গা ঢাকা দিয়েছেন অজ্ঞ বিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক এ ওহাব খানকে চাকরিচ্যুত করেছে। গতকাল সোমবার সকাল পৌনে ১০টায় কলেজের অধ্যক্ষ মো. আবু শামীম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ওহাব খানকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতির চিঠি তাঁর স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।’গতকাল প্রথম আলোতে ‘অজ্ঞ থেকে বিশেষজ্ঞ!’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর এ ওহাব খান গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর অবস্থান সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে। মো. আবু শামীম বলেন, ‘দুই দিন ধরে তাঁকে মুঠোফোনে ধরার চেষ্টা করছি, পাচ্ছি না।’ তবে তাঁকে খুঁজে না পাওয়ার বিষয়ে পুলিশকে তাঁরা কিছু জানাননি।ওহাব খানের কোনো ছবি তাদের কাছে নেই বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওহাব খানের ব্যক্তিগত নথিতেও তাঁর ছবি পাওয়া যায়নি বলে দাবি কর্তৃপক্ষের। ‘সহযোগী অধ্যাপক’ ওহাব খান কবে এই হাসপাতালে যোগ দিয়েছেন, সেই দিনক্ষণও নেই তাদের কাছে। অন্যদিকে গতকাল সকালে হাসপাতালের গুলশান শাখায় যোগাযোগ করা হলে বলা হয়, ওহাব খান তিন দিনের ছুটি নিয়েছেন। তাঁর অবস্থান সম্পর্কে তাঁরা কিছু জানেন না। সন্ধ্যায় ফোন করলে বলা হয়, ওহাব খান রোববার গ্রামের বাড়ি পাবনা গেছেন।গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে ওহাব খানের স্ত্রী বলেন, তিনি রাজশাহী গেছেন। কেন গেছেন, তা তিনি জানেন না। আজ মঙ্গলবার ফেরার কথা। ওহাব খানকে মুঠোফোনে পাওয়া না যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বন্ধ রাখতে বলেছি।’এ ওহাব খান অন্য একজন চিকিৎসকের এমবিবিএস সনদ নিয়ে চিকিৎসা করে আসছেন দীর্ঘদিন। তিনি সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে চাকরি করতেন। নামের সঙ্গে আরও বেশ কিছু ভুয়া ডিগ্রি ব্যবহার করে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।