গলফের সিদ্দিকুর ও ক্রিকেটের জয়জয়কার
কুর্মিটোলা গলফ ক্লাবে বলবয় হিসেবে শুরু হয়েছিল তাঁর স্বপ্নের গলফ-যাত্রা। ২০০৬ সালে উপমহাদেশের অপেশাদার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েই বুকে স্বপ্ন বেঁধেছিলেন পেশাদার সার্কিটে খেলবেন। মাত্রই চার বছর পর, ২০১০ সালে পেশাদার হিসেবে জিতে নেন ব্রুনাই ওপেন। তারপর তো সিদ্দিকুরের ওড়ার আকাশটা হয়ে গেল অন্তহীন। ২০১০ সালের অস্তমান সূর্যটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা মাইলফলক হিসেবে দাগ রেখে যাচ্ছে ওই সিদ্দিকুরের কারণেই। বিশ্বের অন্যতম দামি খেলা গলফের মানচিত্রে লাল-সবুজ পতাকা উড়িয়েছেন তিনিই। গলফ তাই অপরিচিতের বৃত্ত ভেঙে সাধারণ বাঙালি মানসের এত কাছে। এত অসাধারণ এক বিজয়কাহিনি। বাংলাদেশের ২০১০ সালটাই সুজলা-সুফলা। বছরের গোড়ায় দেশের মাটিতে আয়োজিত দক্ষিণ এশীয় গেমস (এসএ) থেকে সর্বাধিক ১৮টি সোনার আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। গেমসের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ পদকজয়ের রেকর্ড গড়া গেছে। ১৯৯৯ কাঠমান্ডু গেমসের পর আবার ধরা দিল ফুটবলের সোনা।আহ্ ক্রিকেট, আদরের ক্রিকেট! বছর শেষের খেরোখাতা খুলে বাংলাদেশ তোমাকে ‘সান্তা ক্লজ’ ছাড়া অন্য নামে ডাকতে পারছে না, যে বিনা নোটিশে নিভৃত পায়ে এসে শুধুই উপহার দিয়ে যায়! না হলে নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরিবারের কুলীন সদস্যকে ‘হোয়াইটওয়াশ’ করা তো দূরতর কোনো স্বপ্নেই ঠাঁই পায়। বড় জোর সিরিজ জয়ের স্বপ্ন ছিল। নেতৃত্বে, নৈপুণ্যে বাংলাদেশকে টানা সাড়ে তিনখানা ম্যাচে জিতিয়ে বাংলাদেশের কপালে অসামান্য ওই গৌরবচিহ্ন আঁকলেন তো সাকিব আল হাসানই। একেকটা ম্যাচের শেষে ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগেই একটা অজেয় চূড়ায় পা ফেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে অবধ্য একমাত্র পরাশক্তি ইংল্যান্ডকে হারানো গেছে তাদের ডেরাতেই। এর আগেই একটি নির্ভেজাল বাঙালি দলের টেস্ট-বীরত্ব জাহির করেছে তামিম ইকবালের দুর্বিনীত ব্যাট। লর্ডসে সেঞ্চুরি করে বিরলপ্রজ এক তালিকায় নাম লিখিয়েছেন তামিম, ওল্ড ট্রাফোর্ডে পরের টেস্টেও ইংলিশ বোলিং খুন করে তিন অঙ্ক পেরিয়েছেন তিনি।এবারই প্রথম এশিয়ান গেমসে জায়গা পেল ক্রিকেট। আর প্রথম মঞ্চে দাঁড়িয়েই ক্রিকেটের শ্রেষ্ঠত্ব মুঠোয় পরল বাংলাদেশ। আরেকটু হলে ক্রিকেটের জোড়া সোনাই আসত। শেষ লড়াইয়ে মেয়েদের দলটি পারেনি পাকিস্তানিদের সঙ্গে, তবে রুপা জিতেও গুয়াংজুর সবুজ মাঠে শ্রেষ্ঠত্বের স্বপ্ন বুনে এসেছে। দেশের ক্রীড়া সাফল্যের শেষ পঙিক্তটিও লিখেছে ক্রিকেট। টেস্ট থেকে স্বেচ্ছানির্বাসিত জিম্বাবুয়ে বছরের প্রান্তে বাংলাদেশে এসেছিল আবার ওই অঙ্গনে ফেরার জ্বালানি জোগাড় করতে। তাদের ক্রিকেটে সম্প্রতি আবার ফুল ফোটার আয়োজন, বাংলাদেশে এসে প্রথম ম্যাচটা জিতেও নিল। কিন্তু তার পরই বাংলাদেশ বের করল সেই ম্যাজিকটা। যে ম্যাজিক বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে জাতীয় ব্যর্থতার গ্লানি মুছিয়ে সাফল্যের হাসি হাসতে শেখায়। জিম্বাবুয়েকে ৩-১-এ সিরিজে হারিয়ে নতুন বছরে বিশ্বকাপ সাফল্যের দিগন্তরেখায় একটি দাগ দিয়ে রাখল বাংলাদেশ।