গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতিরোধে আ.লীগ বিভক্ত
মেহেরপুরের গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি নিয়ে গাংনী আওয়ামী লীগ এখন দুভাগে বিভক্ত। এক পক্ষ সুবিধা পাওয়ায় দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছে, অন্য পক্ষ দুর্নীতি বন্ধে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে গত তিন মাসে আওয়ামী লীগের দুই পক্ষে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী ও দলীয় নেতা সূত্রে জানা যায়, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সাংসদ মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম ও গাংনী পৌর মেয়র আহম্মদ আলী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির পক্ষে। অন্য দিকে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল খালেক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান এই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর দুই পক্ষের মধ্যে বিভক্তি, দ্বন্দ্ব ও সংঘর্ষের কারণ হলেন গাংনী পৌর বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার আশরাফুল ইসলাম।গত ১ অক্টোবর এবং ২৬ নভেম্বর খালেক গ্রুপ দুর্নীতি প্রতিরোধে গাংনী সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও কর্মসূচি দিলে মকবুল গ্রুপ বাধা দেয়। এ নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নামে। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা যায়, ১ নভেম্বর গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুর্নীতির অভিযোগে আশরাফুল ও তার পিতা আব্দুর রশিদের ভেন্ডারি লাইসেন্স বাতিলের জন্য নিবন্ধন মহা-পরিদর্শকের (আইজিআর) কাছে অভিযোগ পাঠান। অভিযোগে বলা হয়, উপজেলার যেকোনো স্থানে জমি কেনাবেচার দলিল রেজিস্ট্রি করতে হলে বিএনপির আশরাফুলকে সরকারের বেঁধে দেওয়া শতকরা ১০ ভাগের স্থলে ১৬ ভাগ (অর্থাত্ ছয় ভাগ বেশি) অর্থ দিতে হয়। না দিলে ভূমি রেজিস্ট্রির কাজ হয় না। একটি সিন্ডিকেট প্রায় ১০ বছর ধরে এভাবেই মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ চক্রের কাছে সাব-রেজিস্ট্রি অফিস ও গাংনীবাসী জিম্মি। এই দুর্নীতির মাধ্যমে মুদি ব্যবসায়ী আশরাফুল এখন কোটিপতি। এরই পরিপ্রেক্ষিতে গত ২৬ নভেম্বর নিবন্ধন পরিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল হক গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি তদন্তে যান। তদন্তকারী দলের কাছে গাংনীর প্রায় ২০০ জন ভুক্তভোগী সাক্ষ্য দেন। ভুক্তভোগী গাংনী শহরের হাজী মহসিন, শিশিরপাড়া গ্রামের আবদুল ওহাব, গোপালনগর গ্রামের মুজিবুর রহমান, ষোলটাকা গ্রামের বজলুল রশিদ ও নওদাপাড়া গ্রামের রুহুল হোসেন প্রমুখ জানান, সাব-রেজিস্ট্রারের ইন্ধনে জমি রেজিস্ট্রির সময় আশরাফুল চক্রকে শতকরা ছয়-সাত ভাগ বেশি অর্থ না দিলে দলিল লেখা ও রেজিস্ট্রি হয় না।গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, ‘দুর্নীতির কারণে আশরাফুলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। জোট সরকারের সময়ও তাঁর দুর্নীতির বিরুদ্ধে বিএনপির একাংশ মিছিল, মিটিংসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল। জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় সাব-রেজিস্ট্রি অফিসের এই দুর্নীতি বন্ধে জোরালো আলোচনা হয়। কিন্তু বিএনপির তত্কালীন স্থানীয় সাংসদ আবদুল গণি মাসোহারা নেওয়ায় দুর্নীতি বন্ধ করা যায়নি।’বামুন্দী ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল, ধানখোলা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও মটমুড়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, বর্তমানে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির পেছনে আওয়ামী লীগের ওই নেতারাই দায়ী। তত্ত্বাবধায়ক সরকার আমলে সেনাবাহিনী ও র্যাব আশরাফুলকে গ্রেপ্তারে একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালায়। তখন তাঁর আত্মীয় এক সেনা কর্মকর্তার সুবাদে তিনি রক্ষা পান।দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকারী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানান, সাবেক সাংসদ মকবুল হোসেনকে ৬০ হাজার এবং গাংনী উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম ও পৌর মেয়র আহম্মদ আলীকে প্রতি মাসে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এই দুর্নীতি চলছে। এ ছাড়া দলের আরও কয়েকজন নেতাসহ কিছু সন্ত্রাসীকে এই দুর্নীতির ভাগ দিতে হয়। এ ব্যাপারে সাবেক সাংসদ মকবুল হোসেনকে প্রশ্ন করলে তিনি কোনো কিছু না বলেই ফোনের সংযোগ কেটে দেন। মেয়র আহম্মদ আলী বলেন, ‘আমি নই, দলের যে নেতারা আমার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছে, তারাই ঘুষ খায়।’ গাংনী উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ‘রাজনীতি আমার পেশা না যে ঘুষ খেতে হবে। এখনো ওকালতি করে খাই। তবে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি বহু দিনের। দলের অনেক নেতাকে ঘুষ দিয়ে এই দুর্নীতি চলছে। তবে তাঁদের নাম প্রকাশ করা আমার জন্য ঝুঁকিপূর্ণ।’ এ ব্যাপারে সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার আশরাফুল বলেন, ‘কোনো নেতাকে ঘুষ দিই না। দলের মকবুল গ্রুপের মিছিল-মিটিংয়ের সময় দুই পয়সা চাইলে দিই। সরকারি নিয়ম রক্ষা করে জমি রেজিস্ট্রি হয়। কোনো দুর্নীতি হয় না। আমি গাংনী শহর যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক। মকবুল গ্রুপ করার কারণে খালেক গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মোস্তফা জামান বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি বন্ধ না হলে এ নিয়ে খুনোখুনি হবে।’তদন্তকারী কর্মকর্তা নিবন্ধন পরিদর্শক রিয়াজুল হক বলেন, ‘তদন্তে অভিযোগের পক্ষে বক্তব্য পাওয়া গেছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।’গাংনী সাব-রেজিস্ট্রার আব্দুস সাত্তার বলেন, ‘অফিসের বাইরে কে কত ঘুষ নেয়, তা জানা নেই। তবে সরকার নির্ধারিত ফিসের টাকা নিয়েই দলিল রেজিস্ট্রি করি। অফিসের বাইরে সিন্ডিকেট করে কেউ দুর্নীতি করলে করতেই পারে।’