সেই যেমন কবিগুরু বলেছিলেন, ‘নবীন ফাল্গুন দিন, সকল বন্ধন হীন...’ ঠিক তেমন করেই ঘরের বাঁধন ছিঁড়ে বেরিয়ে পড়েছিলেন গতকাল মহানগরের নানা বয়সী নর-নারী, ফাগুনের নবীন দিনের আনন্দে মেতে উঠতে। চারুকলার বকুলতলায় ভোর থেকে নৃত্যগীতে মনমাতানো উত্সব। সকাল ১০টা বাজার পর ‘যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও যাও...’ গানটি দিয়ে শেষ হয়েছিল সকালের পর্ব। এরপর তাঁরা বকুলতলা থেকে ছড়িয়ে পড়েন নানা দিকে। বাংলা একাডেমীর গ্রন্থমেলারও ফটক খুলেছিল খানিক পরই। বাসন্তী রং শাড়ি, করবীতে গাঁদার মালা জড়ানো সঙ্গিনীদের নিয়ে নকশা আঁকা পাঞ্জাবি গায়ে তরুণেরা বাংলা একাডেমীর মাঠে এসে রাঙিয়ে তুলেছিলেন মেলা।তারপর সারা দিন গল্পসল্প আর প্রজাপতির চঞ্চলতা নিয়ে ঘুরে বেড়ানো। রমনা থেকে শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকাতেই গাছতলার ছায়ায় ছায়ায় মানুষের কলগুঞ্জন, আর শাখায় শাখায় পাতার আড়ালে লুকিয়ে থাকা কোকিলের কুহু-কুহু-কু-উ-উ ডাকে ঋতুরাজের বর্ণাঢ্য অভিষেক।বই না পড়লে মন বিকশিত হয় না: ‘টেলিভিশন এখন আমাদের জীবনের অনেকটা সময় নিয়ে ফেলেছে। তবু মনের যে অতৃপ্তি, বই না পড়লে তা মেটে না; বিশেষত মন বিকশিত হয় না। ফেব্রুয়ারির বইমেলা মানুষের মনে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলে। বই কিনতে দর্শনার্থীরা মেলায় আসেন; বেড়ানোর উদ্দেশ্যও হয়তো থাকে। কিন্তু বই দেখা-কেনা-খোঁজ নেওয়া—এসবের মধ্য দিয়ে পাঠাভ্যাসের প্রেরণা সৃষ্টি হয়।’ গতকাল মেলা প্রাঙ্গণে কথাগুলো বলছিলেন কথাশিল্পী ঝর্ণা দাশ পুরকায়স্থ। মেলায় এবার তাঁর পাঁচটি বই আসছে। ইত্যাদি থেকে শ্রেষ্ঠগল্প ও শিশুকিশোর গল্পসমগ্র-২ এসে গেছে। আগামী থেকে আসছে স্মৃতিকথা মেঘজ্যোত্স্নায় মুক্তিযুদ্ধ। এ ছাড়া চয়ন থেকে আসছে গল্প হিরণ্ময়বৃষ্টি এবং একত্রে তিনটি উপন্যাস বরফের যুঁই।এক দিনের ক্রিকেটের মতো: মেলায় লোকসমাগম তো প্রচুর, কিন্তু বসন্ত দিনে যেমন প্রত্যাশা করেছিলেন তেমন বিক্রি হয়নি বলে মন্তব্য প্রকাশকদের। সময় প্রকাশনীর ফরিদ আহমেদ বললেন, ‘মেলার চরিত্র দিন দিন যেন এক দিনের ক্রিকেটের মতো হয়ে উঠছে। অর্থাত্ প্রতি শুক্রবার লোকসমাগম বাড়ছে এবং সেদিনই ভালো বিক্রি হচ্ছে। অন্যদিন লোক আসছে কম, বিক্রি আরও কম। প্রথম ফাল্গুন এবং ছুটির দিন মিলিয়ে যেমন আশা ছিল, ততটা বিক্রি হয়নি। তবে লোক প্রচুর। বেড়ানোর আগ্রহই ছিল তাদের বেশি।’ ইতিবাচক প্রভাব: বাংলা একাডেমীর পরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার বললেন, কয়েক বছর থেকে নগরজীবনে বসন্ত উত্সব নতুন সংযোজিত হয়েছে। মেলাতেও বসন্ত উত্সবের একটি ইতিবাচক প্রভাব আছে। দলবেঁধে নানা বয়সের নগরবাসী বেড়াতে আসে মেলায়; বিশেষ করে নতুন প্রজন্ম প্রিয়জনকে বই উপহার দেয়। এতে সাধারণ দিনের চেয়ে বিক্রি বাড়ে।