গাংনীতে ডাকাতির পর বোমা নিক্ষেপ, অস্ত্র উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এক বাড়িতে ডাকাতির পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে ওই বাড়ির পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশের বাড়ি থেকে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও বোমা উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল রাত চারটার দিকে গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের কাদের ফারাজীর বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় তারা। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতেরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণে গ্রামের আবদুল আজিজ (৫৬), রাজীব হাসান (২৯), রহিদা খাতুন (৪৫), জোহুরা খাতুন (৪৩) ও সারোয়ার হোসেন (৩৯) আহত হন। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কাদের ফারাজীর পরিবারের সদস্যদের দাবি, ডাকাতেরা নগদ দেড় লাখ টাকা এবং ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নওদা মটমুড়া গ্রামের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাজহারুল ইসলামের বাড়ির পেছন থেকে ডাকাতদের রেখে যাওয়া একটি আধুনিক শাটারগান ও দুটি বোমা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।