গহিন বনের ইটভাটাগুলো আবারও চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গহিন বনের সেই ছয়টি ইটভাটায় আবারও ইট তৈরির কাজ শুরু হয়েছে। এসব ভাটায় পাহাড়কাটা মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট, পোড়ানো হচ্ছে বনের কাঠ। ফলে হুমকির মুখে পড়েছে বনজ সম্পদ ও পরিবেশ।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়ায় মো. মনজুর আলমের এমএফজি ব্রিকস ও চিংথোয়াই পাড়ায় মৌলানা মো. দিদারের ডিএবি ব্রিকস, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিছামারা এলাকায় মো. জহিরের জেডআরসি, ঘুমধুমের আমতলী এলাকায় আলী আহম্মদের ইটভাটা এবং বাইশারী ইউনিয়নের দুর্গম কাগজী খোলা এলাকায় মো. পিয়ারু ও মো. আবুল বশরের একটি করে মোট ছয়টি ভাটা রয়েছে। ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সীমানার মধ্যে কোনো ইটভাটা হতে পারে না। আইন ভঙ্গ করে কোনো ইটভাটা গড়ে তোলা হলে এবং ভাটায় কাঠ পোড়ানো হলে ওই ভাটা বাতিল বা বন্ধ করে দেওয়ার বিধান রয়েছে। অথচ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন গত বছর কেবল জরিমানা আদায় করেই দায়িত্ব শেষ করে। এরপর ভাটাগুলোতে পুরোদমে বনের কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। এ বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, মারোগ্যা পাড়ায় মো. মনজুর আলমের ইটভাটায় এ মৌসুমেও পাহাড়কাটা মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে। ঝুঁকি নিয়ে টিনের চিমনি ব্যবহার করে পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ। অর্ধশতাধিক শ্রমিক ইট তৈরি ও পোড়ানোর কাজ করছেন।শ্রমিকদের কয়েকজন জানান, ইট পোড়াতে প্রতিদিন ৪০০-৫০০ মণ কাঠ দরকার হয়। এ কাঠ পাওয়া যায় পাশের আফাররেজু ও অন্য বন থেকে। বড় গাছ না থাকায় কয়েকজন ব্যবসায়ী চারাগাছ কেটে লাকড়ির উপযোগী করে ভাটায় সরবরাহ করেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রামু উপজেলার খুনিয়াপালংয়ের বাসিন্দা ভাটার মালিক মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘অনুমতিপত্রের (লাইসেন্স) বিষয়টি প্রক্রিয়াধীন। প্রশাসনকে রাজি করিয়ে ভাটার কার্যক্রম চালানো হচ্ছে।’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার রাজারকুল রেঞ্জ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মনজুর আলমের ভাটাটি করা হয়েছে সংরক্ষিত বনের একেবারেই পাশে। তবে ওই ইটভাটায় কাঠ নেওয়া ঠেকাতে আফাররেজু বনের মাঝখানের রাস্তাটি কেটে দেওয়া হয়েছে। চিংথোয়াই পাড়ায় ছোট-বড় পাঁচটি পাহাড়ের অংশবিশেষ কেটে সমান করে প্রায় চার একর ভূমিতে একটি ইটভাটা গড়ে তুলেছেন মৌলানা মো. দিদার। এখানেও পাহাড়কাটা মাটি দিয়ে এবং বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। শ্রমিকেরা জানান, গত নভেম্বর থেকে ভাটার কার্যক্রম শুরু করা হয়েছে। ওই ভাটার মালিক মৌলানা দিদার একজন ঠিকাদারও। তিনি বলেন, তাঁর ভাটার অনুমতিপত্রের বিষয়টি প্রক্রিয়াধীন। নাইক্ষ্যংছড়ি-তুমব্রু সড়কের উন্নয়নকাজ পরিচালনার জন্য জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইট তৈরির কাজ চলছে। বনের ভেতরের অপর চারটি ভাটায়ও বনের কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ভাটামালিকেরা এ মৌসুমেও নির্বিঘ্নে ইটভাটার কার্যক্রম শুরু করেছেন। তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম সোহেল ভাটামালিকদের সঙ্গে যোগসাজশের বিষয়টি নাকচ করে দেন। তিনি প্রথম আলোকে জানান, চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ করতে নোটিশ দেওয়া হয়েছে, বাকি ভাটাগুলোকেও নোটিশ দেওয়া হবে। কার্যক্রম বন্ধ করা না হলে ওই সব ভাটায় অভিযান চালানো হবে।চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, নতুন নীতিমালা অনুযায়ী পার্বত্য এলাকায় ইটভাটা হতেই পারে না। ওই সব ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও বরাবর চিঠি পাঠানো হয়েছে।বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই সব ভাটা বন্ধ করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।