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে গতকাল ৩০টিরও বেশি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর কয়েকটি হলো শব্দশিল্প থেকে প্রকাশিত সরকার আমিনের কাব্য আমার স্নেহের কবিতাগুলো, ইভানা ফেরদৌসীর উপন্যাস সুনীল প্রতীক্ষা, ইশতিয়াক হাসানের প্রবন্ধ গৌণকথা ইত্যাদি।নতুন বই: নতুন ১২৭টি বই জমা পড়েছে তথ্যকেন্দ্রে। উল্লেখযোগ্য একটি বই কবির অন্তরমহল: তিরিশের কবিদের পত্রাবলি প্রকাশিত হয়েছে পাঠক সমাবেশ থেকে। সম্পাদনা করেছেন আবুল আহসান চৌধুরী। এতে ১১ জন অন্যতম প্রধান কবির ১১৩টি চিঠি সংকলিত হয়েছে। চিঠিতে যেমন আছে সাহিত্যের প্রসঙ্গ, তেমনি আছে তাঁদের ব্যক্তিজীবন, একান্ত ভাবনা-উপলব্ধি এবং সেই সময়ের নানা প্রসঙ্গ। সেদিক থেকে এর একটি বিশেষ ঐতিহাসিক মূল্যও আছে।আরও একটি উল্লেখযোগ্য বই অঙ্কুর প্রকাশনী থেকে মোহাম্মদ সেলিমের বঙ্গবন্ধু ও তাঁর পরিবার: কাছ থেকে দেখা। অনাথ বালক মোহাম্মদ সেলিম ১৯৬৭ সালে গৃহকর্মীর কাজে যুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে। ছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই রক্তাক্ত দিন পর্যন্ত। বঙ্গবন্ধুকে যেভাবে তিনি দেখেছেন, তা-ই উঠে এসেছে এ বইয়ে। সম্পাদনা করেছেন আরিফ হাসান। বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য আছে এতে। এ ছাড়া দুই দিন আগে প্রকাশিত অন্যপ্রকাশের স্টলে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হুমায়ূন আহমেদের উপন্যাস মাতাল হাওয়া কিনতে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল ক্রেতাদের। নতুন আরও বইয়ের মধ্যে আছে সাহিত্য বিলাস থেকে রাহাত খানের উপন্যাস ভালোমন্দ মানুষ এবং ছায়াজীবন; ঝিঙেফুল থেকে শরীফ খানের মুক্তিযুদ্ধের গল্প তীর ধনুকের স্বাধীনতা; অনন্যা থেকে হাসান হাফিজের রম্যরচনা পানিতে দুধ মেশানোর প্রকল্প; বিভাস থেকে অসীম সাহার নির্বাচিত কবিতা; অন্যপ্রকাশ থেকে নাসরিন জাহানের উপন্যাস সেই সাপ জ্যান্ত; ন্যাশনাল পাবলিকেশন থেকে জিল্লুল কামালের উপন্যাস একা; দিব্যপ্রকাশ থেকে এসেছে আহসান হাবীব, শামসুর রাহমান ও রফিক আজাদের ভিন্ন তিনটি প্রেমের কবিতা। এ ছাড়া সংবেদ থেকে জাফর আহমদ রাশেদের কবিতা দোনোমনো ইত্যাদি।সংবর্ধনা: মূল মঞ্চে সরদার ফজলুল করিম ও আবদুল গাফ্ফার চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে একাডেমী। কবীর চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন মুস্তাফা নূরউল ইসলাম, আবদুল্লাহ আবু সায়ীদ ও মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক শামসুজ্জামান খান। এরপর ছিল একুশের কথাসাহিত্য নিয়ে আলোচনা এবং বসন্ত দিনে মেলার দর্শকদের নৃত্যগীতে আনন্দ দেওয়ার আয়োজন।