গাংনীতে বিএনপির গাড়িবহরে হামলা, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুষ্টিয়ার জনসভায় যোগ দিতে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরে আজ শনিবার বেলা ১২টার দিকে হামলা হয়েছে। হামলাকারীরা অর্ধশত গাড়ির বহরের সাতটি গাড়ি ভাঙচুর করে এবং ১২টি গাড়ি আটকে রাখে। হামলায় ১০ জন আহত হয়েছে।মেহেরপুর-২ (গাংনী) বিএনপির সাংসদ আমজাদ হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গাংনী উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালায়। তিনি ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলীকে দায়ী করেছেন।তবে এ অভিযোগের ব্যাপারে মকবুল হোসেন ও আহাম্মদ আলীর তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।