গাংনী থেকে দুটি তাজা বোমা ও চিরকুট উদ্ধার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ শুক্রবার মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে একটি বাড়ি থেকে দুটি তাজা বোমা এবং চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি-সংবলিত একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে। র্যাব ও পুলিশ ওই গ্রামের সৌদিপ্রবাসী হজরত আলীর বাড়ির উঠান থেকে এই বোমা ও চিরকুট উদ্ধার করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীরা বেশ কিছুদিন আগে থেকে মোবাইল ফোনে প্রবাসী হজরত আলীর মায়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ভয় দেখানোর জন্য এই বোমাসহ চিরকুট ফেলে রাখে। পরে বাড়ির লোকজন উঠানে দুটি বোমা আর ওই চিঠি দেখতে পেয়ে র্যাব-পুলিশে খবর দিলে তারা তা উদ্ধার করে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উদ্ধার করা বোমা দুটি তাজা এবং শক্তিশালী।