সেলিম আল দীনের লেখা গ্রন্থিকগণ কহে নাটকটি বিটিভিতে প্রচারিত হয় গত শতকের আশির দশকের শেষ দিকে। এবার নতুন করে টিভির জন্য আবার তৈরি হচ্ছে ধারাবাহিকটি; বর্ধিত কলেবরে, নতুন নির্দেশনায়। আর এ কাজটি এখন করছেন বদরুল আনাম সৌদ। আজ থেকে চ্যানেল নাইনে শুরু হচ্ছে ধারাবাহিকটি। বিটিভির নাটকটিতে সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন ‘চম্পা’ চরিত্রে। এবার তাঁর চরিত্রটি ‘নিশি’। কথা হলো সুবর্ণা মুস্তাফার সঙ্গে।বিটিভির ‘গ্রন্থিকগণ কহে’ নাটকে আপনি অভিনয় করেছিলেন। এবারও করছেন। এই দুটি নাটক নিয়ে বলুন।বিটিভিতে তো তখন ১০ পর্ব প্রচারিত হয়েছিল। বিটিভির নাটকটিতে বেশির ভাগ কাজই হয়েছিল ইনডোরে, সেট তৈরি করে। একসঙ্গে তিনটি ক্যামেরা ব্যবহার করা হতো। খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়া হয়নি। আর অনেক চরিত্র কিংবা দৃশ্য ওই নাটকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সেলিম আল দীন তো প্রতিটি দৃশ্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। এবার পরিচালনা করতে গিয়ে সৌদ এই দিকটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর ধরে ধরে প্রতিটি দৃশ্য যথাযথভাবে তুলে ধরেছেন। নাটকের প্রয়োজনে অতিরিক্ত কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে, তবে তা মোটেই গল্প থেকে বিচ্যুত হয়ে নয়। কারণ, এবার নাটকটির ৫২ পর্ব প্রচারিত হবে।এবার যাঁরা অভিনয় করছেন, তাঁদের কাজ কেমন মনে হচ্ছে?খুবই ভালো। একসঙ্গে অনেক ভালো শিল্পী এই নাটকে কাজ করছেন। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর আলাদা করে রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, সাজু খাদেম, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, সমাপ্তির কাজের কথা বলব। সবাই নিজেদের সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করেছেন। এই কাজটির ব্যাপারে সেলিম আল দীনের পরিবারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে?অবশ্যই। সেলিম আল দীনের স্ত্রী পারুল ভাবির (মেহেরুন্নেছা) সঙ্গে কথা বলেছি। এই কাজের ব্যাপারে তাঁর আগ্রহ, সহযোগিতা, ভালোবাসা, স্নেহ আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে কথা বলেছি। তিনিও আমাদের উৎসাহ দিয়েছেন।আপনারা সেলিম আল দীনের ‘গ্রন্থিকগণ কহে’ নাটকটি নিয়েই কেন আবার ধারাবাহিক তৈরির জন্য আগ্রহী হলেন?চ্যানেল নাইনের ধারাবাহিকের জন্য আমরা একটা মৌলিক গল্প খুঁজছিলাম। পরে গ্রন্থিকগণ কহের কথা মনে হলো। বাংলা সাহিত্যে এটি একটি অসাধারণ সংযোজন। যাত্রা, যাত্রাশিল্পী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনের গল্প আর তাঁদের জীবনসংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এই নাটকে। যাত্রার আদি ঢং নষ্ট হয়ে যাচ্ছে, যুক্ত হচ্ছে অশ্লীলতা, বড় আকর্ষণ হয়েছে ‘প্রিন্সেস’—আছে সেসব প্রসঙ্গও। আমরা মনে করি, গল্পটি এখনো সমসাময়িক।