গলায় গামছা পেঁচানো বিএনপি নেতার লাশ
ঢাকার মোহাম্মদপুর থানাসংলগ্ন এলাকা থেকে গত বুধবার রাতে ‘অপহূত’ হন যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা সভাপতি নাজমুল ইসলাম (৪৫)। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় নাজমুলের লাশ।এ ঘটনার প্রতিবাদে কাল শনিবার যশোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। হরতালের প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে নাজমুলের হত্যার জন্য সরকারকে দায়ী করেন তিনি।‘ভাই, আমাকে ধরে নিয়ে যাচ্ছে’: বুধবার রাতে ঢাকার মিরপুরের একটি কমিউনিটি সেন্টার থেকে দাওয়াত খেয়ে নিজের প্রাইভেট কার চালিয়ে ধানমন্ডির ৩১ নম্বর সড়কের বাড়িতে ফিরছিলেন নাজমুল। ওই সময় তিনি মুঠোফোনে ঢাকায় অবস্থানরত যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি টি এস আইয়ুবের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। টি এস আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘১৭ ডিসেম্বর (শনিবার) বিএনপির উদ্যোগে যশোরে বিজয় শোভাযাত্রা কর্মসূচির ব্যাপারে নাজমুলের সঙ্গে কথা হচ্ছিল। হঠাৎ নাজমুল বলে ওঠেন, ‘‘ভাই, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি এখন মোহাম্মদপুর থানার সামনে...।’’ এ কথা বলতেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তৎক্ষণাৎ বিষয়টি দলীয় নেতা-কর্মী ও নাজমুলের স্বজনদের জানানো হয়।’রাতেই নাজমুলের স্ত্রী সাবিরা সুলতানাকে সঙ্গে নিয়ে টি এস আইয়ুব মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) ও র্যাব সদর দপ্তরেও যোগাযোগ করেন। এ ছাড়া বুধবার সারা রাত ঢাকার বিভিন্ন হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে নাজমুলকে খুঁজেছেন তাঁর পরিবারের সদস্য ও বিএনপির নেতারা।ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ: গাজীপুর পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকার সাকুরা এতিমখানার ফটকের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এ সময় লাশের পাশে পড়ে থাকা একটি মুঠোফোন চালু করে তাঁর পরিবারের কাছে ফোন করে খবর দেয় স্থানীয় এক বাসিন্দা। এ সময় নিশ্চিত হওয়া যায়, লাশটি নাজমুলের। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে নাজমুলের সম্বন্ধী মেহেদী হাসান গাজীপুর সদর হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নাজমুলের চোখে হলুদ রঙের মলম, গলায় আঘাতের চিহ্ন ও গামছার টুকরা পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতেই দুর্বৃত্তরা চোখে মলম লাগিয়ে থাকতে পারে।নাজমুল কৃষিপণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করতেন। ঢাকার বাংলামোটর এলাকার প্ল্যানার্স টাওয়ারে তাঁর এসকেওয়াই সেল লিমিটেড ও রিয়েল এন্টারপ্রাইজ নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।নাজমুলের তিন ছেলে। সবাই অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্র। ‘পুলিশের তৎপরতা ছিল না’: নাজমুলের সম্বন্ধী মেহেদী হাসান অভিযোগ করেন, নাজমুলকে অপহরণের বিষয়টি রাতে মোহাম্মদপুর থানায় জানানো হলেও পুলিশের কোনো তৎপরতা ছিল না। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মুঠোফোনে নাজমুলের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।মেহেদী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ঝিকরগাছা থেকে নাজমুলের প্রার্থী হওয়ার কথা ছিল। পূর্বপরিকল্পিতভাবে তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে। খুনিরা হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে তাঁর চোখে মলম লাগিয়েছে, যাতে মনে হয় এটি মলম পার্টির কাজ।’হাসপাতালে বিএনপির নেতারা: নাজমুলকে হত্যার খবর পেয়ে গতকাল সকাল থেকে গাজীপুর সদর হাসপাতালে উপস্থিত হন জেলা বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম বলেন, ‘সম্প্রতি দেশব্যাপী গুপ্তহত্যার শিকার হচ্ছেন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা। এটি বিএনপিকে ধ্বংস করতে প্রতিপক্ষের একটি গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের শিকার হয়েই নাজমুলকে প্রাণ দিতে হলো।’