গাংনীতে অস্ত্রসহ ইউপি সদস্য আটক
চাঁদাবাজির অভিযোগে আজ বুধবার সকালে মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করা হয়েছে। তাঁর নাম মাজহারুল ইসলাম ওরফে মাজাহার। তিনি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানিয়েছেন, ইটভাটা মালিকেরা মাজাহারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। এ অভিযোগের ভিত্তিতে র্যাব তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে শাটারগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার দাবি, জনপ্রতিনিধির আড়ালে মাজাহার নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় চারটি হত্যা ও দুটি বোমা বিস্ফোরণ মামলা আছে। গাংনীতে মাজাহার বাহিনী নামে তাঁর একটি নিজস্ব বাহিনীও আছে। জনগণকে ভয়ভীতি দেখিয়ে তিনি ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হন। এলাকার কেউ ভয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষী দিতে কিংবা কিছু বলতে পারে না।