গাংনীতে চারটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম থেকে পুলিশ আজ বুধবার ভোররাতে চারটি বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আজ ভোর রাত চারটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর গ্রামের আকমল হোসেনের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এ সময় পুলিশ বাড়ির গোসলখানার ওপরের ছাদ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় থাকা চারটি বোমা উদ্ধার করে। বড় জর্দার কৌটায় লাল টেপ দিয়ে বোমাগুলো মোড়ানো ছিল। তবে এলাকাবাসী ও বাড়ির মালিক আকমল হোসেনের দাবি, ১১ জানুয়ারি এক মামলায় আকমল জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তাঁকে ফাঁসাতেই প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। গাংনী থানার ওসি বলেন, গ্রামবাসী ও আকমলের অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।