রাজনীতিই ‘কাল’ হলো: নাজমুলের বাড়ি ঝিকরগাছা পৌর এলাকার কীর্তিপুর গ্রামে। গতকাল দুপুরে নাজমুলের বাড়িতে গিয়ে দেখা যায়, নাজমুলের বড় ভাই নজরুল ইসলাম কান্নাকাটি করছেন। তিনি বলেন, ‘রাজনীতিই ওর কাল হলো। কতবার বললাম, “তুই সাবধান হ।”’ নজরুল বলেন, ‘গত ২৯ নভেম্বর নাজমুল শেষবারের মতো বাড়ি থেকে বের হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আজ (গতকাল) তাঁর বাড়ি ফেরার কথা ছিল।’সাবিরা সুলতানা গতকাল ধানমন্ডির বাসায় সাংবাদিকদের বলেন, র্যাব চাইলেই নাজমুলকে জীবিত উদ্ধার করতে পারত। নাজমুলকে উদ্ধারের জন্য র্যাব-২-এর কার্যালয়ে গেলে তারা র্যাব সদর দপ্তরে যোগাযোগ করতে বলে। এরপর র্যাব সদর দপ্তরে গেলে তাঁকে একটি বাক্সে অভিযোগ রেখে যেতে বলা হয়।যশোরে কাল হরতাল: নাজমুল হত্যার প্রতিবাদে গতকাল সকাল থেকে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা যশোর শহর ও ঝিকরগাছা বাজারে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে ঝিকরগাছা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কাল শনিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে গতকাল থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী, যশোরের বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা অর্ধনমিত রাখা হয়।আশুলিয়ায় অজ্ঞাতনামা লাশ: আমাদের নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, গতকাল নবীনগর-কালিয়াকৈর সড়ক থেকে আধা কিলোমিটার ভেতরে আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি গ্রাম থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল একটি নীল রঙের জিনসের প্যান্ট, ব্লেজার ও কালো রঙের শার্ট। বয়স আনুমানিক ২৪ বছর। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।সাভারের ব্যবসায়ী নিখোঁজ: এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন ঢাকার সাভারের কলমা এলাকার ব্যবসায়ী হাফিজুল ইসলাম (৩৫)। হাফিজের স্ত্রী নাছিমা বেগম বলেন, ‘গত ১৩ নভেম্বর দুপুরে হাফিজ বাসা থেকে বের হন। পরের দিন সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় তাঁর সঙ্গে কথা হয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি তাঁর স্বামীর হাত থেকে মুঠোফোন সেটটি নিয়ে বলেন, ‘‘র্যাব-১ থেকে আপনার স্বামীকে ধরে আনা হয়েছে। তাঁকে ছাড়িয়ে নিতে হলে ২০ লাখ টাকা লাগবে।’’ এর পর থেকে হাফিজ নিখোঁজ। তাঁর মুঠোফোনটিও বন্ধ।’এ ব্যাপারে ৩ ডিসেম্বর সাভার থানায় একটি জিডি করেন নাছিমা। কিন্তু গতকাল পর্যন্ত হাফিজের কোনো সন্ধান মেলেনি।নাছিমা জানান, ব্র্যাক ব্যাংকে তাঁর স্বামীর এক লাখ ৪০ হাজার টাকা ছিল। নিখোঁজ হওয়ার পর তাঁর ক্রেডিট কার্ড দিয়ে ওই টাকাও তুলে নিয়েছে দুর্বৃত্তরা।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, হাফিজকে ফোন করে সাভার এলাকার বাসা থেকে ডেকে নেওয়া হলেও অপহরণ করা হয় টঙ্গী থেকে। তাই সাভার থানায় জিডির সূত্র ধরে এখানকার পুলিশ কিছু করতে পারছে না। ঘটনা উদ্ঘাটনে অপহূতের স্ত্রীকে টঙ্গী থানায় মামলা করতে হবে।জানতে চাইলে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘হাফিজুল ইসলাম নামে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। র্যাবের নাম ভাঙিয়ে কোনো দুর্বৃত্ত চক্র তাকে অপহরণ করতে পারে।’বিবিসিকে সোহায়েল: র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল গত রাতে বিবিসিকে বলেন, ‘এটি অপরাধীদের একটি পুরোনো কৌশল। একজন অপরাধ করে অন্যের নামে চাপিয়ে দেওয়াটা নতুন কিছু নয়। একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে বোঝা যাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাউকে ধরে এনে মেরেই ফেলবে, তবে আবার তাকে পৌঁছে দেবে কেন? এর আগে আমরা আরও বহু ঘটনায় দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কারও নাম জুড়ে দিয়ে প্রকৃত অপরাধী দৃষ্টির বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে।’সোহায়েল বলেন, ‘র্যাবের পক্ষ থেকে অনেক পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই পরিবারগুলো এ ধরনের কথা বলছে না। পরে কেউ কেউ তাদের এ ধরনের কথা বলার জন্য শিখিয়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশে বর্তমানে সার্বিক একটা ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে, তা দুর্বল করতে হয়তো একটি মহল অপতৎপরতা চালাচ্ছে।’