গলাচিপায় বিএনপির সমাবেশে আ.লীগের হামলা, সংবাদকর্মীসহ আহত ৩৭
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার রাঙ্গাবালী থানা বিএনপি আয়োজিত বিজয় দিবসের সমাবেশ পণ্ড হয়ে গেছে।আজ শুক্রবার সকালে ওই হামলায় বিএনপির ৩৬ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করছেন দলের নেতারা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় একজন সাংবাদিক যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন। তারা ওই সংবাদকর্মীর ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।রাঙ্গাবালী থানা বিএনপির সভাপতি মো. কবির হোসেন তালুকদার প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আজ শুক্রবার সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে রাঙ্গাবালীর বাহেরচর বন্দরের এসসিআই মাঠে রাঙ্গাবালী থানা বিএনপির নির্ধারিত সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আহসান কবির এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা এসসিআই মাঠের কাছে পৌঁছায়। ওই শোভাযাত্রা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী বিএনপির সমাবেশে লাঠিসোঁটা, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে ৩৬ জন নেতা-কর্মী আহত হন।’স্থানীয় দৈনিক পটুয়াখালী বার্তার রাঙ্গাবালী থানা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম জানান, বিএনপির সমাবেশে হামলার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি ঘটনাস্থলে গেলে রাঙ্গাবালী থানা ছাত্রলীগের সভাপতি মো. রেসাত, যুবলীগ নেতা মঞ্জুসহ সাত-আটজন নেতা-কর্মী তাঁকে মারধর করে হাত থেকে ক্যামেরা এবং পকেট থেকে মুঠোফোন নিয়ে যায়।এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আহসান কবির প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী হামলা করেনি। তবে থানা আওয়ামী লীগের বিজয় দিবসের শোভাযাত্রা থেকে কিছু লোকজন দৌড়ে বিএনপির সমাবেশের দিকে গেলে বিএনপির লেকজন ভয়ে সভাস্থল ত্যাগ করে। পরে আমরা আমাদের ওই কর্মীদের ডেকে নিয়ে আসি।’সংবাদকর্মী জাহাঙ্গীর আলমকে লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি আমার জানা নেই। আমি হয়তো তখন দূরে ছিলাম। ওই সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বিষয়টি মিটমাট করে দেব।’রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার সত্যতা স্বীকার করে মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আসলে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটে। এতে বিএনপির কিছু নেতা-কর্মী আহত হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়টি আমরা অধিকতর গুরুত্বের সঙ্গে দেখছি। তাঁর ক্যামেরা ও মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে।’