গাংচিলে স্বনামে ফারজানা
মোহন খানের পরিচালনায় নীড় খোঁজে গাংচিল নামের প্রতিদিনের ধারাবাহিকে স্বনামে অভিনয় করলেন ফারজানা ছবি। ফেব্রুয়ারি মাস থেকে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের জেলেপাড়ায় এ নাটকের শুটিং শুরু হয়েছে।এ প্রসঙ্গে ফারজানা ছবি জানিয়েছেন, ‘ধারাবাহিকটিতে আমি নিজের নামেই অভিনয় করেছি। মেয়েটি বিদেশে পড়াশোনা করে। উপকূলীয় জনপদের জীবনযাত্রা বিষয়ে পিএইচডি করছে সে।’ছবি আরও বলেন, ‘কক্সবাজারে এর আগে অনেক নাটকের শুটিং করলেও এ রকম জায়গায় প্রথম শুটিং করেছি। এখানে এসে উপকূলীয় জেলেদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখেছি। জেলেরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে জীবনযাপন করে। তারা প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত। এ ধরনের জীবনঘনিষ্ঠ একটি চরিত্রে কাজ করতে পেরে ভালই লেগেছে।’মোহন খানের নীড় খোঁজে গাংচিল ধারাবাহিকটি ছাড়াও ফারজানা ছবি সুমন আনোয়ারের সবুজ গ্রামের নীল ডিশ অ্যান্টেনা, অরণ্য আনোয়ারের আজ কিছু হতে চলেছে,সাদেক সিদ্দিকীর পরিচালনায় তিন ভুবন, আজহারুল আলমের ভদ্দরনোকসহ আরও বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছেন।এ ছাড়া কিছুদিন আগে বিপ্লব হায়দারের পরিচালনায় জ্যোত্স্না রাতের গল্প নামের একটি চলচ্চিত্রের কাজ করছেন ছবি। জানালেন, আর একটি গানের দৃশ্যের চিত্রায়ণ হলেই চলচ্চিত্রটির পুরো কাজ শেষ হবে।