গলায় গামছা পেঁচানো স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরে গত শুক্রবার গভীর রাতে বাসা থেকে একজন স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর গলায় গামছা পেঁচানো ছিল। ওই শিক্ষিকার নাম আকলিমা আক্তার রুবি (২৮)। দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। হত্যাকারীরা তাঁর পূর্বপরিচিত হতে পারে।জানা গেছে, আকলিমা মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষিকা ছিলেন। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকের ৩ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন। বাড়ির মালিক মিজানুর রহমানের পাশের কক্ষে সাবলেট থাকতেন আকলিমা।বাড়ির মালিক মিজানুর রহমান বলেন, তিন মাস আগে আকলিমা তাঁর পাশের কক্ষটি ভাড়া নেন। স্কুল থেকে ফেরার পর সারাক্ষণ কক্ষেই থাকতেন। বাইরে তেমন যেতেন না। মাঝেমধ্যে এক যুবক আকলিমার কাছে আসতেন। ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি তাঁর খালাতো ভাই বলে জানান। গতকাল সন্ধ্যার পর যুবকটি আকলিমার কক্ষে আসেন। এ সময় বাসার অন্যরা টিভিতে শাহরুখ খানের কনসার্ট দেখছিলেন।মিজান বলেন, কিছুক্ষণ পর বাইরে থেকে দরজা লাগানোর শব্দ পাওয়া যায়। এ সময় আরেক নারী রিমি বেগম দেখতে পান, যুবকটি বাইরে থেকে আকলিমার কক্ষের দরজা লাগিয়ে দৌড়ে নিচে নামছে। একপর্যায়ে যুবকটি নিচতলার কলাপসিবল গেটে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। টিভির উচ্চ শব্দে আকলিমার কক্ষে কী হচ্ছিল, তাঁরা কেউ বুঝতে পারেননি। পরে বিষয়টি পল্লবী থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গতকাল দুপুরে গিয়ে আকলিমার কক্ষ তালাবদ্ধ দেখা যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, আকলিমার বাসায় যাতায়াত করা ওই যুবকের নাম জিল্লুর ভূঁইয়া। একতরফা প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে সে একাই স্কুলশিক্ষিকাকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের আগে আকলিমার সঙ্গে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে স্কুলশিক্ষিকার বাবা সাইদুর রহমান বাদী হয়ে জিল্লুর ভূঁইয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন। আকলিমার বাবা সাইদুর রহমান মুদি দোকানি। তিনি সপরিবারে আশুলিয়ার কাঠগড়ায় থাকেন। খবর পেয়ে শুক্রবার রাতেই তিনি ঢাকায় আসেন। গতকাল পল্লবী থানায় তিনি প্রথম আলোকে বলেন, জিল্লুর বেকার। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদুইরে। তাঁদের বাড়ি বাদুইরের পাশের গ্রামে। এলাকার ছেলে হিসেবে জিল্লুর তাঁর মেয়ের বাসায় যাতায়াত করতেন।সাইদুর বলেন, জিল্লুর বয়সে আকলিমার চেয়ে পাঁচ-ছয় বছরের ছোট। যাতায়াতের একপর্যায়ে সে আকলিমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আকলিমা সায় দেয়নি। এ নিয়ে জিল্লুর বিরক্ত করতে থাকলে আকলিমা বিষয়টি তাঁদের জানান। প্রায় দুই মাস আগে বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী নাহিদ ইসলামের সঙ্গে আকলিমার বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়নি।সাইদুর বলেন, আকলিমা গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন। গত জানুয়ারিতে মিরপুর ১১ নম্বরের বাঙলা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা হিসেবে যোগ দেন। ঘটনার দিন আকলিমার কক্ষ থেকে ২৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট হয়েছে।স্বজনেরা জানান, গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে আকলিমার লাশ আশুলিয়ার নেওয়া হয়। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে আকলিমা বড়। মেয়েকে হারিয়ে মা পাগলপ্রায়।মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমিতির সদস্য সালাউদ্দিন বলেন, মেধাবী শিক্ষিকা হিসেবে আকলিমার সুনাম রয়েছে। তাঁর মেয়ে অঙ্কে দুর্বল ছিল। তাঁর কাছে পড়ার পর গতবার সে খুব ভালো ফল করেছে।