গলফের গল্প...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০ সাল থেকেই নগরে গলফ খেলার চল ছিল। তখন অবশ্য গুটিকয়েক শৌখিন মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল খেলাটি। সে সময় খেলতে হতো সোহরাওয়ার্দী উদ্যানে। দিনে দিনে গলফের প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে। গলফ খেলোয়াড়ের সংখ্যাও বাড়তে থাকে। খেলাটি আরও বিস্তৃত পরিসরে রূপ দেওয়ার ভাবনাও শুরু হয়। পরে গলফ খেলার যুতসই জায়গা হিসেবে বর্তমানের ‘কুর্মিটোলা গলফ ক্লাব’ এলাকাটি নির্বাচন করা হয়। ১৯৬০ সালেই ঢাকা গলফ ক্লাবের নাম বদলে নতুন করে যাত্রা শুরু হয় ‘কুর্মিটোলা গলফ ক্লাব’-এর। প্রায় ১২৬ একরের এ জায়গা শুরু থেকে এখনো পর্যন্ত নগরের সর্ববৃহত্ গলফ কোর্ট। কুর্মিটোলা গলফ কোর্টে ভোর থেকেই শুরু হয় গলফ খেলোয়াড়দের আসা-যাওয়া। একের পর এক দামি গাড়ি এসে জড়ো হয় ক্লাব ভবনের সামনে। আর গাড়ি থেকে ‘গলফ ক্লাব’ (গলফ খেলার সরঞ্জামাদি) নিয়ে নামতে থাকেন একেকজন। তাঁদের বেশির ভাগই আবার অপেশাদার খোলোয়াড়। কেউ আসেন শখের বশে, অনেকে আবার কৌতূহলবশতও খেলতে আসেন। সবুজ কোর্টে ‘পাটিং’ করার সময় একজন গলফ খেলোয়াড় বলছিলেন, ‘গলফের প্রতি আগ্রহ অনেক দিন থেকেই ছিল। চাকরি থেকে অবসর নেওয়ার পর ভাবলাম, এবার একটু খেলার চেষ্টা করা যায় কিনা। দেখলাম, খেলাটা বেশ মজার। সপ্তাহে দু-তিনদিন আসাই লাগে।’ গলফ নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা অছে—এটা বোধহয় বয়স্কদের খেলা। তাঁদের উদ্দেশে কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) এস এম সওকাত আলী বলেন, পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে ৮০ বছরের বয়স্ক ব্যক্তি পর্যন্ত গলফ খেলতে পারেন। তিনি জানান, দিনে দিনে গলফ খেলার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে। কুর্মিটোলা ক্লাবে এখন প্রায় তিন হাজার সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন করে খেলতে আসেন। তবে ছুটির দিনে ভিড় থাকে সবচেয়ে বেশি।যাঁরা কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, তাঁরাই কেবল প্রতিদিন এসে খেলতে পারেন। আর সদস্য হতে গেলে শুধু ভারী ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হয় না, নিজের নামের আগে-পিছে কিছু পদবি থাকতে হয়। কর্নেল এস এম সওকাত আলী আরও জানান, যাঁরা সরকারি চাকরিজীবী, তাঁদের অবশ্যই সরকারের জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার অধিকারী হতে হবে। আর যাঁরা সামরিক বাহিনীতে আছেন (সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী), তাঁদের হতে হবে কর্নেল সমপর্যায়ের। অন্যান্য ক্ষেত্র থেকে যাঁরা সদস্য হতে চান, তাঁদের অবশ্যই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে হবে। সদস্য হতে প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের গুনতে হবে ৩০ হাজার টাকা। সরকারি কর্মকর্তাকে দিতে হবে এক লাখ টাকা। ব্যবসায়ী বা অন্য বেসরকারি চাকরি যাঁরা করেন, তাঁদের দিতে হবে আট লাখ টাকা। বোঝা যাচ্ছে, গলফকে কেন অভিজাত খেলা বলা হয়। আর সদস্য হওয়ার কথা শুনে যাঁরা ঘাবড়ে যাচ্ছেন, তাঁদের জন্যও আশার খবর আছে। গলফ খেলার শখ থাকলে যেকোনো এক ছুটির দিনে এসে এক হাজার ৫০০ টাকা দিয়ে খেলে যেতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনার নিজস্ব গলফ ক্লাবটিকে সঙ্গে নিয়ে আসতে হবে খেলার জন্য। ১৪টি সরঞ্জামের একটি গলফ সেটের সর্বনিম্ন দাম ১০ হাজার টাকা। সামর্থ্য আর পছন্দের ওপর ভিত্তি করে দামটা আবার কয়েক লাখের ঘরেও যেতে পারে।গলফ খেলায় যে লাঠিটি দিয়ে বলে ঘা মারতে হয়, সেটার কেতাবি নাম হচ্ছে ‘ড্রাইভার’। একেকজন খেলোয়াড়ের কাছে কয়েক ধরনের ড্রাইভার থাকে। কোনোটির মাথা কাঠের, কোনোটি আবার স্টিলের, কোনোটি চওড়া, কোনোটি আবার একেবারেই বলের আকৃতি অনুযায়ী। খেলার ধরন ও লক্ষ্যবস্তুর দূরত্বের ওপর ভিত্তি করে ড্রাইভার বদলাতে হয় বলে জানালেন এস এম সওকাত আলী। কুর্মিটোলা গলফ কোর্টের নিয়মিত এই গলফ খেলোয়াড় জানালেন আন্তর্জাতিক মানের এ কোর্টে ১৮ হোলে খেলা হয়।গলফ কোর্ট দেখে মনে হয়, চারধারে নরম সবুজ ঘাসের গালিচা পাতা। মাঝেমধ্যে কয়েকটি সুদৃশ্য গাছ, বিস্তীর্ণ এলাকাটিতে কয়েকটি ছোট পুকুরও থাকে। ঘাসের গালিচা কোথাও উঁচু আবার কোথাও ঢালু। কোথাও আবার একচিলতে বালুর দেখাও মেলে গলফ কোর্টে। আসলে এই ঘাস, বালু, পানি সবই খেলার অংশ। গলফ কোর্টে সাজানো গাছ, বালু, পানি এগুলোকে বলা হয় ‘ব্যারিয়ার’। কোর্টের এসব বাধাবিঘ্ন পার হয়েই একজন খেলোয়াড়কে খেলতে হয় গলফ। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে নগরে এখন গলফ খেলার সুযোগ-সুবিধা অনেক বেশি বলে জানালেন এখানকার একাধিক কর্মকর্তা। সম্প্রতি কুর্মিটোলা গলফ ক্লাব পরিদর্শন করে গেছেন গলফের শীর্ষস্থানীয় সংস্থা ‘দ্য রয়েল অ্যান্ড এনসিয়েন্ট গলফ ক্লাব। তাদের আর্থিক সহায়তায় অনেক অসচ্ছল ঘরের ছেলেমেয়েও এখন নিয়মিত গলফ খেলার সুযোগ পাবেন।পানি জমে না, তুষার পড়ে না—এ রকম আবহাওয়াতে গলফ জমে বেশি। সে ক্ষেত্রে আমাদের আবহাওয়া গলফের জন্য সোনায় সোহাগা। তাই বুঝি প্রতি মাসেই গলফ টুর্নামেন্ট বসছে নগরে। সেই সঙ্গে বাড়ছে গলফের জনপ্রিয়তাও। এসএ গেমসে গলফে বাংলাদেশের সোনা জেতার পর গলফের জনপ্রিয়তার পালে হাওয়া লেগেছে আরও।