গলাচিপায় গ্যাস উত্তোলনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় ৪ এপ্রিল দুপুরে উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের বাসিন্দারা চরকাজল লঞ্চঘাটে মানববন্ধন ও সমাবেশ করেছে। তারা সদ্য প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু, নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও গ্যাসক্ষেত্রের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানিয়েছে। ঢাকার চরকাজল-চরবিশ্বাস ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, গলাচিপার চরকাজল এলাকায় সদ্য আবিষ্কৃত গ্যাস-কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য পটুয়াখালী জেলা প্রশাসন ইতিমধ্যে প্রায় ২২ একর জমি অধিগ্রহণ করে পেট্রোবাংলাকে হস্তান্তর করেছে। এর মধ্যে ১৫ একর জমি স্থানীয় বাসিন্দাদের এবং বাকি জমি সরকারি খাস খতিয়ানের। জনসাধারণের কাছ থেকে অধিগ্রহণ করা জমির মূল্য ধরা হয়েছে প্রতি কাঠা মাত্র পাঁচ হাজার ১০০ টাকা হারে। অথচ প্রতি কাঠা জমির স্থানীয় মূল্য প্রায় ১৫ হাজার টাকা। বক্তারা প্রস্তাবিত গ্যাসক্ষেত্র সংলগ্ন চরকাজল এলাকাকে অব্যাহত নদীভাঙন থেকে রক্ষার দাবি জানান। গত ১০ বছরে এলাকার প্রায় ১০ হাজার একর ফসলি জমি এবং কয়েক শ ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।সমাবেশে অধিগ্রহণ করা জমির মালিক সমিতির পক্ষ থেকে আবুল কালাম মাতুব্বর বলেন, ‘আমরা জমির ন্যায্য মূল্য দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আমরা যত দ্রুত সম্ভব গ্যাস উত্তোলনের কাজ শুরু করার পাশাপাশি জমির ন্যায্য মূল্য দাবি করছি।’পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুফ আলী মোল্লা বলেন, ‘চরকাজল এলাকার গ্যাসক্ষেত্র সংশ্লিষ্ট জমির মালিকরা তাঁদের জমির ন্যায্য মূল্যের যে দাবি করেছেন তা সক্রিয় বিবেচনার জন্য গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন ও পেট্রোবাংলাকে লিখিতভাবে জানানো হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন থেকে ৩১ মার্চ এ-সংক্রান্ত চিঠি ওই দুটি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। তবে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দাবি পেশ করা হয়নি।’