গল্প লিখে লাখ টাকার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরত্ব হবে বড়জোর ২০-২৫ গজ। সেই পথটুকু পার হতেই সময় লেগে গেল ২০ মিনিটের ওপরে। ঢাকার রাজপথের বিখ্যাত যানজটের কথা ভাবলে ভুল হবে। দূরত্বটি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের প্রবেশদ্বার থেকে মঞ্চ অবধি। বিকেল চারটা পাঁচ মিনিটে তিনি দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই আটকে গেলেন। হালকা-পাতলা গড়ন, মাথায় কাঁচাপাকা চুল, গোঁফও তা-ই। চেনা চেনা মনে হচ্ছে? যাদের চেনার তারা ঠিকই চিনে ফেলেছিল তাঁকে। এবং কালবিলম্ব না করে অটোগ্রাফের খাতা আর সেলফোনের ক্যামেরা তাক করে আগলেছিল পথ।গতকাল শনিবার জননন্দিত লেখক মুহম্মদ জাফর ইকবাল পড়েছিলেন এই অটোগ্রাফশিকারিদের কবলে, যারা নিজেরাও গল্প লিখে সেখানে এসেছিল পুরস্কার নিতে। আর জাফর ইকবাল গিয়েছিলেন ওদের সঙ্গে কিছু কথাবার্তা বলে পুরস্কার তুলে দিতে। ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা-২০১০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল জাদুঘর মিলনায়তনে।অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন অনেক উপদেশ-অনুরোধ করে খুদে লেখকদের নিবৃত্ত করার চেষ্টা করছিলেন প্রিয় লেখককে মঞ্চে আসার আগেই সই দিতে দিতে ক্লান্ত করে না তুলতে। কিন্তু অতটা সহজেই কি তা হয়। প্রিয় মুখ তো কেবল একা তিনি নন। আরও ছিলেন নন্দিত অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, সাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, হিমালয়জয়ী মুসা ইব্রাহীম—তাঁদের সইটিও যে চাই অটোগ্রাফের খাতায়। অতএব চারটার অনুষ্ঠান শুরু হতে সাড়ে চারটা পার হয়ে গেল। অনুষ্ঠানে গল্প লিখে লাখ টাকার বইয়ের শ্রেষ্ঠ পুরস্কারটি পায় ঢাকার জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুলের পঞ্চম শ্রেণীর নাঈমা ইয়াসমিন।প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান খুদে লেখক ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের স্বাগত জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের মধ্যে থেকে সৃজনশীল লেখক তৈরির জন্য ঐতিহ্য প্রথম আলোর সহযোগিতায় ২০০৫ সাল থেকে সারা দেশের স্কুলের শিক্ষার্থীদের জন্য এই গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করছে। এবার হলো ষষ্ঠ প্রতিযোগিতা। মোট নয় হাজার ৭৭৬টি গল্প জমা পড়েছিল। চূড়ান্ত নির্বাচনে মনোনীত করা হয়েছে ১৭৬টি। এই লেখকদেরই আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনটি করে পুরস্কার। ২০ হাজার টাকার বই, ক্রেস্ট ও সনদ। এ ছাড়া সেরা গল্পের জন্য এক লাখ টাকার বই, ক্রেস্ট ও সনদ। তবে অনুষ্ঠানে আসা কাউকেই খালি হাতে যেতে হবে না। সবার জন্যই পুরস্কার হিসেবে থাকবে বই ও সনদ।পুরস্কার তো ছিলই, সেই সঙ্গে ছিল প্রিয় লেখকদের মজার মজার কথা আর জনপ্রিয় শিল্পীদের গাওয়া সুন্দর সুন্দর গান। ফলে বৃষ্টিভেজা বিকেলটি ভরে উঠেছিল আনন্দ-উচ্ছ্বাসে।