গাংনীতে বিএনপি নেতার হাত-পায়ের রগ কর্তন
জমি নিয়ে বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়নের জোড়পুকুর গ্রামে তথাকথিত সন্ত্রাসীরা এক বিএনপি নেতার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। গতকাল বুধবার রাতে সন্ত্রাসীরা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মাস্টারের (৬২) বাড়িতে ঢুকে এ কাণ্ড ঘটায়। গুরুতর আহত অবস্থায় রিয়াজ উদ্দিনকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নততর চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়।গাংনী পুলিশ ও আহত বিএনপি নেতার পরিবার জানায়, এক বছর আগে গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত বিস্কুট নামের এক ব্যক্তি রিয়াজ উদ্দিন মাস্টারের পাঁচ বিঘার একটি জমি জোর করে দখল করে তাতে চাষাবাদ শুরু করেন। এ নিয়ে বিস্কুটসহ জোড়পুকুর গ্রামের ছয়জন বাসিন্দার বিরুদ্ধে আদালতে মামলা করায় সন্ত্রাসীরা গতকাল রাতে তাঁর বাড়িতে ঢুকে তাঁর বাঁ-হাত ও দুই পায়ের রগ কুপিয়ে কেটে দিয়ে চলে যায়। বিএনপির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, আহত রিয়াজ উদ্দিন বিএনপির ষোলটাকা ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আওয়ামী লীগের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, অভিযুক্ত বিস্কুটের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। তিনি আওয়ামী লীগের সমর্থকও নন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, আহত বিএনপির নেতার পক্ষ থেকে থানায় কোনো মামলা না হওয়ায় পুলিশ অপরাধীদের আটক করতে পারেনি।