গলে যাচ্ছে সুমেরুর সব বরফ! (ভিডিও)
গত তিন দশকের মধ্যে এ বছরই উত্তর মেরু বা সুমেরুতে সর্বোচ্চ বরফ গলার হার রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, উত্তর মেরু বা সুমেরু অঞ্চলের সাগরের বরফ এ বছর তাঁদের ধারণার চেয়েও দ্রুত গলছে।নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক জো কোমিসো জানিয়েছেন, গত কয়েক দশকের উষ্ণ বছরগুলোর তুলনায় এ বছর সুমেরুতে বরফ গলে যাওয়ার হার সর্বোচ্চ। ২০০৭ সালের মতো এ বছর সুমেরুর গ্রীষ্মকালে অস্বাভাবিক কোনো তাপমাত্রা ছিল না। তার পরও বরফের পুরুত্ব কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে সুমেরুর বরফ একসময় শেষ হয়ে যাবে।১৯৭৯ সালে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত উত্তর মেরুর বরফ গলার হার এ বছর সব রেকর্ড ছাড়িয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।নাসার গবেষকেরা জানিয়েছেন, বরফ গলে যাওয়ার বিষয়টি বিরাট কোনো পরিবর্তনের অংশ হতে পারে। সেপ্টেম্বর মাসে সাধারণত সুমেরুর বরফ গলার হার থাকে সর্বোচ্চ। তাই এ বছর সুমেরুর বরফ আরও গলতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা।গবেষকেরা জানিয়েছেন, সুমেরুর বরফ সর্বনিম্ন ১.৫৮ বর্গমাইল সীমায় পৌঁছেছে। এর আগে ২০০৭ সালে ১৮ সেপ্টেম্বর সুমেরুর বরফের সর্বনিম্ন সীমা ছিল ১.৬১ বর্গমাইল।তাঁরা আরও জানিয়েছেন, শীতকালে সুমেরুর সমুদ্রে বরফের স্তর বেড়ে যায় এবং তাপমাত্রা বাড়তে থাকলে আবার বরফ গলতে শুরু করে। কিন্তু সর্বশেষ তিন দশক ধরে গ্রীষ্মের সময় ১৩ শতাংশ বেশি হারে বরফ গলছে। বরফের পুরুত্বও কমে যাচ্ছে।জো কোমিসোর পর্যবেক্ষণকে সমর্থন করে ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের গবেষক ওয়াল্ট মেয়ার বলেছেন, ‘গত কয়েক বছরের তথ্য ও কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সুমেরুর বরফ গলার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দৃষ্টিগোচর হয়েছে।’কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার ওয়াদহেমাস জানিয়েছেন, এবারের গ্রীষ্মকালে সুমেরুর বরফের পরিমাণ ১৯৮০ সালের মতো ৩০ শতাংশে এসে ঠেকেছে। ২০১৫ থেকে ২০১৬ সালনাগাদ বরফ গলার হার আরও বাড়বে, যা পরবর্তী সময়ে সুমেরু অঞ্চলের সাগরের বরফ পুরো গলে যাওয়ার ইঙ্গিত দেয়।এদিকে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণাপত্রে জানানো হয়েছে, সুমেরুর ৫ থেকে ৩০ শতাংশ বরফ গলার পেছনে ‘আটলান্টিক মাল্টি-ডেকাডাল অসিলেশন’ নামের একটি পরিবেশ চক্র দায়ী। এ চক্রটি প্রতি ৬৫-৮০ বছর পর পর প্রাকৃতিক চক্রে ফিরে আসে। চক্রটির এখন উষ্ণ পর্যায় চলছে। এটি ছাড়াও মানুষের কারণে সৃষ্ট দূষণ ও ক্রমাগত বনাঞ্চল ধ্বংসের ফলেই বরফ গলছে।গবেষকেরা জানিয়েছেন, সুমেরুর বরফ গলে গেলে একদিকে যেমন বিপদ নেমে আসবে, অন্যদিকে নতুন সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। সুমেরুর বরফ গলার সুবিধা নিয়ে সমুদ্রগামী জাহাজ সহজেই এ অংশ দিয়ে চলাচল করতে পারবে। এ ছাড়া তেল ও গ্যাস অনুসন্ধানকারীদের জন্য নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে। তবে প্রকৃতিবিদরা সতর্ক করে বলেছেন, সুমেরুর বরফ গললে তা এ অঞ্চলের প্রাণীদের জন্য হুমকিই তৈরি করবে। এ ছাড়া বরফের নিচে জমা থাকা মিথেন নির্গত হয়ে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি যুক্তরাজ্যের জলবায়ুতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তা ছাড়া সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া ও পানির লবণাক্ততা কমে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়েরও আশঙ্কা করছেন গবেষকেরা।