গলাচিপায় টর্নেডোতে আহত ৮, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাতটি গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে টর্নেডো আঘাত হানে। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালার ক্ষতি হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে আটজন আহত হয়েছে।এলাকাবাসী জানায়, রাত একটার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া, দক্ষিণ বাউরিয়া, তাফালবাড়িয়া, আলগী তাফালবাড়িয়া, খোন্তাখালী, বিশকানি বাউরিয়া ও মুশুরিকাঠি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। চার থেকে পাঁচ মিনিট স্থায়ী এ টর্নেডোতে এসব এলাকার শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়।বাউরিয়া গ্রামের মোকছেদ মৃধা জানান, ঘরচাপা পড়ে তাঁর স্ত্রী জামেনা বিবি (৪৫), প্রতিবেশী মনির মৃধার স্ত্রী আকলিমা বেগম (২৪), ছেলে পারভেজ (৭) ও মুইম (৪) আহত হয়। গ্রামবাসী সূত্রে জানা গেছে, তাফালবাড়িয়া গ্রামে ঘরের নিচে চাপা পড়ে তানিয়া বেগম (২০) এবং নাসির উদ্দিন (২৮) আহত হন। বিশকানি বাউরিয়া গ্রামের মোজাম্মেল মৃধা (৪৮) ও স্বপন শীল (২৯) ঘরের নিচে চাপা পড়ে আহত হন।আমখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুল সরদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কর তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আমখোলা ইউপি চেয়ারম্যানকে সরেজমিনে পরিদর্শন করে জানাতে বলেছি।’