গলায় জুতার মালা মুখে চুন-কালি অতঃপর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী মারা যাওয়ার পর দেবরকে বিয়ে করেছিলেন শেফালী রানী। দীর্ঘদিন বিষয়টি গোপন ছিল। কিন্তু জানাজানি হওয়ার পর গত শুক্রবার বিকেলে শেফালীর গলায় জুতার মালা ও মুখে চুন-কালি মাখিয়ে ঘোরানো হয় গ্রামের রাস্তায়। গতকাল শনিবার সকালে ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। শেফালীর ভাইয়ের অভিযোগ, অপমান সইতে না পেরে তাঁর বোন বিষপানে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তিনি শেফালীর স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছেন।পুলিশ শেফালীর শ্বশুরকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার হাসানেরপাড়া গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসানেরপাড়া গ্রামের বিনোদ চন্দ্র বর্মণের ছেলে কুশল চন্দ্র বর্মণের সঙ্গে পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের শেফালী রানীর (২৭) বিয়ে হয় ১৩ বছর আগে। বিয়ের তিন বছর পর তাঁদের একটি ছেলে হয়। এরপর শেফালীর স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর বিধবা শেফালী ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে যান। একপর্যায়ে দেবর মৃণাল চন্দ্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শেফালী। ২০০৫ সালে তাঁরা গোপনে বিয়ে করেন। কিন্তু গত বৃহস্পতিবার তাঁদের বিয়ের বিষয়টি জানাজানি হয়ে যায়। ওই দিনই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়, শেফালী নষ্ট হয়ে গেছেন। তাঁকে আর বাড়িতে রাখা যাবে না। তিনি ধর্মবিরোধী কাজ করেছেন। তাঁর মুখে চুন-কালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরাতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী, শেফালীর মুখে চুন-কালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গত শুক্রবার বিকেলে গ্রামের রাস্তায় ঘোরানো হয়। এরপর বাড়িতে এনে তাঁকে মারধরও করা হয়। শেফালী ঘটনাটি রাতে স্বামী মৃণালকে জানালে তিনিও স্ত্রীকে গালমন্দ করেন। এরপর গতকাল সকালে নিজের ঘরেই শেফালীকে মৃত অবস্থায় পাওয়া যায়।এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গতকাল সকালে পুলিশ শেফালীর মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ শেফালীর বাবার বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করা হয়।শেফালীর বড় ভাই বিপুল চন্দ্র বর্মণ জানান, মুখে চুন-কালি ও গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন তাঁর বোন। তিনি বলেন, ‘আমার বোন কোনো অন্যায় করেনি। ধর্মে এ ধরনের বিয়েতে কোনো বিধিনিষেধ নেই। আমরা দোষী ব্যক্তিদের শাস্তি চাই।’এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাব হোসেন প্রথম আলোকে বলেন, শেফালীর স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছেন তাঁর ভাই বিপুল চন্দ্র। শ্বশুর বিনোদ চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। স্বামী মৃণাল পলাতক।