গল্পটা এক মেঘবালিকার
‘মেঘবালিকা, ও মেঘবালিকা, কত স্বপ্নকথা ছিল তোমার সাথে...’ শিল্পী মাহমুদুজ্জামান বাবুর জনপ্রিয় এ গানের তালে তালে নূপুরের রিনিকঝিনিক ছন্দময় সুর তুলছেন এক শ্বেতশুভ্র বালিকা। দর্শকেরা নজরকাড়া নৃত্যে মুগ্ধ হয়ে নিজের অজান্তেই করতালিতে মুখর করে তুলছেন পুরো মিলনায়তন। এ রকম দৃশ্য সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ইদানীং বেশ চোখে পড়ে। আর এ দৃশ্যের পটভূমিতে রয়েছেন নৃত্যশিল্পী নীলাঞ্জনা দাশ। তবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি সবার প্রিয় ‘যুঁইদি’।যুঁই জানান, ছোটবেলা থেকেই বড় একজন নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ছিল। সে লক্ষ্যেই ১৯৮৪ সালে ছোট্ট বয়সেই ভর্তি হয়েছিলেন শিশু একাডেমীতে। সেই অল্প বয়সেই নৃত্যে অর্জন করেন একাধিক জাতীয় পুরস্কার। একটু বড় হওয়ার পর যাওয়া শুরু করেন সিলেট শিল্পকলা একাডেমীতে। এরপর তালিম নেন নৃত্যগুরু হরিদাস, বিপ্লব কর, জিনাত বরকতউল্লাহ ও সাজু আহমেদের কাছে। পাশাপাশি ঢাকা ও সিলেটে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে নিজেকে পুরোপুরিভাবে গড়ে তোলেন। একসময় দেখতে দেখতে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তিনি হয়ে ওঠেন সবার মধ্যমণি আর সিলেটের নৃত্যাঙ্গনের প্রিয় মুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীতে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ২০০৬ সালে গড়ে তোলেন নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান ‘নৃত্যশৈলী’। ব্যক্তিগত জীবনে বিবাহিত যুঁইয়ের চিকিৎসক স্বামী যতীন ভৌমিকের নিরন্তর উৎসাহ এবং নিজের মেধা ও যোগ্যতায় ইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে সিলেটের অন্যতম প্রধান নৃত্যশিক্ষা-প্রতিষ্ঠানে তৈরি করেছেন। যেখানে বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী নৃত্য প্রশিক্ষণ নিচ্ছে।নীলাঞ্জনা দাশ যুঁই প্রথম আলোকে বলেন, ‘নৃত্যকে একটি পেশাগত জায়গায় নিয়ে যেতে হলে আরও পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। সিলেটে নৃত্যশিল্পীদের রিহার্সেলের কোনো জায়গা নেই। বিষয়টি বিবেচনায় এনে একটি মিলনায়তন তৈরি করা সরকারের উচিত। তাহলে নৃত্যশিল্পে সিলেট আরও সমৃদ্ধ হবে।’