গলায় জ্যান্ত কই মাছ, শিশুর মৃত্যু
গলায় জ্যান্ত কই মাছ আটকে শামীম মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের মেকুল মিয়ার ছেলে। আজ বুধবার বেলা ১১টার দিকে শামীমের লাশ দাফন করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শামীমের বাবা মেকুল মিয়া তাঁর বাড়ির পাশের নালায় বড়শি দিয়ে মাছ ধরে পানিভর্তি একটি পাত্রে রাখছিলেন। এ সময় মেকুলের পাশে বসা শামীম তার বাবার অজান্তে ওই পাত্র থেকে পানি পান করতে থাকে। এর একপর্যায়ে একটি জ্যান্ত কই মাছ শামীমের গলায় ঢুকে পড়ে। প্রথমে তাকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শামীমকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা সাতটার দিকে পথেই তার মৃত্যু হয়। শামীমের বাবা মেকুল মিয়া বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। নিজের ছেলের এমন করুণ মৃত্যু সারা জীবনেও ভুলতে পারব না।’ তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘কই মাছ শামীমের গলায় ঢোকার পর মাছটির কাঁটার আঘাতে তার গলায় রক্তক্ষরণ হয়। এ ছাড়া মাছটি গলায় আটকে থাকার কারণে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় শামীমের মৃত্যু হয়।’