গল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধ চলতি বছরে পূর্ণতা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দুটি সুউচ্চ স্তম্ভের মাঝে লাল সূর্য। সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত সাতটি দণ্ড, তা বুকে আঁকড়ে আছে অবিচল। সামনে প্রশস্ত কয়েক ধাপ মসৃণ সিঁড়ি। খুলনার গল্লামারীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মাণাধীন স্মৃতিসৌধের কাজ এখন শেষ পর্যায়ে। তবে চলতি বছরেও দৃষ্টিনন্দন এ স্থাপত্যশৈলী পূর্ণতা পাচ্ছে না। নকশা অনুযায়ী নির্মাণকাজ নিয়েও উঠেছে আপত্তি। মূল ডিজাইন অনুযায়ী পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ নির্মাণ ও এর সামনের সিঁড়ি ভেঙে তা আরও প্রশস্ত ও মানানসই করার দাবি জানিয়েছেন সিটি মেয়র ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।খুলনা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্মৃতিবহুল গল্লামারীর এ স্থানে স্বাধীনতা সৌধ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় ২০০৯ সালের শুরুর দিকে। তবে প্রস্তাবিত দুই কোটি টাকা ব্যয়ে স্মৃতিসৌধের মূল কাঠামো নির্মাণকাজের দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর চাহিদার তুলনায় কম টার্ন ওভার, অভিজ্ঞতা সনদ বা লিকুইড এসেটের উল্লেখ না থাকায় তা বাতিল করা হয়। এর মধ্যে এলজিইডি সদর দপ্তরের নির্দেশে প্রাক্কলনের স্থায়ীত্ব বিবেচনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে পরামর্শ নেওয়া হয়। জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় পরিষদের বৈঠকে ২০০৯ সালের মে মাসে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয়। স্থানীয় আজাদ ইলোরা জয়েন্ট ভেঞ্চার প্রায় দুই কোটি সাড়ে ১৬ লাখ টাকায় সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। মন্ত্রণালয় থেকে অতিরিক্ত টাকা অনুমোদনের পর গত বছরের নভেম্বর থেকে স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু হয়।খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, স্বাধীনতা স্মৃতিসৌধটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সিঁড়িগুলো অপেক্ষাকৃত খাড়া এবং ধাপগুলো খুবই ছোট করে নির্মাণ করা হয়েছে। এ সিঁড়ি দিয়ে বয়স্ক মানুষ বা পঙ্গু মুক্তিযোদ্ধাদের পক্ষে স্মৃতিসৌধে উঠে শ্রদ্ধা জানানো সম্ভব হবে না। এ ছাড়া মূল ডিজাইন অনুযায়ী পানির ফোয়ারা, বাগান, বাউন্ডারি ও আনুষঙ্গিক কাজও অসম্পূর্ণ থেকে যাবে।নাগরিক নেতা মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম প্রথম আলোকে জানান, যুদ্ধকালে খুলনার এ স্থানে অসংখ্য মুক্তিকামী মানুষকে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা হত্যা করেছে। সেসব শহীদকে স্মরণে ১৯৯০ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুরোনো পাকিস্তান বেতারের সামনে শহীদ মুন্নুর পিতা মাহাতাব প্রথম স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৯৫ সালে তৎকালীন জেলা প্রশাসক রিয়াজুল হক ও এসপি আওলাদ হোসেনের উদ্যোগে তা সরিয়ে গল্লামারীতে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মিত হয়। এরপর আপামর জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে স্থায়ীভাবে স্মৃতিসৌধ নির্মাণের জন্য এলজিইডি দপ্তর থেকে ডিজাইন প্রাক্কলন প্রস্তুত করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয় ২০০৭ সালে। দীর্ঘ আন্দোলনের ফসল এ স্মৃতিসৌধের সামনের সিঁড়ি খাড়া ও ধাপগুলো ছোট হয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠতে সব বয়সের মানুষের কষ্ট হবে। ভিড়ের চাপে দুর্ঘটনাও ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই সিঁড়ি প্রশস্ত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ নির্মাণের জন্য অর্থবরাদ্দ জরুরি।জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী এম এম এ বকর জানান, স্মৃতিসৌধের সিঁড়ি প্রশস্ত করার চেষ্টা চলছে। প্রশস্ত সিঁড়ি নির্মাণের বিষয়টি প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য জেলা পরিষদ উন্নয়ন কমিটির বৈঠকে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে দুই কোটি ১৬ লাখ টাকায় স্মৃতিসৌধের মূল কাঠামো নির্মিত হচ্ছে। এ ছাড়া মূল ডিজাইন অনুযায়ী পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ নির্মাণের জন্য কমপ্লেক্স, অ্যাপ্রোচ রোড, গাড়ি পার্কিং ও সীমানাপ্রাচীর নির্মাণে আরও দুই থেকে আড়াই কোটি টাকা লাগবে। এ ব্যাপারেও চেষ্টা চলছে। নির্মিতব্য এ স্থাপত্যকর্মের নকশা প্রণয়ন করেছেন আর্কিটেক্ট আমিনুল ইসলাম।