গলাচিপার অবৈধ মার্কেটটি ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ
পটুয়াখালীর গলাচিপায় নদী দখল করে অবৈধভাবে গড়ে তোলা মার্কেট আগামী ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে নদীবিষয়ক টাস্কফোর্স। আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেওয়া হয়।সভায় বলা হয়, ১৫ দিনের মধ্যে দখলকারীরা অবৈধ মার্কেটটি ভেঙে না ফেললে, প্রশাসন সেটি ভাঙবে। এ ক্ষেত্রে প্রশাসন ভাঙার খরচ নেবে দখলকারীদের কাছ থেকে। এ ছাড়া মার্কেটটি গড়ে তোলার ব্যাপারে প্রশাসনের কেউ অনুমতি দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নিতে সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।আজকের সভায় বুড়িগঙ্গার বর্জ্য কোথায় ফেলা হবে সেটি নির্ধারণ করতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় নৌপরিবহনন্ত্রী ছাড়াও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।