গলাচিপায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি মুঠোফোন চুরির দায়ে এক যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কবির গাজী (৩০)।এ ঘটনায় মো. আনোয়ার কবির (৬০) ও মো. হাসান মুন্সি (৩৩) নামের দুজনকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিন গাজীর একটি মুঠোফোনসেট চুরির অভিযোগে একই ইউনিয়নের কল্যাণকলস গ্রামের মো. হাফেজ গাজীর ছেলে কবির গাজীকে আজ সকালে রুহুল আমিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকাল সাতটার দিকে রুহুল আমিনের নেতৃত্বে কবিরের হাত-পা বেঁধে বাড়ির সামনে বটগাছের একটি ডালে ঝুলিয়ে দেওয়া হয়। পরে ঝুলন্ত অবস্থায়ই তাঁকে মারধর করা হলে একপর্যায়ে কবিরের মৃত্যু হয়। এ ব্যাপারে গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘কবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি ছলছে।’এলাকাবাসী জানায়, নিহত কবির অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। তিনি বাড়ি-বাড়ি গিয়ে বাউলগান শোনাতেন। কবির গাজী নিজে ছিলেন স্বভাব-কবি। কথায় কথায় কবিতা বানাতেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন রকম পশু-পাখির ডাক নকল করতে পারতেন। এ কারণে এলাকায় তিনি হরবোলা কবির নামেও পরিচিত ছিলেন।