করে রাখছে। কিন্তু এভাবে আর কয় দিন? এরপর আমার আর আশ্রয় কোথায়?’আমি আর বেশি দূর কথা এগোতে পারছিলাম না তাঁর কান্নার শব্দে। যেন উপচে উঠেছে তাঁর সব দুঃখের লাভা। শুধু বলতে থাকেন, ‘ওরে যদি একটু আমার সামনে হাজির করাতে পারেন, তাহলে জিজ্ঞেস করতাম, কোন স্বার্থে কেন সে আমার সঙ্গে এমন করল। আমার পেটে থাকা বাচ্চাটির কী অপরাধ? দেখেন ভাই, আপনারা পত্রিকার লোক। আপনারা চেষ্টা করলে ওরে হাজির করতে পারবেন।’আমি ফোন রেখে মেয়েটির স্বামীর মুঠোফোনে বারবার কল করতে থাকি। ফোনটি বন্ধ পাওয়া যায়। আমি বা আমরা আসলেই কতটা পারব এসএসসি পাস করা নিম্নমধ্যবিত্ত ঘরের গর্ভবতী মায়ের এ ইচ্ছেটুকু পূরণ করতে?পাদটীকা: নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর ১১(গ) ধারায় উল্লেখ আছে, যৌতুকের জন্য জখম করার জন্য অনধিক তিন বছর কিন্তু কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এ দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ড হবে। ৩০ ধারা অনুযায়ী, এই আইনের অধীন কোনো অপরাধে প্ররোচনা দিলে মূল অপরাধটি করলে যে দণ্ড নির্ধারিত আছে, সেই দণ্ডে দণ্ডনীয় হবে।১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়া হলেও সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হয় না।[email protected]