গাঁজায় অণ্ডকোষে ক্যানসারের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণেরা বিনোদন হিসেবে গাঁজা সেবন করলে অণ্ডকোষে ক্যানসারের ঝুঁকি বাড়ে। সে ক্ষেত্রে যেসব পুরুষ কখনো গাঁজায় দম দেননি, তাঁদের চেয়ে গাঁজাসেবী তরুণদের ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ। সম্প্রতি এক গবেষণার ফলাফল উল্লেখ করে এই দাবি করেছেন একদল মার্কিন গবেষক। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ ক্যানসার সাময়িকীতে প্রকাশিত হয় বলে আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।গবেষকেরা জানান, বিনোদন হিসেবে গাঁজায় দম দেওয়া তরুণেরা অণ্ডকোষে এক ধরনের টিউমারে আক্রান্ত হন। ননসেমিনোমা বলে পরিচিত এই টিউমারটি ক্যানসারেরই একটি ধরন।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন। মূল গবেষক ভিক্টোরিয়া করটেসিস বলেন, ‘এ বিষয়ে পরিচালিত এটি তৃতীয় গবেষণা। প্রতিবারই দেখা গেছে, তরুণ বয়সে গাঁজা সেবন করা পুরুষদের অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে।’ তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার সময় এসেছে। গত এক শতকে অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে আশঙ্কাজনক হারে।গবেষকেরা অবশ্য অণ্ডকোষের ক্যানসারের জন্য গাঁজাকে একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করছেন না। আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, সাধারণত প্রতি ২৭০ জন পুরুষের মধ্যে একজন পুরুষ অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। চিকিত্সাশাস্ত্রের উন্নতির কারণে এই অণ্ডকোষের ক্যানসারে মৃত্যুর হার প্রতি পাঁচ হাজারে একজন।ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকেরা অবশ্য স্বীকার করেছেন, অণ্ডকোষের ক্যানসারে পুরুষেরা মূলত কিসের কুপ্রভাবে আক্রান্ত হচ্ছেন, তা অবশ্য এখনো পুরোপুরি জানা যায়নি। তাঁরা অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত ১৬৩ জন তরুণ এবং প্রায় ৩০০ জন সুস্থ ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখেছেন, ক্যানসার আক্রান্ত তরুণদের মধ্যে ৮১ শতাংশ কোনো না-কোনো সময় গাঁজা সেবন করেছেন। ওই ৩০০ জন সুস্থ ব্যক্তির মধ্যে অবশ্য ৭০ শতাংশ গাঁজাসেবী বলে পাওয়া গেছে। গবেষকেরা অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে কোকেন সেবনেও অণ্ডকোষের ক্যানসারের ঝুঁকি থাকার বিষয়টি খুঁজে পেয়েছেন বলে দাবি করেন।