‘এ রাস্তায় গেলে চলাচলে সময় বাঁচে।’ বলছিলেন বংশাল পুকুরপাড়ের ব্যবসায়ী শেখ আবদুল হাসেম। বংশাল পুকুরপাড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (নর্থসাউথ রোড) যাওয়ার ছোট্ট একটি গলি সম্পর্কে তাঁর এ মন্তব্য। সরু এ গলিপথটি দিয়ে সহজেই হাজি আবদুুল্লাহ সরকার লেন থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে যাওয়া যায়। গলিটি দিয়ে প্রতিদিন চলাচল করে অগণিত মানুষ। কিন্তু প্রায়ই চলাচলে অযোগ্য হয়ে পড়ে এটি। ম্যানহোল আর নর্দমার পানি উপচে এ গলিটি তলিয়ে যায়। তখন ইট-পাথর কিংবা ডাবের খোলায় পা রেখে চলাচল করে এলাকাবাসী।হাজি আবদুল্লাহ সরকার লেনের এক প্রান্তে বেসরকারি বিদ্যালয়। এ পথেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে মালিটোলা, সুরিটোলাসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা। মালিটোলার শিক্ষার্থী সুরভী জানায়, এ গলিপথটি রয়েছে বলে হেঁটেই স্কুলে আসতে পারি। না হলে নয়াবাজার দিয়ে ঘুরে স্কুলে আসতে গেলে রিকশা নিতে হয়। গলিটি থাকায় সময় ও অর্থ বাঁচছে। অন্যদিকে মাঈনউদ্দিন রোডের শরফুদ্দিন খান বলেন, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি থেকে নয়াবাজারে বাজার করতে এলে হ্যাপা টের পাওয়া যায়। প্রচণ্ড ভিড় আর যানবাহনের ঠেলায় প্রাণ ওষ্ঠাগত। এ জন্য পুকুরপাড়ের গলিপথেই বাজারে যাই। এ পথটুকু শান্তিতে যাওয়া যায়।’স্কুলের একাধিক শিক্ষার্থী জানায়, স্কুলে আসার পথে প্রায়ই গলির মুখে এসে ফিরে যেতে হয়। ময়লা পানিতে তলিয়ে থাকে এটি। তখন নয়াবাজার দিয়ে ঘুরে স্কুলে যেতে ক্লাস শুরু হয়ে যায়।সরেজমিনে দেখা গেছে, গলির ভেতর রয়েছে একটি গরুর খামার। সেখান থেকে গরুর গোবর, পচা ঘাস আর শুকনো খড়ের টুকরো ফেলা হয় নর্দমায়। ফলে এর পয়োবর্জ্যে বন্ধ হয়ে যায়।গলিটি পয়োবর্জ্যমুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) মডস অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, যদি গরুর খামারের উচ্ছিষ্ট নর্দমায় ফেলায় পয়োবর্জ্য চলাচলে বাধা পায়, তবে ওয়াসার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।