গাঁজাসহ কুয়েতগামী যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব পদ্ধতিতে গাঁজা নিয়ে কুয়েত যাওয়ার সময় আজ শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম হাবিবুর রহমান (৩০)। বাড়ি ঢাকার দোহারের বাসাতলী গ্রামে। হাবিবুরের কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাজ্জের হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল নয়টা ৪০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে করে কুয়েত যাওয়ার কথা ছিল হাবিবুর রহমানের। সকাল পৌনে নয়টার দিকে কাস্টমসে হাবিবুরের ব্যাগ স্ক্যান করার পর তল্লাশি করেন এপিবিএনের সদস্যরা। এ সময় হাবিবুরের ব্যাগে একটি গামছা ও কার্বন কাগজে জড়ানো সাড়ে সাত কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। আটক হাবিবুর রহমানকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।