বিচারকমণ্ডলীর সভাপতি শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী বলেন পুরস্কারের জন্য গল্প বাছাই করার অভিজ্ঞতার কথা। এরপর সবাইকে পুরস্কার ও সনদ দেওয়ার পালা। ‘ক’ বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, ‘খ’ বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং ‘গ’ বিভাগের প্রতিযোগীরা ছিল নবম ও দশম শ্রেণীর। সবার হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তাদের অনুপ্রেরণা দিয়ে ‘আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে’ দুই লাইন গেয়ে শোনালেন নুসরাত ইমরোজ তিশা। আনিসুল হক নতুন দিনের লেখকদের অনুপ্রেরণা দিয়ে বলেন, ‘আমাদের দেশের ১৬ কোটি মানুষ, দেশটি যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? কিন্তু আমাদের বিশ্বাস, বাংলাদেশটা ব্যর্থ হবে না। সে জন্যই আমরা সারা দেশে ঘুরে ঘুরে বেড়াই। মাদককে “না” বলতে বলি, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ—এমন অনেক ধরনের কাজ করি। আমরা চাই ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে।’ তিনি প্রাণচঞ্চল নবীন লেখকদের জিজ্ঞাসা করেন, ‘এই দেশটাকে গড়ে তুলবে কারা?’মিলনায়তন কাঁপিয়ে জবাব এল, ‘আমরা, আমরা’। ‘কথাবার্তা হলো, এবার একটু গান শোনা যাক’—সঞ্চালকের এমন ঘোষণার অপেক্ষাতেই যেন ছিল প্রতিযোগীরা। এর আগে তারা বারবার করতালি দিচ্ছিল বাবা-মা, স্কুলের শিক্ষক যাঁরা তাদের অনুপ্রাণিত করেছেন, সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের জন্য। এবার করতালি গানের জন্য। শিল্পী সামিনা চৌধুরী ওদের লেখার চর্চা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে গেয়ে শোনালেন, ‘আমার মাঝে নেই এখন আমি’। একপর্যায়ে এস আই টুটুল এসে সুর মেলালেন তাঁর সঙ্গে। গানের পর সেই টানটান উত্তেজনার পর্ব। সেরাদের পুরস্কার বিতরণীর পালা। প্রথমেই তৃতীয় পুরস্কার ‘ক’ বিভাগে। ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর সামিয়া সাবা। একছুটে হাজির মঞ্চে। চেক-ক্রেস্ট হাতে নিয়ে নেমেই যাচ্ছিল সে। দাঁড়াতে হলো সঞ্চালক সুমনা শারমীনের কথায়। ‘লাগছে কেমন?’ হাতে তারহীন মাইক্রোফোন। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে সাবা বলছিল, ‘আমি ভাবতেও পারিনি এটা পাব। মনে হচ্ছে আমি আর এখানে নেই।’সঞ্চালক: ‘ঠিক যেন ওই গানের মতো, তাই না।’সাবা: ‘ঠিক তা-ই।’এই বিভাগে দ্বিতীয় পুরস্কার পায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কে এম নাহিদ শাহরিয়ার এবং প্রথম পুরস্কার পায় যশোর সেনানিবাসের দাউদ পাবলিক স্কুলের প্রাচেতসী রাজন্যা।অনুষ্ঠান চলছিল একটু আলোচনা, মাঝেমধ্যে গান, তার ফাঁকে পুরস্কার তুলে দেওয়া—এভাবে। একপর্যায়ে আলোচনা করতে এলেন জাফর ইকবাল। ‘যারা লেখক হবে, তাদের অনেক দায়িত্ব নিতে হয়। অন্য মানুষের পক্ষ থেকে প্রয়োজনীয় কথাটি বলতে হয়। সে জন্য নিজেকে ভালো মানুষ, খাঁটি মানুষ হতে হবে। চিন্তা করতে হবে। কল্পনা করতে হবে। পড়তে হবে অনেক। এক লাইন লিখতে হলে অন্তত এক শ লাইন পড়তে হবে। তোমরা এই দেশটাকে বদলে দেবে—এটা দেখার জন্যই আমি অপেক্ষা করে আছি।’ এরপর মুসা ইব্রাহীম এসে আত্মপ্রত্যয়ী হওয়ার কথা বললেন পুরস্কার পাওয়া লেখকদের। আবার পুরস্কার বিতরণের পালা। ‘খ’ বিভাগে প্রথম হয় আনন্দ নিকেতন সিলেটের অর্ঘ্য রায়, দ্বিতীয় সাভারের তাহফিজুল কুরআনিল করিম মাদ্রাসার ওমর ফারুক এবং তৃতীয় ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুলের নুসরাত জেরিন। ‘তুমি অভয় অরণ্য আমি সবুজ’ ও ‘ওই সাগরের জল’ গান দুটি শোনালেন এস আই টুটুল। ‘বই পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে। আমার গ্রামে একটি পাঠাগার আছে। গ্রন্থাগারিকের কাছে শুনলাম, কেউ সেখানে পড়তে যায় না।’ দুঃখ করে বলছিলেন আসাদুজ্জামান নূর। তিনি খুদে লেখকদের বলেন, ‘আমরা শুদ্ধ করে মাতৃভাষাটা উচ্চারণ পর্যন্ত করি না। ১৬ কোটি মানুষের দেশে সবচেয়ে জনপ্রিয় লেখকের কোনো একটি বই তো অন্তত এক কোটি বিক্রি হওয়া উচিত। কিন্তু তা হয় না। তোমরা পড়বে। ক্লাসের পড়ার বাইরের বই না পড়লে জগৎ ও সমাজ সম্পর্কে কিছুই জানতে পারবে না। মনটা বড় হবে না। ভালো মানুষ হতে হলে পড়ার বিকল্প নেই।’ কথাবার্তা বলে চলেই যাচ্ছিলেন। কিন্তু সঞ্চালকের অনুরোধে আবৃত্তি করলেন নূরলদীনের সারা জীবন থেকে শোনালেন ‘নীলক্ষা আকাশ নীল...জাগো বাহে কোনঠে সবাই’। পিনপতন স্তব্ধতার ভেতর অনুরণিত তাঁর সেই হাঁক শ্রোতাদের মর্মমূল স্পর্শ করে গিয়েছিল। তারা তুমুল করতালিতে অভিনন্দিত করল তাঁকে।আবার পুরস্কার বিতরণের পালা। ‘গ’ বিভাগে প্রথম হয় বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের জুবায়ের বিন শাফি, দ্বিতীয় হয় চট্টগ্রামের সন্দ্বীপ পাবলিক উচ্চবিদ্যালয়ের কাজী মেহের আফরোজ এবং তৃতীয় হয় ঢাকার মণিপুর উচ্চবিদ্যালয়ের আফরোজা আক্তার।সবার শেষে শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা। ‘হিংসার পরিণাম’ নামের গল্প লিখে লাখ টাকার বইয়ের পুরস্কারটি জিতে নিয়েছে ঢাকার জুনিয়র ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণীর নাঈমা ইয়াসমিন। শেষে ধন্যবাদ জানানোর পালা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান লেখক, তাদের অভিভাবক, শিক্ষক—সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই আয়োজন করে আমাদের লাভ হলো—১৭৬ জন লেখককে আমরা পেলাম। প্রথম আলোর দরজা তাদের জন্য সব সময় খোলা থাকবে। ভবিষ্যৎ জীবনে তোমরা যে যেখানেই যাও, প্রথম আলো তোমাদের পাশে পেতে চায়। পাশাপাশি তোমরা ইভ টিজিং, মাদক, এসিড-সন্ত্রাসের মতো ঘটনাকে ঘৃণা করবে, প্রতিরোধ করবে—এটাই আমাদের আশা।’পুরস্কারের পালা শেষ। কিন্তু তার পরও যেন শেষ হচ্ছিল না আয়োজন। এই নির্বাচিত লেখকদের গল্পগুলো নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। সেটির মোড়ক উন্মোচন করলেন অতিথিরা। সেই বইটিও দেওয়া হলো তাদের। আর সবাই মিলে একসঙ্গে ছবি তোলার ব্যাপারটি যে থাকবেই, তা তো নিশ্চিত। এসব করতে করতে কখন যেন নেমে এসেছিল সন্ধ্যা।